ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানি বিমান প্রতিহত করতে সানা বিমানবন্দরে হামলা চালাল ইয়েমেন সরকার


ইরানি বিমান প্রতিহত করতে সানা বিমানবন্দরে হামলা চালাল ইয়েমেন সরকার

ইয়েমেনে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার সানা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। সরকারের দাবি, ইরান থেকে আসা একটি বিমানও যেন সেখানে অবতরণ করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হুথি বিদ্রোহীদের প্রতিক্রিয়ায় সৌদি আরবের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘটনার পর পুরো অঞ্চলে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে অবৈধভাবে ইরানি বিমান অবতরণের চেষ্টা করছিল। এর আগে তারা সরকারের নিজস্ব বিমানকে অবতরণে বাধা দিয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে সরকার বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে হামলা চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেসামরিক লোকজন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এলাকা ত্যাগের নির্দেশ দেয়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

যদিও পরবর্তীতে হুথি দাবি করেছে, তাদের প্রতিনিধিদল ও চিকিৎসাধীন নাগরিকদের বহনকারী ইরানি বিমানটি সফলভাবে হোদেইদাহ বন্দরে অবতরণ করেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে একে আন্তর্জাতিক আইন ও ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

অন্যদিকে, হুথির সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। এর পরপরই হুথি সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়। সৌদি নেতৃত্বাধীন জোটও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার কথা জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে এসিল্যান্ড অফিসে রহস্যজনক চুরি: সন্দেহের তীর নিরাপত্তা প্রহরী জাকিরের দিকে

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:২৭ এম


কুলিয়ারচরে এসিল্যান্ড অফিসে রহস্যজনক চুরি: সন্দেহের তীর নিরাপত্তা প্রহরী জাকিরের দিকে

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থাৎ এসিল্যান্ড অফিসে এক রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গত ১১জুলাই শনিবার দিবাগত রাতের কোনো একসময়ে এই চুরির ঘটনাটি ঘটে। চোর কিংবা চোরেরা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শারমিনের অফিস কক্ষ থেকে 'ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প'-এর একটি সরকারি ল্যাপটপ নিয়ে গেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলা বা সরাসরি জড়িত থাকার সন্দেহে ওই অফিসের নাইট গার্ড (নিরাপত্তা প্রহরী) মো. জাকির হোসেন (৩০)কে সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে যথারীতি অফিসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মো. জাকির হোসেন। তবে আশ্চর্যজনক বিষয় হলো, অফিসের দরজা-জানালা বা আসবাবপত্রের কোনো রকম ক্ষয়ক্ষতি কিংবা ভাঙচুর ছাড়াই চোর ভেতরে প্রবেশ করে ল্যাপটপটি নিয়ে যায়। কোনো প্রকার জোরপূর্বক প্রবেশের আলামত না থাকায় ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক বলে মনে করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনকালে চরম অবহেলার কারণে এই চুরি হয়েছে, অথবা এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে।

এদিকে চুরির ঘটনার পর থেকেই স্থানীয়ভাবে নানা গুঞ্জন তৈরি হয়েছে। নিরাপত্তা প্রহরী জাকির হোসেন বেসরকারি প্রতিষ্ঠান 'কৃষ্ণা সিকিউরিটি এজেন্সি'-র মাধ্যমে কুলিয়ারচর এসিল্যান্ড কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের অফিস সহকারী মো. রুবেল মিয়ার ভাই হওয়ার কারণে জাকির বেশ প্রভাবশালী। আর এই পারিবারিক খুঁটির জোরেই সে পার পেয়ে যেতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করছেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসিল্যান্ড অফিসে ল্যাপটপ চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই অফিসের নিরাপত্তা প্রহরী মো. জাকির হোসেনকে থানায় আনা হয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং সরকারি ল্যাপটপটি উদ্ধারে পুলিশি তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।

এবিষয়ে জানতে বাবলী শবনমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আইরনম্যান মালয়েশিয়ায় অংশ নেওয়ার স্বপ্ন পূরণের পথে রাজন মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:২৯ এম


