প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমান সময়ে, অনেক মানুষ মুদ্রিত কুরআন শরিফের পরিবর্তে মোবাইল ফোনের মাধ্যমে পবিত্র কুরআন তিলাওয়াত করছেন। যাতায়াতের পথে কিংবা অবসর সময়ে সহজে কুরআন পড়ার সুবিধা থাকায়, এই অভ্যাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে, মোবাইল ফোনে কুরআন পড়ার মাধ্যমে সওয়াব পাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।
ইসলামি আলেমদের মতে, মোবাইল ফোনে কুরআন তিলাওয়াত করা হলে সওয়াব পাওয়া যাবে। তবে, মুদ্রিত কুরআন শরিফ বা মুসহাফ দেখে পড়া উত্তম বলে মনে করা হয়। এ বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা দিয়েছেন ঢাকার মুহাম্মদপুরের দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম।
তিনি উল্লেখ করেন, মুদ্রিত কুরআন শরিফ দেখে পড়ার মধ্যে বিশেষ কিছু ফজিলত বিদ্যমান। মুসহাফ হাতে নিয়ে তিলাওয়াত করার সময় আয়াতের দিকে তাকানো এবং তা নিয়ে চিন্তাভাবনা করার সুযোগ তৈরি হয়। এই বিষয়গুলো কুরআনের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তিলাওয়াতের গুরুত্ব বৃদ্ধি করে। তবে, যদি কেউ মোবাইল ফোনে কুরআন পড়েন, তাহলে আল্লাহর রহমতে তিনিও সওয়াব পাবেন বলে আশা করা যায়। তাই, মুদ্রিত কুরআন কাছে না থাকলে মোবাইলের মাধ্যমে তিলাওয়াত করতেও কোন বাধা নেই।
এ বিষয়ে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, মোবাইলের স্ক্রিনে যখন কুরআনের আয়াত দৃশ্যমান থাকে, তখন স্ক্রিনের ওই অংশকে কুরআনের পাতার মতো গণ্য করা হয়। ফলে, অজু ছাড়া সরাসরি আয়াত দৃশ্যমান অংশ স্পর্শ করা জায়েজ নয়। তবে, মোবাইলের বডি বা ফ্রেম স্পর্শ করার জন্য অজুর প্রয়োজন নেই।
ফতোয়ায় আরও বলা হয়েছে, মুদ্রিত কুরআন দেখে তিলাওয়াত করা উত্তম হলেও, ব্যক্তির জন্য যে পদ্ধতিতে বেশি মনোযোগ, একাগ্রতা ও আন্তরিকতা বজায় থাকে, সেটিই তার জন্য বেশি উপযোগী হতে পারে।
এ বিষয়ে পাকিস্তানের জামিয়া ইসলামিয়া আল্লামা মুহাম্মদ ইউসুফ বানুরি টাউনের একটি ফতোয়াতেও মুসহাফ দেখে তিলাওয়াতের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন