ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জলাবদ্ধতার কবলে নিউ মার্কেট, ব্যবসায়ীদের দুর্ভোগ


জলাবদ্ধতার কবলে নিউ মার্কেট, ব্যবসায়ীদের দুর্ভোগ

টানা বৃষ্টির কারণে ঢাকা শহরের নিউ মার্কেট এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে নিউ মার্কেটের দোকানপাট সকাল থেকে বন্ধ রাখা হয়েছে।

নিরাপত্তার কারণে দোকানপাটের বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়েছে। রবিবার (১২ জুলাই) নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, গত রাত থেকে অবিরাম বৃষ্টির ফলে নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতা দেখা গিয়েছে। তাই আজ সকাল থেকে নিউ মার্কেটের দোকানপাট কার্যত খোলা হয়নি।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এখন পর্যন্ত সব দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এবং দোকানের দিকে কোন ক্রেতাকেও আসতে দেখা যায়নি। নিরাপত্তার স্বার্থে ডিপিডিসি নিউমার্কেটে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে।

তিনি আরও জানান, সোমবার পরিস্থিতি মূল্যায়ন করে দোকানপাট খুলতে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গতকালে রাত থেকে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকা এবং সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যা রাজধানীবাসীর ভোগান্তিকে আরো বৃদ্ধি করেছে। ডিএমপি পক্ষ থেকে রাজধানীবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে জাহাজে ইরানের হামলায় এক ভারতীয় নিখোঁজ, ১০ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


হরমুজে জাহাজে ইরানের হামলায় এক ভারতীয় নিখোঁজ, ১০ জন উদ্ধার

ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে। হামলার ফলস্বরূপ, একজন ভারতীয় নাগরিক নিখোঁজ হয়ে গেছেন।

প্রাপ্ত তথ্য অনুসারে, জিএফএস গ্যালাক্সি জাহাজটিতে আগুন লেগে যাওয়ায় নাবিকরা পালিয়ে যাওয়ার জন্য বাধ্য হন। ভারত সরকার নিশ্চিত করেছে যে, জাহাজে থাকা ১১ জন ভারতীয়ের মধ্যে এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ জন এখনও নিখোঁজ রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘রোববার সকালে ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সি’র ওপর হামলার খবরের প্রেক্ষিতে আমরা তীব্র নিন্দা জানাই। জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে এখন পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ওমানি কর্তৃপক্ষের সঙ্গে মিলে কাজ করছে।

জানা গেছে, একটি ‘অননুমোদিত’ পথে জাহাজটি যাওয়ায় তেহরান হামলা চালিয়েছে, যা ইরানের ভাষায় গতিপথ সংশোধনের পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। হামলার ফলে জিএফএস গ্যালাক্সি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইরান সামুদ্রিক তেল সরবরাহ পথের গুরুত্বপূর্ণ সংযোগস্থল হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করেছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আবারও বাড়িয়ে তুলেছে।

ভারত জাহাজের ওপর অব্যাহত হামলাকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছে এবং অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে।

ভারতের বক্তব্য হলো, ‘এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমাগত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং একটি কূটনৈতিক সমাধানের জন্য চলমান আলোচনা শেষ করার আহ্বান পুনর্ব্যক্ত করছি, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসতে পারে।’

জাহাজ হামলার পর যুক্তরাষ্ট্র অন্তত তিন দফা হামলা চালিয়েছে এবং একই সাথে নিশ্চিত করেছে যে, একজন বেসামরিক নাবিক নিখোঁজ হয়েছেন ও জাহাজটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটি আর যাত্রা চালিয়ে যেতে পারবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভাবনা ও কর্মযজ্ঞের প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভাবনা ও কর্মযজ্ঞের প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, আগামী শিক্ষাবর্ষের জন্য নতুন যে চারটি বই নিয়ে কাজ চলছে, সেগুলো মূলত শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প, চিন্তা, অভিজ্ঞতা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন।

আজ রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ‘চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা জানান, ‘প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাঁর সেইসব চিন্তা নির্বাচনের আগে ইশতেহারেও ফুটে উঠেছে। সেই আলোকেই তিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন। নতুন বইগুলোর মধ্যে বিশেষ করে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (আনন্দময় শিক্ষা), ক্রীড়া ও সংস্কৃতি বই দুটিকে প্রচলিত বা ট্র্যাডিশনাল পাঠ্যবইয়ের তুলনায় আরও বেশি ব্যতিক্রমধর্মী ও ভিন্নধর্মী করা উচিত।’

পাঠ্যবইকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করার ওপর জোর দিয়ে ড. মাহদী আমিন বলেন, সাধারণত বইগুলো অনেক বেশি টেক্সট বা লেখা-ভিত্তিক হয়। আমরা চাই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বইটিতে আরও বেশি দৃশ্যমান উপস্থাপনা যেমন- ছবি, টেবিল, ডায়াগ্রাম ও ভিজ্যুয়াল উপাদান থাকুক, যাতে শিক্ষার্থীরা আনন্দের সাথে শিখতে পারে। একই সাথে বইটির শুরুতে একটি বিস্তারিত ভূমিকা অধ্যায় ও এর দার্শনিক ভিত্তিক বাস্তব প্রয়োগ যুক্ত করারও পরামর্শ দেন তিনি।

