০৪:৩০ পি.এম
ফরিদপুরের বোয়ালমারীতে একটি ভাড়া বাসা থেকে এনজিও কর্মকর্তা অলিভ বিশ্বাস (৩৮) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকার ওই ভাড়া বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত অলিভ বিশ্বাস মাগুরা জেলার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার জয়পাশা শাখায় ব্র্যাকের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সাপ্তাহিক ছুটিতে অলিভের সহকর্মী অমরেন্দ্র মণ্ডল নিজ বাড়িতে চলে যান। শনিবার সকাল ৮টার দিকে তিনি ভাড়া বাসায় ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অলিভকে একাধিকবার ফোন করার পরও কোনো সাড়া না পেয়ে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান।
আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
লোকজনের সহায়তায় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে অলিভের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, অলিভের মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী। অনলাইন গেমের কারণে আজ আমার জীবন দিতে হলো, বোন আমাকে মাফ করে দিছ। তোদের কথা না শোনার কারণে আজ আমার জীবন দিতে হলো। বাবা-মার কথা খুব মনে পড়ছে। আমি আমার জীবনের পরাজয় মেনে নিতে পারলাম না। তাই জীবন দিয়ে শেষ করলাম।’
পুলিশ পরিদর্শক আরো জানান, চিরকুটে অনলাইন গেমের উল্লেখ রয়েছে। তবে এটি তার মৃত্যুর কারণ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন: টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন