প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড সংঘটনের বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে। যুক্তরাজ্যের আহ্বানের প্রেক্ষিতে আজ বুধবার এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যুক্তরাজ্যের স্থায়ী মিশন এক্স হ্যান্ডলে এ তথ্য প্রকাশ করেছে।
এতে জানানো হয়েছে, যুক্তরাজ্য আগামী ডিসেম্বর মাসেও একই বিষয়ে নিরাপত্তা পরিষদে একটি নতুন বৈঠক আহ্বান করার পরিকল্পনা করেছে। রোহিঙ্গাদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে এবং চলমান মানবিক সংকটের সমাধান করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে।
গাম্বিয়ার দায়ের করা মামলায় ১৯ নভেম্বর আইসিজে ঐতিহাসিক রায় প্রদান করে। রায়ে আদালত উল্লেখ করে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।
যুক্তরাজ্য সরকার এ রায়ের পরপরই মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১৯ ডিসেম্বর আইসিজের রায় ঘোষণার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমনসে রোহিঙ্গাদের ওপর সংঘটিত এই নৃশংসতাকে যুক্তরাজ্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘জেনোসাইড’ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানান।
আইসিজের রায়ের পর মিয়ানমারের পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি, মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ করতে বিমান জ্বালানি (এভিয়েশন ফুয়েল) সরবরাহ ও রপ্তানি নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে লন্ডন থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করা হয়েছে।
যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার সম্পদ জব্দ ও তাঁদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া, মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহের ওপর বিধি-নিষেধ আরোপের জন্য আইন প্রণয়নের পরিকল্পনা করা হয়েছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য জনগণের প্রায় তিন লাখ ৫০ হাজার মানুষের জীবন রক্ষাকারী ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে যুক্তরাজ্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তা প্রদান করবে। মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগে দেশটি আরো ৩০ লাখ পাউন্ড দেওয়ার কথা জানিয়েছে।
এদিকে, রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় স্বীকার করেছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। সোমবার, দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন। একই দিনে, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাজ্য নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য। সূত্র : ফ্রান্স২৪
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন