০৩:১৮ পি.এম
বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবের অংশ হিসেবে হাজারো ভক্ত-অনুরাগীর মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় ভূমিকা পালন করেছে বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলের দিকে নগরীর শ্রীশ্রী শংকর মঠ প্রাঙ্গণ থেকে রথযাত্রার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসবকে কেন্দ্র করে নগরীতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্য নিয়ে রথযাত্রার শুরু থেকেই তারা মাঠে থেকে সার্বিক তদারকি সম্পন্ন করেন।
একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়কের শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। তীব্র গরমে ভক্তদের তৃষ্ণা মেটাতে তাদের পক্ষ থেকে দিনভর পানি বিতরণ কর্মসূচিও চালানো হয়।
আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ৮১২ মণ্ডপে এসআরবির বিশেষ নিরাপত্তা
কেন্দ্রীয় নির্দেশনার কথা উল্লেখ করে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাকীম আবেদিন প্রিম বলেন, ‘কেন্দ্রীয় সুনির্দিষ্ট নির্দেশনায় আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছি। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো উৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে আমরা সর্বদা কাজ করছি এবং ভবিষ্যতেও আমাদের এই সেবা ও তদারকি অব্যাহত থাকবে।’
বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. এনামুল হাসান তাসনিম উল্লেখ করেন, ‘ছাত্রদল সবসময় জনগণের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে রাজপথে রয়েছে। রথযাত্রার মতো একটি বড় উৎসবে যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় এবং ভক্তরা যেন শান্তিতে উৎসব পালন করতে পারেন, সেজন্য আমাদের নেতাকর্মীরা ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব ধরনের শৃঙ্খলার কাজে যুক্ত ছিলেন।’
রথযাত্রায় জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীকে পৃথক তিনটি সুসজ্জিত রথে বসিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করানো হয়। এ সময় হাজারো পুণ্যার্থী দড়ি টেনে রথ এগিয়ে নেন, যা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু জানান, শংকর মঠ থেকে যাত্রা শুরু করে রথগুলো নতুনবাজার, অমৃত লাল দে সড়ক, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, নগর ভবন, চকবাজার, বাজার রোড, নাজিরপুল ও জেলখানা মোড় ঘুরে নতুনবাজারের অমৃতাঙ্গনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: বকশীগঞ্জে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সভা ও বিক্ষোভ
তিনি আরও জানান, আগামী শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন