ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

তিন নামে তিন সরকারি নথি: মিরপুরে মাদক ও চোরাচালান সিন্ডিকেটের নেপথ্যে ‘সবুজ ওরফে শাহাবুল’


তিন নামে তিন সরকারি নথি: মিরপুরে মাদক ও চোরাচালান সিন্ডিকেটের নেপথ্যে ‘সবুজ ওরফে শাহাবুল’

"বিশেষ প্রতিনিধি, কুষ্টিয়া" ০৬ জুন, ২০২৬: জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন ও আন্তর্জাতিক পাসপোর্ট—নাগরিক পরিচয়ের এই তিন প্রধান নথিতে ভিন্ন ভিন্ন নাম ও তথ্য ব্যবহার করে কুষ্টিয়ার মিরপুরে এক বিশাল মাদক ও চোরাচালান সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে। ভুয়া ঠিকানা ও নামের এই চাতুর্যের আড়ালে সীমান্ত দিয়ে মাদক পাচার এবং স্থানীয় নিরীহ মানুষকে হয়রানির এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বাসিন্দা এই ব্যক্তির জন্মনিবন্ধন সনদ (নম্বর: ১৯৮৮৫০১৯৪৬৫০৬৪৯২২) অনুযায়ী তার নাম “মোঃ শাহাবুল আলী”, পিতার নাম “মোঃ সামাদ আলী” এবং মাতার নাম “মোছাঃ আছিয়া খাতুন”। কিন্তু রহস্যজনকভাবে তার জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নাম রয়েছে “মোঃ সবুজ আলী” এবং আন্তর্জাতিক পাসপোর্টে ব্যবহার করা হয়েছে “MD SHABUL ALI”।
সংশ্লিষ্টদের মতে, একই ব্যক্তির নথিতে “সবুজ আলী”, “শাবুল আলী” ও “শাহাবুল আলী” নামের এই ভিন্নতা কোনো সাধারণ ভুল নয়; বরং আইনি চোখ ফাঁকি দিতে এবং অপরাধের অতীত রেকর্ড লুকাতেই এই কৌশল নেওয়া হয়ে থাকতে পারে।
ইউরোপ কানেকশন ও মাদকের রুট
স্থানীয় সূত্র ও প্রাপ্ত তথ্যে জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গন এবং ইউরোপে এই ব্যক্তি "শাহাবুল আলী" নামে পরিচিত। অভিযোগ রয়েছে, দেশের বাইরে অবস্থান করলেও তার পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রিত হয় মিরপুরের গ্রামের বাড়ি থেকে। ভুয়া ঠিকানা ও একাধিক নামের আড়ালে তিনি সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানের অবৈধ পণ্য এনে নিজ এলাকায় নিরাপদ আস্তানায় মজুত করেন। পরবর্তীতে তার স্থানীয় সহযোগীদের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয় কুষ্টিয়াসহ আশেপাশের জেলাগুলোতে।
২০১৭ সালের জিডি ও হয়রানির শিকার গ্রামবাসী
খোঁজ নিয়ে জানা গেছে, সবুজ আলী ওরফে শাহাবুলের এই অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় অনেক নিরীহ মানুষকে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তার সিন্ডিকেটের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। তবে তার এই বেপারোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে ২০১৭ সালে কুষ্টিয়ার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, যার নম্বর ১১০/২০১৭। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে একাধিক মাদক ও চোরাচালান সংক্রান্ত তথ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা হলেও, নথিপত্রের চাতুর্য এবং ভুয়া ঠিকানার কারণে বারবার তিনি পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ধ্বংসের মুখে যুবসমাজ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী গ্রামবাসীদের দাবি, সবুজ আলীর এই সিন্ডিকেটের কারণে এলাকার তরুণ ও যুবসমাজ ব্যাপকভাবে মাদকের নীল দংশনে ধ্বংসের মুখে পড়ছে। এলাকায় চুরি, ছিনতাইসহ নানা সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে।
এলাকাবাসীর জোর দাবি, অনতিবিলম্বে তার এই সরকারি নথিপত্রের জালিয়াতি ও অসঙ্গতি খতিয়ে দেখে এবং ২০১৭ সালের জিডিসহ অন্যান্য মাদক ও চোরাচালানের অভিযোগগুলো তদন্ত করে দ্রুত তাকে আইনের আওতায় আনা হোক।
এই বিষয়ে মিরপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মাদক ও চোরাচালানের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং নথিপত্র যাচাই-বাছাই করে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত চারজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


