০৪:৪০ এম
রাজধানীর আজিমপুরে লালবাগ তহশিল অফিসে সরকারি গুরুত্বপূর্ণ ভূমি নথিপত্রের ওপর কড়াই-পাটা রেখে রান্নাবান্না এবং পাশে গ্যাসের চুলা জ্বালানোর ঘটনায় দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশেষে ব্যবস্থা গ্রহণ করেছে। সংবাদ প্রকাশের পর মাত্র ১০ ঘণ্টার মধ্যে অফিসকক্ষ থেকে রান্নার সরঞ্জাম, গ্যাস সিলিন্ডারসহ সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জানিয়েছেন, ভবিষ্যতে ওই কক্ষে আর রান্নাবান্নার কার্যক্রম চলবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ যুগান্তরকে বলেন, "বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর সেখানে থাকা রান্নার সরঞ্জাম, গ্যাস সিলিন্ডারসহ সবকিছু সরিয়ে দেওয়া হয়েছে। ওই কক্ষে আর এ ধরনের কার্যক্রম চলবে না।"
তিনি আরও বলেন, "ওই কক্ষে সরকারি ভূমি নথিপত্র রাখার কারণ মূলত জায়গার সংকট। এসব নথিপত্র আগে লালবাগ এসিল্যান্ড অফিসের কাটাবনের কার্যালয়ে সংরক্ষিত ছিল। সেখানে জায়গার সংকট দেখা দেওয়ায় পরবর্তী সময়ে নথিগুলো বর্তমান স্থানে হস্তান্তর করা হয়েছে। তবে সরকারি গুরুত্বপূর্ণ এসব নথিপত্র বিকল্প কোনো নিরাপদ স্থানে কীভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবলীগ ও তাঁতী লীগের ২ নেতা সহ ৩ গ্রেপ্তার
তিনি আরও জানান, "আমি নতুন যোগদান করেছি। অনেক বিষয় আমার জানা নেই। তাই সবকিছু সম্পর্কে আগে থেকে অবগত ছিলাম না। তবে ভবিষ্যতে আমার অফিসে এ ধরনের কোনো অসংগতি থাকবে না।"
এর আগে দৈনিক যুগান্তরের প্রিন্ট ও অনলাইন সংস্করণে ‘লালবাগ তহশিল অফিস, নথির ওপর কড়াই-পাটা পাশেই জ্বলে চুলা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে সরকারি গুরুত্বপূর্ণ ভূমি নথিপত্রের অব্যবস্থাপনা, সেগুলোর ওপর রান্নার সরঞ্জাম রাখা এবং একই কক্ষে গ্যাসের চুলা জ্বালিয়ে রান্নাবান্নার বিষয়টি তুলে ধরা হয়। দীর্ঘদিনের পুরোনো খতিয়ান ও নামজারিসহ গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের পাশে এভাবে রান্নার ব্যবস্থা থাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং নথিপত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
বিশেষ করে সরকারি ভূমি নথিপত্রের মতো গুরুত্বপূর্ণ সম্পদ যেখানে অত্যন্ত সতর্কতার সঙ্গে সংরক্ষণ করার কথা, সেখানে একই কক্ষে রান্নাবান্নার সরঞ্জাম রাখা এবং গ্যাসের চুলা জ্বালানোর বিষয়টি দায়িত্বশীলতা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করে। কোনো দুর্ঘটনায় এসব নথিপত্র ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার কে নেবে, সেই প্রশ্নও সামনে আসে।
যুগান্তরে সংবাদ প্রকাশের পর রান্নার সরঞ্জাম সরানো হলেও গুরুত্বপূর্ণ সরকারি নথির নিরাপদ সংরক্ষণ এখনো জরুরি।
আরও পড়ুন: রমনা ও কাওরান বাজারে পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন