ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত রংপুর স্বাস্থ্য বিভাগ


ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত রংপুর স্বাস্থ্য বিভাগ

বর্ষাকালীন ডেঙ্গুর প্রভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে রংপুর বিভাগীয় প্রশাসন। এই ব্যাপারে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক ডা. ওয়াজেদ আলী বলেন, ‘রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত দেড় বছরে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্ত রোগীর সংখ্যাও কমেছে। তবে এখনো পুরোপুরি ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব শুরু হয়নি। ডেঙ্গু যেন না হয় সেজন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশা নিধন, মশারি টাঙিয়ে ঘুমানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আর যদি ডেঙ্গু হয়েই যায় তাহলে চিকিৎসাসেবার জন্য প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে। রক্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট সরবরাহ স্বাভাবিক রয়েছে।’

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

ডা. ওয়াজেদ বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, সারাদেশে বর্ষা শুরুর সাথে সাথে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়তে শুরু করলেও রংপুর অঞ্চলে এখনো ডেঙ্গুর বড় কোনো প্রাদুর্ভাব দেখা দেয়নি। তবে, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রংপুরে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতিতে যে কোনো ধরনের বড় বিপর্যয় এড়াতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ নাগরিকদের আগাম সচেতন থাকার আহ্বান জানিয়েছে রংপুর স্বাস্থ্য বিভাগ।

বর্ষাকালে ঝোপঝাড়ে মশার প্রজনন বৃদ্ধি পায়। এসব মশা থেকে নানা ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকার জন্য চিকিৎসকরা আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, রংপুর বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অন্যান্য বিভাগের তুলনায় কম। তবে বর্ষা মৌসুমের এই সময়ে যে কোনো মুহূর্তে পরিস্থিতির অবনতি হতে পারে। বিশেষ করে ঢাকা কিংবা অন্যান্য আক্রান্ত অঞ্চল থেকে যাতায়াতকারীদের মাধ্যমে স্থানীয়ভাবে এডিস মশার বংশ বিস্তারের ঝুঁকি রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, দেশে ডেঙ্গুর ধরন বদলেছে। ডেঙ্গু একদিকে যেমন ভয়ংকর হয়ে উঠছে, তেমনি শহর ছাড়িয়ে ঝুঁকি বাড়িয়েছে প্রত্যন্ত অঞ্চলেও। কমবেশি সারা বছরই ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।

চিকিৎসকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশে ডাবের খোসা, টায়ার, ফুলের টব বা যে কোনো পরিত্যক্ত পাত্রে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগী বাড়লে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু করার মতো প্রাথমিক প্রস্তুতি তাদের রয়েছে।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গত ২৫ জুন থেকে মাসব্যাপী বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। শহরের প্রতিটি ওয়ার্ডে এডিস মশার বিস্তার রোধ ও লার্ভা ধ্বংস করার জন্য এই ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে দুই বছরে রংপুরের আট জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি মেডিক্যালে মারা গেছেন ১৪ জন। এর বাইরে বেসরকারি মেডিক্যাল ও বাড়িতেও মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর।

পরিসংখ্যান বলছে, ২০২২ সালে রংপুর বিভাগের আট জেলায় ডেঙ্গু জ্বরে মোট আক্রান্ত রোগী ছিল ২৬৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিয়েছেন দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪৭ জন এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৪ জন। এর বাইরে ঠাকুরগাঁও হাসপাতালে ১০ জন, নীলফামারী হাসপাতালে ৩২ জন, পঞ্চগড় হাসপাতালে নয় জন, লালমনিরহাটে সাত জন, কুড়িগ্রামে চার জন এবং গাইবান্ধায় দুই জন।

২০২৩ সালে এ বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল পাঁচ হাজার ৪৯৪ জন। মৃত্যু হয়েছিল ১২ জনের। সবচেয়ে বেশি মৃত্যু ছিল দিনাজপুরে পাঁচ জন। এরপর রংপুরে চার জন, গাইবান্ধায় দুজন ও লালমনিরহাটে একজন। ওই বছর বেশি রোগী চিকিৎসা নিয়েছেন রংপুরে ১ হাজার ২৯৫ জন। এরমধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৬০ জন।

আরও পড়ুন: কুমিল্লার আদালতে মহিলা আ.লীগ নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, আটক

এছাড়া গাইবান্ধায় এক হাজার ৪৪ জন, দিনাজপুরে ৮৮৩ জন, নীলফামারীতে ৭৬৫ জন, কুড়িগ্রামে ৭০৮ জন, লালমনিরহাটে ৩০৩ জন, ঠাকুরগাঁওয়ে ৩০৯ জন এবং পঞ্চগড়ে ১৮৭ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আট জেলায় মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৪৭২ জন। এর মধ্যে বেশি রোগী দিনাজপুরে ৩৪৪ জন, নীলফামারীতে ৩০১, কুড়িগ্রামে ২১৭, গাইবান্ধায় ১৪৬, রংপুরে ১৯৭, লালমনিরহাটে ৬৩, ঠাকুরগাঁওয়ে ৭৭ এবং পঞ্চগড়ে ১১৮ জন। মৃত্যু হয়েছে দুজনের। এর মধ্যে গাইবান্ধায় একজন এবং নীলফামারীতে একজন।

২০২৫ সালে আট জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১১৮৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগী ছিল দিনাজপুরে ২৫৬ জন। এরপর রংপুরে ২৪৪ জন, নীলফামারীতে ২০৭ জন, গাইবান্ধায় ১৬২ জন, ঠাকুরগাঁওয়ে ৯৯ জন, লালমনিরহাটে ৯৬ জন এবং কুড়িগ্রামে ৩৫ জন। এ বছর কোনো রোগীর মৃত্যু হয়নি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত বিভাগের আট জেলায় ৪৪ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরমধ্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলায় মোট ১১ জন, গাইবান্ধায় ১০ জন, লালমনিরহাট ও নীলফামারীতে আটজন, দিনাজপুরে চারজন এবং ঠাকুরগাঁওয়ে তিনজন। এই সময়ের মধ্যে ৩৭ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং কোনো মৃত্যু হয়নি।

আরও পড়ুন: কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ৫ জনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। তিনি কোথায় কী লাগবে, কী প্রয়োজন- এসব কিছু জানেন এবং বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদার পুকুরপাড় এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা উল্লেখ করেছেন।

এর আগে ফটিকছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এ সময় তিনি হালদা নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং খবরাখবর নেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণও করেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের শুরু থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক নির্দেশনা প্রদান করে আসছেন। প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের কী প্রয়োজন তা খোঁজ নিন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। তিনি সার্বক্ষণিক বন্যার্ত মানুষের খোঁজখবর রাখছেন এবং ২৪ ঘণ্টা পরিস্থিতি মনিটরিং করছেন। গতকালও তিনি আমাকে বলেছেন, আপনি সেখানে যান এবং কী কী লাগবে দেখে আসেন। সেই নির্দেশনা অনুযায়ী আমি আজ আপনাদের মাঝে এসেছি।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। সরকার যে কোনো দুর্যোগে আপনাদের পাশে আছে। আপনাদের জন্য যা কিছু প্রয়োজন, সরকার তা দিতে প্রস্তুত। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করছে বলেও জানিয়ে দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই তিনি উল্লেখ করেছেন যে, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়ায় কোনো প্রতিবন্ধকতা যেন না থাকে। সে লক্ষ্যেই সরকার বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ।

শনিবার সকালে নগরীর মনিচত্বরস্থ রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী জানিয়েছেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। কিন্তু আর্থিক সংকটের কারণে এখনো অনেক মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে। সেই বাস্তবতায় মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করার জন্য সরকার ধারাবাহিকভাবে বৃত্তি এবং আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হবে না। মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনগুলোকেও শিক্ষার প্রসারে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ভূমিমন্ত্রী আরও জানান, বর্তমান সময়ে উচ্চশিক্ষার ব্যয় বৃদ্ধি এবং পারিবারিক আর্থিক চাপের কারণে অনেক শিক্ষার্থী শিক্ষাজীবন চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে। এমন প্রেক্ষাপটে সরকারি এবং স্থানীয় পর্যায়ের বৃত্তি কর্মসূচি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ছাড়া তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ঝরে পড়ার হার কমাতেও কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী (ঈশা)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদ।