শরীয়তপুরে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা, আহত চারজন

শরীয়তপুর শহরজুড়ে তখন আর্জেন্টিনা সমর্থকদের উৎসবের উন্মাদনা বিরাজমান ছিল। নীল-সাদা পতাকা, মোটরসাইকেলের শোভাযাত্রা এবং স্লোগানে মুখরিত ছিল রাজপথ। কিন্তু সেই আনন্দঘন যাত্রা একপর্যায়ে আতঙ্কে পরিণত হয়। একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হয়ে পড়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে শরীয়তপুর শহরের বিখ্যাত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে রয়েছে আর্জেন্টিনা সমর্থক সঞ্জয় দাস (২৫) নামের এক যুবক। তিনি শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার বাসিন্দা। কিন্তু অন্যান্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে বিকেলে শহরে একটি জমকালো মোটরসাইকেল ও ট্রাক শোভাযাত্রা বের করা হয়। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনোহর বাজার মোড়ের দিকে যাচ্ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শোভাযাত্রার বহরে থাকা কয়েকটি মোটরসাইকেল খুব বেপরোয়া গতিতে চলছিল। যখন বহরটি স্টেডিয়ামের সামনে পৌঁছায়, তখন একটি মোটরসাইকেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে মোটরসাইকেলের দুই আরোহী, অটোরিকশার চালক এবং এক যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই নিকটবর্তী মানুষরা এসে আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের জন্য প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন পথচারী জানিয়েছে, মিছিলের জন্য অটোরিকশাটি আগে থেকেই রাস্তার পাশে সরিয়ে রাখা হয়েছিল। তবে, শোভাযাত্রার একটি মোটরসাইকেল অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটির ওপর গিয়ে আছড়ে পড়ে।

এ বিষয়ে শোভাযাত্রার আয়োজক ও আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্য সুজন মোল্লা বলেন, 'অনেক তরুণ সমর্থক শোভাযাত্রায় অংশ নিয়েছিল। গতি বেশি থাকায় কয়েকজন নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আমরা দুর্ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে আহতদের খোঁজখবর নিতে প্রতিনিধি পাঠিয়েছি।'

অন্যদিকে, আনন্দমুখর আয়োজনের নিরাপত্তা এবং শোভাযাত্রায় যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে তবে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে আরও বেশি সতর্কতা ও শৃঙ্খলা নিশ্চিত করার দাবি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হলুদের জোয়ারে কক্সবাজার, হেক্সা স্বপ্নে ব্রাজিল ভক্তদের মহাশোডাউন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


হলুদের জোয়ারে কক্সবাজার, হেক্সা স্বপ্নে ব্রাজিল ভক্তদের মহাশোডাউন

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর কাউন্টডাউন শুরু হতেই কক্সবাজারে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা তুঙ্গে উঠে গেছে।

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শহর ও সমুদ্রসৈকতে ব্রাজিলের হলুদ রঙ ছড়িয়ে পড়েছে। শনিবার (৬ জুন) বিকেলে সমর্থকরা প্রিয় দলের জার্সি পরে, হাতে ভুভুজেলা এবং ১০০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে নাচ-গান করতে করতে শহর প্রদক্ষিণ করেন। ঢাক-ঢোল, স্লোগান এবং করতালির আওয়াজে সৈকত যেন পরিণত হয়েছিল এক টুকরো ব্রাজিলে।

প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হলুদ-সবুজ জার্সিতে সজ্জিত হয়ে বিভিন্ন বয়সী সমর্থকরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন। তরুণদের পাশাপাশি শিশুদের মধ্যে ব্রাজিল ফুটবলের প্রতি বিশেষ আকর্ষণও ছিল।

