০১:৫৩ পি.এম
যুক্তরাজ্যের একটি দম্পতি তাদের শতবর্ষী বাড়িতে সংস্কারকাজের সময় একটি বিস্ময়কর আবিষ্কার করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই আলোচনা সৃষ্টি করেছে। বাড়ির একটি পুরোনো রঙের কৌটার ভেতর থেকে তারা ১৯৭০-এর দশকের একাধিক বান্ডিল কাগুজে নোট উদ্ধার করেছেন, যার মোট মূল্য এক হাজার পাউন্ডেরও বেশি।
এই ঘটনাটি লুইসা এবং তার স্বামী ড্যানের বাড়িতে ঘটেছে। তাদের আবিষ্কারের ভিডিও টিকটকে প্রকাশ হওয়ার পর সেটি ইতোমধ্যে প্রায় দুই লাখবার দেখা গেছে। দম্পতি জানান, উনিশ শতকের আগেই নির্মিত বাড়িটির নিচতলায় সিঁড়ির নিচে ইট দিয়ে বন্ধ করে রাখা একটি অংশ তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। যখন তারা সেটি খুলেন, তখন প্রথমে কয়লা এবং একটি পুরোনো, নষ্ট রঙের কৌটা খুঁজে পান।
কৌটাটি ছিল অত্যন্ত নোংরা এবং তার ভেতরে পোকামাকড়ের উপস্থিতি ছিল, সেখান থেকে তীব্র অ্যামোনিয়ার মত গন্ধ বের হচ্ছিল। তারা কী থাকতে পারে সেই সম্পর্কে নিশ্চিত না হয়ে কয়েক মাস ওই কৌটাটি না খুলেই রেখে দেন। পরবর্তীতে, মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় কৌটার ঢাকনা খুলতেই বেরিয়ে আসে ১৯৭০-এর দশকের একাধিক বান্ডিল কাগুজে নোট। পরে যখন তারা সেগুলো পরিমাণ করে, তখন দেখা যায়, মোট মূল্য এক হাজার পাউন্ডের বেশি।
আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে
লুইসা বলেন, পরিবারের কেউ কল্পনাও করতে পারেনি যে কৌটার ভেতরে টাকা থাকতে পারে। তার মতে, এটি তাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। বিশেষ করে তাদের সন্তানদের জন্য এই ঘটনা একটি আজীবন স্মৃতি হয়ে থাকবে। তিনি আরও জানান, যখন তিনি চাকরিতে ছিলেন না, তখন এই টাকাটি হাতে এসেছে, ফলে ওই অর্থ দিয়ে পরিবারের কিছু বকেয়া বিল পরিশোধ এবং সন্তানদের জন্যও কিছু করার সুযোগ পেয়েছেন। ফলে অন্তত কয়েক সপ্তাহের জন্য তাদের আর্থিক চাপ অনেকটাই কমে গেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই মন্তব্য করেছেন যে, যদি নোটগুলো যুক্তরাজ্যের পুরোনো পাউন্ড হয়, তবে তা নির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যাংকের মাধ্যমে বদলাতে পারে। আবার কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে, নোটগুলোর মধ্যে কোনও বিরল বা সংগ্রহযোগ্য সংস্করণ রয়েছে কি না, তা বিশেষজ্ঞের মাধ্যমে যাচাই করা উচিত। কারণ কিছু পুরোনো নোট সংগ্রাহকদের কাছে মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়।
এ ধরনের ঘটনা যুক্তরাজ্যে নতুন নয়। এর আগে এক নারী তার বাগদত্তার সঙ্গে কেনা একটি পুরোনো বাড়ির গোপন চিলেকোঠা থেকে পুরোনো বিয়ের পোশাক সংরক্ষিত একটি বাক্স খুঁজে পেয়েছিলেন। মালিককে খুঁজে না পাওয়ায়, তিনি সেটি নিজের বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করেন। লুইসা ও ড্যানের এই আবিষ্কারও এখন পুরোনো বাড়ি থেকে লুকিয়ে থাকা মূল্যবান সম্পদ উদ্ধারের বিরল ঘটনাগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
তথ্য সূত্র- দ্যা টাইমস অব ইন্ডিয়া।
আরও পড়ুন: নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন