ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্র আরমানের


ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্র আরমানের

ফরিদপুরের ভাঙ্গা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র আরমান শেখের (১৭) মৃত্যু ঘটেছে। এই দুর্ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ব্রাহ্মণকান্দা ও সূর্যনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আরমান শেখ ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ফারুক শেখের ছেলে। তিনি পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

আরও পড়ুন: কুলাউড়ায় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে আরমান এবং তার দুই বন্ধু সূর্যনগর দৃষ্টিনন্দন মসজিদ দেখতে গিয়েছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলে একটি ট্রাক ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গায় নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরমানের মৃত্যু ঘটে। অন্য দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম জানান, মোটরসাইকেলের একজন আরোহী নিহত এবং দুজন আহত হওয়ার খবর তারা পেয়েছেন। তবে ঘটনাস্থল শিবচর হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় ওই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় শিবচর হাইওয়ে থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটে বিরত বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটে বিরত বাংলাদেশ

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১৩৩টি দেশ ভোট প্রদান করেছে। বিপক্ষে ৩৩টি দেশ ভোট দিয়েছে। বাংলাদেশসহ মোট ১৬টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।

মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, জাপান, ইরান, ইরাক, সৌদি আরব, মিশর, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান এবং মালদ্বীপসহ আরও কিছু দেশ রয়েছে।

প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে।

এতে সব দেশকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ আরোপের আহ্বান জানানো হয়েছে। দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে মৃত্যুদণ্ডের বিধান সম্পূর্ণ বিলুপ্ত করার কথাও উল্লেখ করা হয়েছে। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের পুনরায় এ শাস্তি চালু না করার আহ্বান জানানো হয়েছে।

২০২৫ সালে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও মৃত্যুদণ্ড কার্যকর না করার কথা বলা হয়েছে।

প্রস্তাবে গর্ভবতী নারী, মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, সেসব অপরাধের পরিধি কমানো এবং কোনো অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বাতিলের আহ্বানও জানানো হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এ ধরনের প্রস্তাব সদস্য দেশগুলোর প্রতি আন্তর্জাতিক আহ্বান হিসেবে বিবেচিত হয়। এটি নিজে থেকে কোনো দেশের প্রচলিত মৃত্যুদণ্ডের আইন বাতিল করে না।

সূত্র: পিটিআই, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়ায় অতিথি পাখি শিকারবিরোধী অভিযানে ৮ হাজার মিটার জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


উখিয়ায় অতিথি পাখি শিকারবিরোধী অভিযানে ৮ হাজার মিটার জাল জব্দ

উখিয়ার অতিথি পাখি শিকারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। অভিযানের অংশ হিসেবে পাখি শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত প্রায় ৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এ সময় পাখি আকৃষ্ট করার জন্য ব্যবহৃত কৃত্রিম বক ধ্বংস করা হয় এবং কৃত্রিম পাখি তৈরির বিপুল পরিমাণ ককশিটও জব্দ করা হয়। পাশাপাশি, শিকারিদের ফাঁদে আটকে পড়া আটটি জীবিত বক উদ্ধার করে সেগুলোকে প্রাকৃতিক পরিবেশে বনে অবমুক্ত করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের সদর বিটের মাছকারিয়া ডেবাই এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিশেষ দখল টিম এবং উখিয়া রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মাছকারিয়া ডেবাই এলাকায় পাখি শিকারের ফাঁদ পেতে আসছিল। তারা জলাশয় ও পাখির বিচরণস্থলে দীর্ঘ জাল স্থাপন করে এবং কৃত্রিম বক বসিয়ে অতিথি পাখিদের আকৃষ্ট করে শিকার করত। বনকর্মীরা অভিযান চালিয়ে এসব শিকার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করেন। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন, "অতিথি পাখি প্রকৃতির গুরুত্বপূর্ণ সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এসব পাখির ভূমিকা অপরিসীম। নির্বিচারে পাখি শিকারের ফলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। পাখি শিকার সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।"

তিনি আরও বলেন, "উখিয়ার মাছকারিয়া ডেবার এলাকাসহ উপকূলীয় অঞ্চলে অতিথি পাখি শিকার বন্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।"

বন বিভাগ জানায়, জব্দ করা শিকারি জাল ও ককশিট ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা আটটি বক সুস্থ থাকায় সেগুলোকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে কিনা?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে কিনা?