মেয়েকে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করা ব্রাজিল সমর্থক ইব্রাহিম জানান, তিনি ছোটবেলা থেকে ব্রাজিলকে সমর্থন করে আসছেন এবং সেই ভালোবাসা নতুন প্রজন্মের মধ্যে ছড়াতে চান। তিনি আশা প্রকাশ করেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং বিশ্বকাপ জিতে সমর্থকদের স্বপ্ন পূরণ করবে।

আরেক সমর্থক গুরা মিয়া বলেন, 'কক্সবাজার থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থনে এখানকার ভক্তরা সবসময় ঐক্যবদ্ধ।' ফুটবল মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি সঞ্চার করে, এই উৎসবের মাধ্যমে তিনি সবাইকে মাদকসহ সব ধরনের নেতিবাচকতা থেকে দূরে থাকার আহ্বান জানান।

ব্রাজিল সমর্থক ছৈয়দ আলমের মতে, ব্রাজিল ফুটবল মানেই নান্দনিক ও ক্লাসিক ফুটবল। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া বর্তমান দলটি এবার বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। তিনি বিশ্বাস করেন, ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জিতে হেক্সা মিশন পূরণ করবে।

বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতে জড়ো হওয়া শত শত সমর্থকের হলুদ জার্সি, পতাকা ও রঙিন ধোঁয়ার উচ্ছ্বাস পর্যটক ও স্থানীয়দের আকর্ষণ করেছে। সমর্থকরা বিশ্বাস করেন, নান্দনিক ও শৈল্পিক ফুটবলের ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ষষ্ঠ শিরোপা ঘরে তুলবে।

পরিবারের তিন প্রজন্ম ধরে ব্রাজিলের সমর্থক বোরহান উদ্দিন জানান, তাদের এই আয়োজন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। তার মতে, ব্রাজিল ফুটবল মানেই শৈল্পিকতা ও সাম্বার ছন্দ, আর সেই ঐতিহ্য এবারও মাঠে দেখা যাবে। এমন শোভাযাত্রা ও মিলনমেলা কক্সবাজারের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।

বিশ্বকাপের এখনও কিছু সময় বাকি থাকলেও ব্রাজিলের প্রতি তাদের ভালোবাসা একটুও কমেনি বলে জানান সমর্থকেরা। রাইয়ান আহমেদ নামের এক সমর্থক বলেন, ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ শিরোপার গৌরব রয়েছে এবং সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও দলটি চ্যাম্পিয়ন হবে।

কক্সবাজার ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সমন্বয়ক কানন বড়ুয়া বলেন, 'ফিফা বিশ্বকাপ ২০২৬-কে স্বাগত জানাতেই ব্রাজিল সমর্থকদের এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।' তিনি আশা প্রকাশ করে বলেন, ব্রাজিল তাদের আগের মতোই নান্দনিক ও শৈল্পিক ফুটবল উপহার দিয়ে আবারও বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে।

অসহ একটা ইতিহাস তৈরি করে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১১:০১ পি.এম


সকাল ৯টার মধ্যে কয়েকটি জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলছে আবহাওয়া অফিস। পাশাপাশি, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

রোববার (৭ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য উপস্থাপন করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া, দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিনের জন্য ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া অফিস।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসককে গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসককে গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে আফতাব নামক এক গ্রাম্য চিকিৎসককে পিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে।

ভুক্তভোগী শিশুর বাবার ভাষ্যমতে, শনিবার (৬ জুন) বিকেল বেলা আমার মেয়ে তরিকুল ডাক্তারের কাছে ওষুধ আনতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

স্থানীয় লোকজনরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির সেই শিক্ষার্থী তার দাদির জন্য প্রয়োজনীয় ওষুধ আনতে অভিযুক্ত তরিকুলের দোকানে যায়। সেই সময় তরিকুল সুযোগ নিয়ে মেয়ে শিশুটিকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এই ঘটনা জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাঁকে আটক করে। এই সময় এলাকাজুড়ে চরম উত্তেজনা তৈরি হয়। সংবাদ পাওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ সেখানে এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, সংবাদটি পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। এই বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%