১২:২৬ পি.এম
উখিয়ার অতিথি পাখি শিকারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। অভিযানের অংশ হিসেবে পাখি শিকারের উদ্দেশ্যে ব্যবহৃত প্রায় ৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এ সময় পাখি আকৃষ্ট করার জন্য ব্যবহৃত কৃত্রিম বক ধ্বংস করা হয় এবং কৃত্রিম পাখি তৈরির বিপুল পরিমাণ ককশিটও জব্দ করা হয়। পাশাপাশি, শিকারিদের ফাঁদে আটকে পড়া আটটি জীবিত বক উদ্ধার করে সেগুলোকে প্রাকৃতিক পরিবেশে বনে অবমুক্ত করা হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের সদর বিটের মাছকারিয়া ডেবাই এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিশেষ দখল টিম এবং উখিয়া রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মাছকারিয়া ডেবাই এলাকায় পাখি শিকারের ফাঁদ পেতে আসছিল। তারা জলাশয় ও পাখির বিচরণস্থলে দীর্ঘ জাল স্থাপন করে এবং কৃত্রিম বক বসিয়ে অতিথি পাখিদের আকৃষ্ট করে শিকার করত। বনকর্মীরা অভিযান চালিয়ে এসব শিকার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করেন। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: আজ সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন, "অতিথি পাখি প্রকৃতির গুরুত্বপূর্ণ সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এসব পাখির ভূমিকা অপরিসীম। নির্বিচারে পাখি শিকারের ফলে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। পাখি শিকার সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।"
তিনি আরও বলেন, "উখিয়ার মাছকারিয়া ডেবার এলাকাসহ উপকূলীয় অঞ্চলে অতিথি পাখি শিকার বন্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।"
বন বিভাগ জানায়, জব্দ করা শিকারি জাল ও ককশিট ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা আটটি বক সুস্থ থাকায় সেগুলোকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বরগুনায় জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন