১২:৩২ পি.এম
কালো জাদুর প্রভাবে যদি কেউ নামাজ বা কুরআন তিলাওয়াত থেকে বিরত থাকে, পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি সৃষ্টি করে অথবা স্ত্রীকে তালাক দেয়, তাহলে এই পরিস্থিতিতে দায়ভার কার ওপর বর্তাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি জাদুর প্রভাবে আত্মহত্যা করার ক্ষেত্রেও গুনাহ হবে কি না, এই বিষয়েও অনেকের মনে সন্দেহ রয়েছে।
এই বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা প্রদান করেছেন ঢাকার মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের নায়েবে মুফতি মুফতি তাওহীদুল ইসলাম। তিনি উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তি জাদুর প্রভাবে সম্পূর্ণ জ্ঞানশূন্য হয়ে যান এবং নিজের কথাবার্তা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারান, তাহলে ওই অবস্থায় তার দেওয়া তালাক কার্যকর হবে না। একইভাবে, ওই সময়ের কথাবার্তা ও অন্যান্য কাজের শরয়ি বিধানও স্বাভাবিক অবস্থার মতো প্রযোজ্য হবে না।
ফতোয়ায় আরও বলা হয়েছে, এমন অবস্থায় যদি কেউ নামাজ বা কুরআন তিলাওয়াত করতে না পারেন, তাহলে তিনি গুনাহগার হবেন না। জাদুর কারণে যদি কেউ ছয় ওয়াক্ত নামাজ ছুটে যায়, তবে সুস্থ হওয়ার পর সেগুলোর কাজা আদায় করতে হবে না। কিন্তু ছয় ওয়াক্তের কম নামাজ ছুটলে সুস্থ হওয়ার পর তা কাজা করতে হবে।
আরও পড়ুন: অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে কিনা?
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে শপথ করে বলতে হবে যে, তিনি জাদুর প্রভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এবং ওই সময়ের ঘটনা তার মনে নেই। তবে যদি কেউ জাদুর কারণে মানসিক অস্থিরতা, কষ্ট বা চাপের মধ্যে থাকেন কিন্তু তার জ্ঞান ও বিচারবুদ্ধি ঠিক থাকে, তাহলে বিষয়টি ভিন্ন। এমন অবস্থায় নিজের ইচ্ছায় স্ত্রীকে তালাক দিলে তা কার্যকর হবে। একইভাবে, নামাজ ছেড়ে দিলে তার জন্য জবাবদিহি করতে হবে এবং ছুটে যাওয়া নামাজ কাজা আদায় করতে হবে।
আত্মহত্যার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য বলে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে। যদি কেউ সম্পূর্ণ জ্ঞানশূন্য অবস্থায় আত্মহত্যা করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন বলে আশা করা যায়। তবে যদি জ্ঞান ও বিচারবুদ্ধি ঠিক থাকা অবস্থায় আত্মহত্যা করেন, তাহলে তা কবিরা গুনাহ হিসেবে গণ্য হবে। এই ক্ষেত্রে কাজটির দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই বর্তাবে।
ফতোয়ায় ফাতাওয়া শামি ও ফাতাওয়া হিন্দিয়া গ্রন্থের উল্লেখ রয়েছে। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, অচেতন অবস্থা এবং নিজের কথা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ক্ষেত্রে তালাক ও নামাজের বিধান ব্যাখ্যা করা হয়েছে।
আরও পড়ুন: হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন