০১:৩৩ এম
তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে মাঠমুখী করার উদ্দেশ্যে এবং রাজধানীতে ফুটবলের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে আগামী ডিসেম্বরে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’ শুরু হতে যাচ্ছে।
এই টুর্নামেন্টের আয়োজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সহযোগিতায় করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর নগরভবন অডিটোরিয়ামে টুর্নামেন্টের প্রস্তুতিমূলক এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনার কথা তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
আরও পড়ুন: ফরিদপুরে উদ্বোধন হলো গ্রামের ফুটবলারদের ব্যতিক্রমী টুর্নামেন্ট
ডিএসসিসি এলাকার ২৪টি থানাকে চারটি জোনে ভাগ করে মূল প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নারীদের খেলাধুলায় উৎসাহিত করতে নির্দিষ্ট বয়সসীমার ভিত্তিতে বিভিন্ন থানার স্কুলছাত্রীদের নিয়ে আলাদা একটি নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জাতীয় স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্টের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি ও কনসার্টসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়টি সম্পৃক্ত করার কথা ভাবা হচ্ছে, যাতে পুরো নগরবাসী এতে অংশগ্রহণ করতে পারে।
টুর্নামেন্টের নীতিমালা প্রণয়ন, খেলোয়াড় বাছাই, গ্রুপিং ও রেফারিংয়ের দায়িত্বে সাবেক ফুটবলার ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকবেন। স্থানীয় খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হবে এবং প্রতিটি দলে বহিরাগত খেলোয়াড়ের সংখ্যা নীতিমালায় নির্ধারণ করে দেওয়া হবে।
ডিসেম্বর মাসে রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে খেলার তারিখ নির্ধারণ করা হবে, যাতে রাজনৈতিক কর্মসূচি ও খেলাধুলা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক না হয়।
আরও পড়ুন: খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় পালানোর সময় যুবক আটক
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, "রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি কর্পোরেশন।" খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরের মানুষকে একত্রিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে মাঠমুখী হবেন এবং স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও সম্প্রীতি জোরদার হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন