ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়েতে ড্রোন হামলায় আহতদের পাশে বাংলাদেশ দূতাবাস, রাষ্ট্রদূত রক্ত দিলেন


কুয়েতে ড্রোন হামলায় আহতদের পাশে বাংলাদেশ দূতাবাস, রাষ্ট্রদূত রক্ত দিলেন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক ড্রোন হামলার পর আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশ দূতাবাস এগিয়ে এসেছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন নিজে রক্তদান করেন এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে নিয়ে কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন।

বুধবার (৩ জুন) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ড্রোন হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন দেখা দেয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা সম্পর্কে জানতে পেরে দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করেন।

রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে উপস্থিত হন এবং রক্তদান করেন। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের এই মানবিক উদ্যোগে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার

দূতাবাসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্ধুপ্রতিম রাষ্ট্র কুয়েতের এই সংকটময় সময়ে বাংলাদেশ সবসময় কুয়েতের পাশে রয়েছে। মানবিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের রক্তদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

রক্তদানে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যোগাযোগ করে স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের এই মানবিক উদ্যোগ কুয়েতি সমাজে ব্যাপক প্রশংসা পেয়েছে। কুয়েতের একজন খ্যাতিমান কলামিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে পোস্ট দিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ কুয়েতে বাংলাদেশ ও বাংলাদেশ দূতাবাসের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

এছাড়া মানবিক সংকটে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিকে রফতানিমুখী করতে হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


কৃষিকে রফতানিমুখী করতে হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: মন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, যথেচ্ছভাবে বালাইনাশক ব্যবহার পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতি ডেকে আনছে। তিনি জানান, এ ক্ষতি থেকে বাঁচতে জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির ৯০তম (বিশেষ) সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. আব্দুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. রফিকুল-ই-মোহামেদ।

মন্ত্রী বলেন, রাসায়নিক বালাইনাশক পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেকোনো বালাইনাশকের ব্যবহার শতভাগ বিজ্ঞানভিত্তিক হতে হবে। সে বিষয় বিবেচনায় রেখে মাটি ও জলজ বাস্তুসংস্থান যেন স্বাভাবিক থাকে, এমনভাবে বালাইনাশক উৎপাদন, অনুমোদন, বিপণন ও ব্যবহার করতে হবে। এছাড়া, জৈব বালাইনাশকের উৎপদান ও ব্যবহারের ওপর জোর দিতে হবে। এক্ষেত্রে, প্রাকৃতিকভাবে কীট-পতঙ্গ দমন পদ্ধতির ব্যবহারও বাড়াতে হবে।

কৃষি নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, কৃষিকে যদি রফতানিমুখী করা যায় তাহলে দেশের অর্থনীতিকে স্থায়ীভাবে শক্তিশালী করা সম্ভব। সরকারের উদ্দেশ্য কৃষিকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে রফতানিমুখী করা। এজন্য আমাদের প্রথম যেটা করতে হবে, সেটা হলো বিশ্বকে নিশ্চিত করতে হবে যে, আমাদের এখানে উৎপাদিত পণ্য আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়।

মন্ত্রী আরও বলেন, এ দেশের আলো, বাতাস, বৃষ্টি, মাটি সবকিছুই সবচাইতে সুস্বাদু শাকসবজি বা খাদ্য উৎপাদনের জন্য বিশ্বের মধ্যে সর্বোত্তম। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আজকে আমরা তা করতে পারছি না।

তিনি বলেন, দেশে পেস্টিসাইডের কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে। কিন্তু যেভাবে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে, যে কয়টা স্তরে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে, এটা আন্তর্জাতিক বাজারে পণ্য নেওয়ার জন্য উপযোগী হতে হবে। আজকের শিশু বা পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশুদ্ধ পরিবেশ দরকার। মাটির হেভি মেটালমুক্ত থাকার জন্য কিংবা নিরাপদ খাদ্য উৎপাদন করার জন্য এই পেস্টিসাইড যেভাবে কোয়ালিটি কন্ট্রোল অথবা চেক করে বাজারে যাচ্ছি, তা সঠিক কি না তা পুনঃপর্যালোচনা করা দরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিভারপুল ছাড়ছেন কোনাতে, গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


লিভারপুল ছাড়ছেন কোনাতে, গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ

লিভারপুলের ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন বলে গুজব তৈরি হচ্ছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুসারে, স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার আলোচনা চলমান রয়েছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল। তবে রিয়াল মাদ্রিদের চলমান প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

কোনাতে ইতোমধ্যে নিশ্চিত করেছেন যে, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তিনি লিভারপুল ত্যাগ করবেন। নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় অ্যানফিল্ডে তার অধ্যায়ের অবসান ঘটছে।

