ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভাবনা ও কর্মযজ্ঞের প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন


শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভাবনা ও কর্মযজ্ঞের প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, আগামী শিক্ষাবর্ষের জন্য নতুন যে চারটি বই নিয়ে কাজ চলছে, সেগুলো মূলত শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প, চিন্তা, অভিজ্ঞতা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন।

আজ রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ‘চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আরও পড়ুন: ঈশ্বরদীতে বাড়িঘর ভাঙচুর-লুটপাট, খোলা আকাশের নিচে দুই পরিবার

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা জানান, ‘প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তাঁর সেইসব চিন্তা নির্বাচনের আগে ইশতেহারেও ফুটে উঠেছে। সেই আলোকেই তিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন। নতুন বইগুলোর মধ্যে বিশেষ করে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (আনন্দময় শিক্ষা), ক্রীড়া ও সংস্কৃতি বই দুটিকে প্রচলিত বা ট্র্যাডিশনাল পাঠ্যবইয়ের তুলনায় আরও বেশি ব্যতিক্রমধর্মী ও ভিন্নধর্মী করা উচিত।’

পাঠ্যবইকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করার ওপর জোর দিয়ে ড. মাহদী আমিন বলেন, সাধারণত বইগুলো অনেক বেশি টেক্সট বা লেখা-ভিত্তিক হয়। আমরা চাই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বইটিতে আরও বেশি দৃশ্যমান উপস্থাপনা যেমন- ছবি, টেবিল, ডায়াগ্রাম ও ভিজ্যুয়াল উপাদান থাকুক, যাতে শিক্ষার্থীরা আনন্দের সাথে শিখতে পারে। একই সাথে বইটির শুরুতে একটি বিস্তারিত ভূমিকা অধ্যায় ও এর দার্শনিক ভিত্তিক বাস্তব প্রয়োগ যুক্ত করারও পরামর্শ দেন তিনি।

কারিগরি শিক্ষার সামাজিক ট্যাবু দূর করার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন, বর্তমানে অনেক ভালো পরিবারের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় আসতে চায় না। আমাদের মূল দর্শন হলো- বিজ্ঞান বিভাগের প্রথম সারির শিক্ষার্থীসহ দেশের প্রতিটি শিক্ষার্থীকেই কিছুটা হলেও কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য প্রতিটি স্কুলে ল্যাব বাধ্যতামূলক করার পাশাপাশি পাঠ্যবইয়ে মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড অধ্যায় যুক্ত করা হবে।

বিগত ফ্যাসিবাদের সময়ে পাঠ্যপুস্তকে হওয়া অসংখ্য ভুল এবং ইতিহাসের বিকৃতি সংশোধন প্রসঙ্গে ড. মাহদী আমিন বলেন, ‘ইতিহাসের নির্মোহ বহিঃপ্রকাশ যেন থাকে, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের ইতিহাসকে আমাদের মতো করে নতুন করে সাজানোর প্রয়োজন নেই। জনগণের আকাক্সক্ষার বহিঃপ্রকাশ ঘটিয়ে ইতিহাসের প্রতিটি পালাবদলে বিএনপি সব সময় সঠিক অবস্থানে মানুষের পাশে ছিল। ইতিহাসের নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে যে সত্য, সেটিই পাঠ্যবইয়ে উঠে আসবে এবং এই পরিমার্জন একটি চলমান প্রক্রিয়া।’

আরও পড়ুন: চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ১ জানুয়ারি যেন দেশের প্রতিটি শিক্ষার্থীর দোরগোড়ায় পাঠ্যবই পৌঁছে দেওয়া যায়। লজিস্টিকস ও বিতরের জন্য প্রায় এক মাস সময় লাগবে। সে অনুযায়ী অন্তত নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রান্তিক পর্যায়ে আমাদের প্রায় ৩১ কোটি বই মুদ্রণ ও প্রকাশ শেষ করে প্রস্তুত রাখতে হবে।’

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, এনসিটিবির কর্মকর্তা এবং দেশের সংশ্লিষ্ট শিক্ষা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


বাংলাদেশের বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শেহবাজ শরিফ।

আজ রবিবার তিনি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ শোক প্রকাশ করেন।

শেহবাজ শরিফ পোস্টে উল্লেখ করেন, ‘বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে মর্মাহত।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের অবিচল সংহতি প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তা কামনা করছি।’

বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে টানা ভারি বর্ষণ ও আকস্মিক বন্যায় শনিবার (১১ জুলাই) পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৩৯ জন।

একই সঙ্গে, বিভাগের পাঁচ জেলার অন্তত ৯ লাখ ২৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ প্রাণহানির ঘটনা নদীর পানি বৃদ্ধি, পাহাড়ধস ও বন্যার পানিতে ডুবে ঘটেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়। সেখানে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রাম জেলায় আটজন, বান্দরবান জেলায় ছয়জন এবং রাঙামাটি জেলায় দুজনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরীর জলাবদ্ধতা দূর করতে বাসিন্দাদের সহায়তা চাইলেন ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


নগরীর জলাবদ্ধতা দূর করতে বাসিন্দাদের সহায়তা চাইলেন ডিএনসিসি প্রশাসক

টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম।

রোববার (১২ জুলাই) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি নগরবাসীর সহযোহিতা চান।