বর্তমান সময়ে, অনেক মানুষ মুদ্রিত কুরআন শরিফের পরিবর্তে মোবাইল ফোনের মাধ্যমে পবিত্র কুরআন তিলাওয়াত করছেন। যাতায়াতের পথে কিংবা অবসর সময়ে সহজে কুরআন পড়ার সুবিধা থাকায়, এই অভ্যাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে, মোবাইল ফোনে কুরআন পড়ার মাধ্যমে সওয়াব পাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।

ইসলামি আলেমদের মতে, মোবাইল ফোনে কুরআন তিলাওয়াত করা হলে সওয়াব পাওয়া যাবে। তবে, মুদ্রিত কুরআন শরিফ বা মুসহাফ দেখে পড়া উত্তম বলে মনে করা হয়। এ বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন ঢাকার মুহাম্মদপুরের দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।

তিনি উল্লেখ করেন, মুদ্রিত কুরআন শরিফ দেখে পড়ার মধ্যে বিশেষ কিছু ফজিলত বিদ্যমান। মুসহাফ হাতে নিয়ে তিলাওয়াত করার সময় আয়াতের দিকে তাকানো এবং তা নিয়ে চিন্তাভাবনা করার সুযোগ তৈরি হয়। এই বিষয়গুলো কুরআনের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তিলাওয়াতের গুরুত্ব বৃদ্ধি করে। তবে, যদি কেউ মোবাইল ফোনে কুরআন পড়েন, তাহলে আল্লাহর রহমতে তিনিও সওয়াব পাবেন বলে আশা করা যায়। তাই, মুদ্রিত কুরআন কাছে না থাকলে মোবাইলের মাধ্যমে তিলাওয়াত করতেও কোন বাধা নেই।

এ বিষয়ে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, মোবাইলের স্ক্রিনে যখন কুরআনের আয়াত দৃশ্যমান থাকে, তখন স্ক্রিনের ওই অংশকে কুরআনের পাতার মতো গণ্য করা হয়। ফলে, অজু ছাড়া সরাসরি আয়াত দৃশ্যমান অংশ স্পর্শ করা জায়েজ নয়। তবে, মোবাইলের বডি বা ফ্রেম স্পর্শ করার জন্য অজুর প্রয়োজন নেই।

ফতোয়ায় আরও বলা হয়েছে, মুদ্রিত কুরআন দেখে তিলাওয়াত করা উত্তম হলেও, ব্যক্তির জন্য যে পদ্ধতিতে বেশি মনোযোগ, একাগ্রতা ও আন্তরিকতা বজায় থাকে, সেটিই তার জন্য বেশি উপযোগী হতে পারে।

এ বিষয়ে পাকিস্তানের জামিয়া ইসলামিয়া আল্লামা মুহাম্মদ ইউসুফ বানুরি টাউনের একটি ফতোয়াতেও মুসহাফ দেখে তিলাওয়াতের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০% নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাবে: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০% নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাবে: প্রতিমন্ত্রী

সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটানোর পরিকল্পনা করছে, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্যে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে।

তিনি উল্লেখ করেন, সোনাগাজী ২২০ মেগাওয়াট সোলার প্রকল্প আমাদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়, তবে এখান থেকে প্রাপ্ত শিক্ষা অন্যান্য প্রকল্পে কাজে লাগানো সম্ভব হবে। কাজের মানের ক্ষেত্রে কোনো আপোষ না করে, যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%