কারিগরি শিক্ষার সামাজিক ট্যাবু দূর করার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন, বর্তমানে অনেক ভালো পরিবারের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় আসতে চায় না। আমাদের মূল দর্শন হলো- বিজ্ঞান বিভাগের প্রথম সারির শিক্ষার্থীসহ দেশের প্রতিটি শিক্ষার্থীকেই কিছুটা হলেও কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য প্রতিটি স্কুলে ল্যাব বাধ্যতামূলক করার পাশাপাশি পাঠ্যবইয়ে মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড অধ্যায় যুক্ত করা হবে।

বিগত ফ্যাসিবাদের সময়ে পাঠ্যপুস্তকে হওয়া অসংখ্য ভুল এবং ইতিহাসের বিকৃতি সংশোধন প্রসঙ্গে ড. মাহদী আমিন বলেন, ‘ইতিহাসের নির্মোহ বহিঃপ্রকাশ যেন থাকে, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের ইতিহাসকে আমাদের মতো করে নতুন করে সাজানোর প্রয়োজন নেই। জনগণের আকাক্সক্ষার বহিঃপ্রকাশ ঘটিয়ে ইতিহাসের প্রতিটি পালাবদলে বিএনপি সব সময় সঠিক অবস্থানে মানুষের পাশে ছিল। ইতিহাসের নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে যে সত্য, সেটিই পাঠ্যবইয়ে উঠে আসবে এবং এই পরিমার্জন একটি চলমান প্রক্রিয়া।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ১ জানুয়ারি যেন দেশের প্রতিটি শিক্ষার্থীর দোরগোড়ায় পাঠ্যবই পৌঁছে দেওয়া যায়। লজিস্টিকস ও বিতরের জন্য প্রায় এক মাস সময় লাগবে। সে অনুযায়ী অন্তত নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রান্তিক পর্যায়ে আমাদের প্রায় ৩১ কোটি বই মুদ্রণ ও প্রকাশ শেষ করে প্রস্তুত রাখতে হবে।’

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, এনসিটিবির কর্মকর্তা এবং দেশের সংশ্লিষ্ট শিক্ষা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শেহবাজ শরিফ।

আজ রবিবার তিনি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ শোক প্রকাশ করেন।

শেহবাজ শরিফ পোস্টে উল্লেখ করেন, ‘বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে মর্মাহত।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের অবিচল সংহতি প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তা কামনা করছি।’

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে টানা ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় শনিবার (১১ জুলাই) পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৩৯ জন।

একই সঙ্গে, বিভাগের পাঁচ জেলার অন্তত ৯ লাখ ২৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রাণহানির ঘটনা নদীর পানি বৃদ্ধি, পাহাড়ধস ও বন্যার পানিতে ডুবে ঘটেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়। সেখানে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রাম জেলায় আটজন, বান্দরবান জেলায় ছয়জন এবং রাঙামাটি জেলায় দুজনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরীর জলাবদ্ধতা দূর করতে বাসিন্দাদের সহায়তা চাইলেন ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


নগরীর জলাবদ্ধতা দূর করতে বাসিন্দাদের সহায়তা চাইলেন ডিএনসিসি প্রশাসক

টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম।

রোববার (১২ জুলাই) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি নগরবাসীর সহযোহিতা চান।

ডিএনসিসির বিভিন্ন এলাকা ও রাস্তায় জমে থাকা পানি অপসারণ এবং ড্রেন পরিষ্কারের জন্য নগরবাসীর প্রতি সহযোহিতার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, গত ৪৮ ঘণ্টার অতিভারি বর্ষণের কারণে উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান, বনানীসহ বিভিন্ন জায়গায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় কিছু কিছু জায়গায় পানি জমে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আপনারা যার যার অবস্থান থেকে নিজ নিজ এলাকার জলাবদ্ধ পরিস্থিতির খোঁজখবর নেবেন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। কোথাও কোনো জরুরি সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট টিমকে অবহিত করার জন্য অনুরোধ করছি।

ডিএনসিসি প্রশাসক বলেন, উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ড্রেন, নালা ও পানি নিষ্কাশনের পথগুলো সচল রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। যেসব এলাকায় পানি জমে আছে, সেখান থেকে দ্রুত পানি অপসারণের জন্য প্রয়োজনীয় জনবল এবং যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। ওয়াটার পাম্পগুলো সচল রাখা হয়েছে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক তদারকি করছেন।

তিনি বলেন, অতিবৃষ্টির সময়ে জলাবদ্ধতার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে—স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত, নগরায়ণের ফলে পানি ধারণক্ষমতা কমে যাওয়া, অনেক স্থানে ড্রেন ও খাল ভরাট বা সংকুচিত হয়ে যাওয়া, অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া এবং দীর্ঘদিনের পুরনো ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সংকট সৃষ্টি করা।

ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসি দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত খাল ও নালা পরিষ্কার এবং আধুনিক পানি ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করছে। তবে আকস্মিক অতিভারী বৃষ্টির মতো প্রাকৃতিক পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে কাজ করছি। জনগণের ভোগান্তি কমানোই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%