২০২১ সালে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন এই ফরাসি ফুটবলার। এরপর পাঁচ মৌসুমে তিনি ১৮৩ ম্যাচ খেলেছেন। ক্লাবের হয়ে একটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ এবং দুটি লিগ কাপ জয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন।

কোনাতের বিদায় লিভারপুলের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। দলের রক্ষণভাগে এখন অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব দেখা দিতে পারে বলে বিশ্লেষকরা ভাবছেন। নতুন মৌসুমের আগে আরও কিছু গুরুত্বপূর্ণ পজিশনে খেলোয়াড় আনার প্রয়োজনীয়তা রয়েছে।

বিশেষ করে আক্রমণভাগে গতির বৃদ্ধি, মিডফিল্ডে শক্তি যোগ এবং রক্ষণভাগে অভিজ্ঞতা বৃদ্ধির উপর এখন লিভারপুলের প্রধান লক্ষ্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

রাতের ভিতরে দেশের ১২ অঞ্চলে আকস্মিক ঝড়ের প্রভাব পড়তে পারে। এই ঝড়ের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে, এবং এ সময় বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এ তথ্যটি বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার পক্ষ থেকে দেওয়া এক পূর্বাভাসে জানা যায়।

পূর্বাভাস অনুসারে, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় আসতে পারে। এই ঝড়ের সঙ্গে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থা বিবেচনায় নেওয়ার জন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস সম্পর্কিত আরেকটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (৫ জুন) সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

সংস্থা আরও জানায়, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলমান রয়েছে, যা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, আর অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। জলীয় বাষ্পের প্রাচুর্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপন পারমাণবিক স্থাপনা ঘুরে যে ঘোষণা দিলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


গোপন পারমাণবিক স্থাপনা ঘুরে যে ঘোষণা দিলেন কিম

উত্তর কোরিয়া একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র উন্মোচন করেছে। এই স্থাপনা মূলত পারমাণবিক বোমার জন্য জ্বালানি উৎপাদনে সক্ষম। দেশটির নেতা কিম জং উন ঘোষণা করেছেন, তাঁর দেশ পারমাণবিক অস্ত্রভাণ্ডার ‘জ্যামিতিক হারে’ সম্প্রসারণের কাজ করবে।

বৃহস্পতিবার, উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) নতুন প্ল্যান্টের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। ছবি থেকে দেখা যায়, কিম পরিদর্শনের সময় সরু করিডোর দিয়ে হাঁটছেন। তার দুই পাশে রূপালি রঙের নল ও পাইপ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ হলের সঙ্গে সম্পর্কিত।

আরেকটি ছবিতে কিমকে একটি বৈঠক কক্ষে দেখা যায়, যেখানে টেবিলের ওপর একটি অস্পষ্ট চিত্র ছিল। এই চিত্রে শঙ্কু আকৃতির একটি বস্তুর নকশা রয়েছে, যা সম্ভবত পারমাণবিক ওয়ারহেডের নকশা হতে পারে।

কেসিএনএ জানিয়েছে, নতুন এই স্থাপনাটিতে ‘আরও উন্নত প্রযুক্তি’ ব্যবহৃত হয়েছে। তবে স্থাপনাটির অবস্থান সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

এটি তৃতীয়বারের মতো যেকোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের তথ্য প্রকাশ করলো উত্তর কোরিয়া। এর পূর্বে ২০১০ সালে ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সে এমন এক স্থাপনা প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালে আরেকটি গোপন স্থাপনার ছবি প্রকাশিত হয়। দক্ষিণ কোরিয়ার একীভূতকরণ মন্ত্রী গত সেপ্টেম্বরে বলেছিলেন, উত্তর কোরিয়ার চারটি স্থাপনায় নিয়মিত কার্যক্রম চলছে।

স্থাপনাটি পরিদর্শনের সময় কিম জং উন মন্তব্য করেন, শত্রুদের সঙ্গে মুখোমুখি অবস্থানের জন্য পারমাণবিক প্রতিরোধক্ষমতাকে গুণগত ও পরিমাণগত—উভয় দিক থেকেও শক্তিশালী করার প্রয়োজন বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে কথা বলছেন।

কিম আরও দাবি করেন, পাঁচ বছর আগের তুলনায় উত্তর কোরিয়ার ‘পারমাণবিক উপাদানের উৎপাদন সক্ষমতা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে’। বিশেষজ্ঞরা মনে করেন, কিমের লক্ষ্য হলো উত্তর কোরিয়াকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায় করা। এরপর জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করার চেষ্টা করতে পারেন তিনি। ভবিষ্যতে ওয়াশিংটনের সঙ্গে অস্ত্র হ্রাস কেন্দ্রিক আলোচনায় অংশ নিয়ে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করতে পারেন। সূত্র: কোরিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%