এ অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারী ৪৮২ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২৪ লাখ ১০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরকীয়াকে কেন্দ্র করে টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা, গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


পরকীয়াকে কেন্দ্র করে টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা, গ্রেপ্তার ৫

টাঙ্গাইলের সদর উপজেলার কুইজবাড়ী গ্রামের ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলায় পুলিশের হাতে মা-ছেলেসহ পাঁচ আসামি গ্রেপ্তার হয়েছে। পুলিশের দাবি, এ হত্যাকাণ্ড ঘটেছে পরকীয়ার সম্পর্কের কারণে।

এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন কুইজবাড়ী পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর স্ত্রী হনুফা বেগম (৩৮), তার ছেলে হুমায়ুন (২২), মৃত আনোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৬), বাবু (২৮) এবং কুইজবাড়ী দক্ষিণপাড়ার আয়নাল হক (৫৫)।

অতঃপর, ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, হত্যায় সন্দেহভাজন হনুফা বেগমকে আটক করা হয়। তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা শুক্রবার (১০ জুলাই) আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, নিহত মাসুদ রানার সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। গত ৫ জুলাই ব্যবসায়ী মাসুদ রানার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ জেতাই আমার লক্ষ্য: কেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ জেতাই আমার লক্ষ্য: কেইন

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকে বড় করে দেখছেন। নরওয়ের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তার প্রধান লক্ষ্য গোল্ডেন বুট জেতার চাইতে ইংল্যান্ডকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।

সংবাদ সম্মেলনে কেইন বলেন, 'আমার প্রধান লক্ষ্য বিশ্বকাপ জেতা। গোল্ডেন বুট একটি দারুণ অর্জন, কিন্তু সেটি কখনোই বিশ্বকাপ জেতার চেয়ে বড় নয়। যদি দুটির মধ্যে একটি বেছে নিতে হয়, আমি অবশ্যই বিশ্বকাপকেই বেছে নেব।'

২০১৮ বিশ্বকাপে তিনি ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। এবারের টুর্নামেন্টেও তার গোলদাতাদের তালিকায় উপরের দিকে অবস্থান করছে। তবে, তিনি ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে ভাবতে চান না।

নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ডের সঙ্গে তুলনা সম্পর্কিত প্রশ্নের উত্তরে কেইন বলেন, 'আমাদের দুজনের খেলার ধরন আলাদা। হালান্ড শারীরিকভাবে অসাধারণ শক্তিশালী এবং দুর্দান্ত গোলস্কোরার। আমি খেলায় আরও বেশি জড়িত থাকতে পছন্দ করি। তাই সরাসরি তুলনা করা ঠিক হবে না।'

তিনি আরো বলেন, 'শুধু হালান্ডকে থামালেই হবে না। নরওয়ের দলে ওডেগার্ড, সোরলোথসহ আরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। পুরো দলকেই গুরুত্ব দিতে হবে।'

এদিকে, এই ম্যাচে খেলতে নামলেই ওয়েন রুনির ১২০ ম্যাচের রেকর্ড ছুঁয়ে ফেলবেন কেইন। এই মাইলফলককে তিনি 'গর্বের' বলে উল্লেখ করলেও জানান যে, এখন তার সব মনোযোগ কোয়ার্টার ফাইনালে।

ইংল্যান্ড কোচ থমাস টুখেলও তার অধিনায়কের ভূয়সী প্রশংসা করে বলেন, 'হ্যারি একজন অসাধারণ নেতা। সে নিঃস্বার্থ, দলের জন্য সবকিছু উজাড় করে দেয়। এমন একজন খেলোয়াড়কে কোচিং করানো সত্যিই সৌভাগ্যের।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%