ডিএনসিসির বিভিন্ন এলাকা ও রাস্তায় জমে থাকা পানি অপসারণ এবং ড্রেন পরিষ্কারের জন্য নগরবাসীর প্রতি সহযোহিতার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, গত ৪৮ ঘণ্টার অতিভারি বর্ষণের কারণে উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান, বনানীসহ বিভিন্ন জায়গায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় কিছু কিছু জায়গায় পানি জমে মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আপনারা যার যার অবস্থান থেকে নিজ নিজ এলাকার জলাবদ্ধ পরিস্থিতির খোঁজখবর নেবেন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। কোথাও কোনো জরুরি সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট টিমকে অবহিত করার জন্য অনুরোধ করছি।

ডিএনসিসি প্রশাসক বলেন, উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ড্রেন, নালা ও পানি নিষ্কাশনের পথগুলো সচল রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। যেসব এলাকায় পানি জমে আছে, সেখান থেকে দ্রুত পানি অপসারণের জন্য প্রয়োজনীয় জনবল এবং যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। ওয়াটার পাম্পগুলো সচল রাখা হয়েছে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক তদারকি করছেন।

তিনি বলেন, অতিবৃষ্টির সময়ে জলাবদ্ধতার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে—স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত, নগরায়ণের ফলে পানি ধারণক্ষমতা কমে যাওয়া, অনেক স্থানে ড্রেন ও খাল ভরাট বা সংকুচিত হয়ে যাওয়া, অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া এবং দীর্ঘদিনের পুরনো ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সংকট সৃষ্টি করা।

ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসি দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত খাল ও নালা পরিষ্কার এবং আধুনিক পানি ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করছে। তবে আকস্মিক অতিভারী বৃষ্টির মতো প্রাকৃতিক পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে কাজ করছি। জনগণের ভোগান্তি কমানোই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রেষ্ঠ সংগঠন হিসেবে দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেল চট্টগ্রামের ‘মমতা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


শ্রেষ্ঠ সংগঠন হিসেবে দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেল চট্টগ্রামের ‘মমতা’

 

মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে ‘মমতা’কে পুরস্কার তুলে দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন।

চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’র পুরস্কার লাভ করেছে। এই শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা হিসেবে ‘মমতা’ এ পর্যন্ত ১৮ বার এই গৌরব অর্জন করেছে।

রবিবার (১২ জুলাই) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয় ‘মমতা’কে। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ‘মমতা’র প্রধান নির্বাহী ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি রফিক আহামদ। পাশাপাশি অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্যাটাগরিতেও ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’র পুরস্কার লাভ করেছে মমতা। বিভাগীয় শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন ‘মমতা’র উপপ্রধান নির্বাহী তৌহিদ আহমেদ ও জেলা পর্যায়ের পুরস্কার গ্রহণ করেন মমতা মাতৃসদনের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোর্শেদা বেগম।

শ্রেষ্ঠ সংগঠন হিসেবে জাতীয় পুরস্কার অর্জনের পর ‘মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, “চার দশকেরও বেশি সময় ধরে বেসরকারি পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় নিরলসভাবে কাজ করে ‘মমতা’ সারা দেশের মধ্যে একটি ব্র্যান্ড এবং সরকারের সহায়ক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ খাতে চট্টগ্রামে মমতা যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে। তাই সরকারের নিকট হতে এ স্বীকৃতি অর্জন আমাদের তথা চট্টগ্রামবাসীর জন্য গৌরব।

এ পুরস্কার ‘মমতা’র একার নয় বরং চট্টগ্রামবাসী এর অংশীদার।”

এ সময় তিনি মমতা স্বাস্থ্য কর্মসূচির প্রশাসক, সহকারী পরিচালক, সিনিয়র কনসালট্যান্ট, মেডিক্যাল অফিসার, প্যারামেডিক, নার্স, সুপারভাইজার, স্বাস্থকর্মী ও আউট্রিচ ওয়ার্কারসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারী বর্ষণে জলাবদ্ধ রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


ভারী বর্ষণে জলাবদ্ধ রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই জমে থাকা পানিতে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হয়েছে, অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা তবে বাধাগ্রস্ত হয়েছে।

শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টির পরে রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, ধানমন্ডি, মিরপুর, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, গ্রিন রোড, লালবাগ—এইসব এলাকার সড়ক ও গলিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে গেছে। কোথাও কোথাও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ছে।

জলাবদ্ধতার ফলে বহু এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এর ফলে বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। অনেক অফিসগামী মানুষকে পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে দেখা গেছে। কিছু স্থানে স্থানীয় ভ্যানচালকেরা অর্থের বিনিময়ে মানুষ পারাপার করেন।

নিউমার্কেট এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বৃষ্টির পানিতে বাসার রিজার্ভ ট্যাংক ও পানির মোটরে ময়লা পানি ঢুকে পড়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটছে। তাদের অভিযোগ, প্রতিবছর রাস্তা সংস্কারের কাজ হলেও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। নিয়মিত কর পরিশোধ করেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা তারা পাচ্ছেন না।

ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হয়েছেন। নিউমার্কেটের অনেক দোকানে সকাল থেকে ক্রেতা না থাকায় বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে। দোকান মালিকরা বলছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বারবার একই পরিস্থিতি তৈরি হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারেননি। কয়েকটি স্কুল ও কলেজে ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে, রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনে দীর্ঘদিনের সমস্যার কারণে সামান্য ভারী বৃষ্টিতেই রাজধানী কার্যত পানির নিচে চলে যায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আবহাওয়ার এ পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%