প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আইরনম্যান মালয়েশিয়ায় অংশ নেওয়ার স্বপ্ন পূরণের পথে রাজন মিয়া

খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং দীর্ঘপাল্লার দৌড়বিদ মোহাম্মদ রাজন মিয়ার আইরনম্যান লাংকাউই মালয়েশিয়া ২০২৭-এ অংশগ্রহণের স্বপ্ন পূরণে সরকার পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক রাজন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তিনি চাইছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রয়োজনীয় সব ব্যয় তারা বহন করবেন বলে নিশ্চিত করেছেন। এই বিষয়ে সময় নিউজকে নিশ্চিত করেছেন রাজ মিয়া।

পেশায় তিনি শিক্ষক হলেও ক্রীড়াপ্রেমীদের কাছে মোহাম্মদ রাজন মিয়া এক অনুপ্রেরণার নাম। তিনি সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। এছাড়াও, তিনি শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করে আসছেন খাগড়াছড়ি সরকারি কলেজের এই সহকারী অধ্যাপক।

সম্প্রতি তিনি ১৬১ কিলোমিটার ও ২১৪ কিলোমিটার দীর্ঘপাল্লার দৌড় সম্পন্ন করেছে, যা তাকে আলোচনায় নিয়ে এসেছে। এখন তার স্বপ্ন হলো আন্তর্জাতিক মানের ট্রায়াথলন প্রতিযোগিতা আইরনম্যান লাংকাউই মালয়েশিয়া ২০২৭-এ অংশগ্রহণ করা।

আইরনম্যান প্রতিযোগিতায় একজন অ্যাথলেটকে নির্দিষ্ট সময়ের মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার ম্যারাথন দৌড় সম্পন্ন করতে হয়। সেই লক্ষ্য সামনে রেখে ২০২৩ সাল থেকে রাজন মিয়া কোচের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করছে।

তবে ব্যয়বহুল এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের পথে সর্বাধিক বাধা হলো আর্থিক সংকট। সম্প্রতি এই বিষয়ে প্রথম সময় নিউজে একটি প্রতিবেদন প্রচারিত হলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরে আরও বিভিন্ন গণমাধ্যমও রাজন মিয়ার সংগ্রামের গল্প তুলে ধরে।

এমন প্রেক্ষাপটে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হককে এই বিষয়টি দেখার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে রাজন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিশ্চিত করেছেন যে আইরনম্যান লাংকাউই মালয়েশিয়া ২০২৭-এ অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব খরচ সরকারিভাবে বহন করবে।

এ বিষয়ে রাজন মিয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, তিনি কখনও ভাবেননি যে শত ব্যস্ততার মধ্যে প্রধানমন্ত্রী তার প্রতিবেদনটি দেখবেন এবং এ ব্যাপারে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানিয়েছেন, প্রতিমন্ত্রী তাকে আন্তরিকভাবে আশ্বস্ত করেছেন যে আইরনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণের সব ব্যয় সরকার বহন করবে। এ ছাড়াও, রাজন মিয়া মন্তব্য করেন, প্রতিমন্ত্রী একজন সাবেক সফল ফুটবলার হওয়ায় একজন ক্রীড়াবিদের সংগ্রাম সহজেই বুঝতে পেরেছেন।

রাজন মিয়া বলেন, সারাদিন ক্লাস নেওয়া, পরীক্ষা এবং খাতা মূল্যায়নের কাজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে স্পন্সরের জন্য ঘুরে বেড়ানো একজন শিক্ষকের জন্য এটি বিব্রতকর। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এমন ব্যয়বহুল খেলাধুলা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন।

তিনি আরও জানান, দেশের চার কোটি শিক্ষার্থী যেন তাকে দেখে শুধু একজন শিক্ষক নয়, বরং একজন আইরনম্যান, একজন অ্যাথলেট, সুস্থতা ও খেলাধুলার প্রতীক হিসেবে অনুপ্রাণিত হয়। একই সঙ্গে দেশের মানুষ বিশ্বাস করতে পারে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যে কোনো বয়সে যে কেউ খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে পারে।

সবশেষে রাজন মিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলছেন, তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরাই এখন তার একমাত্র লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৩১ এম


সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইল থেকে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। তার সহপাঠীরা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মামাতো বোনের বিয়ের দাওয়াত শেষে সিএনজিচালিত রিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের ফলে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। জাহিদ হাসান টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা ছিলেন।

নিহতের সহপাঠী ও ইএসই বিভাগের শিক্ষার্থী ইরান মিয়া জানিয়েছেন, জাহিদ আমাদের ব্যাচের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে। সোমবার বিকেলেও ঘুরতে বের হওয়ার জন্য তাকে মেসেজ দিয়েছিলাম। সে বলেছিল, ক্যাম্পাসে ফিরছে, অন্যদিন বের হবে। এই কথাই যে আমার বন্ধুর শেষ কথা হবে, তা কে জানত! তার এমন মৃত্যুতে বিভাগের সবাই আমরা মর্মাহত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

এমন মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া বিরাজ করছে। শোক প্রকাশ করেছে শাখা ছাত্রদলসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদল নেতা হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে বি-ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৫ এম


যুবদল নেতা হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে বি-ক্ষোভ

যশোরের বাঘারপাড়ায় একটি যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত রুবেল হোসেন (৩৮) ছিলেন বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি পেশায় কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চালক হিসেবে কর্মরত ছিলেন। নিহত রুবেল তেলীধান্যপুড়া গ্রামের মোনতাজ ঢালীর ছেলে।

এ ঘটনায় বিচার চেয়ে তার মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মী, স্বজন ও এলাকাবাসী।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার খাজুরা বাজার তেলপাম্পের এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে রুবেলের প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। বিক্ষুব্ধ জনতা ও নেতাকর্মীরা রুবেল হত্যার সঙ্গে জড়িতদের আটক ও শাস্তির দাবি জানান।

পরে বিক্ষুব্ধ জনতা তেলীধান্যপুড়ার বাসিন্দা রাব্বিকে এই হত্যাকাণ্ডে জড়িত দাবি করে তার বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস কাজ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রুবেল বাইরে থেকে কাভার্ডভ্যান চালিয়ে খাজুরায় যান। কাভার্ডভ্যানটি যশোর-মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে খাজুরা তেলপাম্পে রেখে পাশের বাড়িতে যান। এরপর সেখান থেকে তেলপাম্পের দিকে যাওয়ার সময়, খাজুরা পুলিশ ক্যাম্পের সামনে পৌঁছালে রুবেলের পথ রোধ করেন তার বোনের দেবর একই গ্রামের রাব্বি ও আরও তিন-চার জন। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাব্বি ছুরি দিয়ে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় লোকজন পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করেন। দুপুর ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত রুবেলের মা ফিরোজা বেগম আহাজারি করে জানিয়েছেন, প্রায়ই স্থানীয় বখাটে নিয়ে রাব্বি তেলীধান্যপুড়া উলুমুল হাফেজিয়া কুরআন মাদরাসা মাঠে আড্ডা দিতেন। একদিন মাদরাসার হুজুর রাব্বিকে সেখানে আড্ডা দিতে নিষেধ করেছিলেন। কিন্তু রাব্বি হুজুরের নিষেধ মানেননি এবং উল্টো হুজুরকে বিভিন্ন আজেবাজে কথা বলে হুমকি দিয়েছিলেন।

এই ঘটনা জানার পর, রুবেল রাব্বিকে চড় মারেন। এরপর থেকেই রাব্বির রুবেলের প্রতি ক্ষোভ জন্মে এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দিতে থাকেন। প্রতিশোধ হিসেবে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের বুকে, পিঠে ও মুখে এলোপাতাড়ি আঘাত করে। এই আঘাতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু ঘটে।

নিহত রুবেলের ভাই রাজিব হোসেন জানিয়েছেন, রুবেলকে মারতে রাব্বির সঙ্গে আরও দুই থেকে তিনটি মোটরসাইকেল এসেছিল।

বাঘারপাড়া থানার ওসি শাহজালাল আলম বলেছেন, হত্যার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলমান। অভিযুক্তের ঘটনার পর থেকে পলাতক আছে। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%