প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক ড্রোন হামলার পর আহতদের চিকিৎসার জন্য বাংলাদেশ দূতাবাস এগিয়ে এসেছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন নিজে রক্তদান করেন এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে নিয়ে কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান করেন।
বুধবার (৩ জুন) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ড্রোন হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন দেখা দেয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা সম্পর্কে জানতে পেরে দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে উপস্থিত হন এবং রক্তদান করেন। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের এই মানবিক উদ্যোগে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্ধুপ্রতিম রাষ্ট্র কুয়েতের এই সংকটময় সময়ে বাংলাদেশ সবসময় কুয়েতের পাশে রয়েছে। মানবিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের রক্তদানের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
রক্তদানে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যোগাযোগ করে স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের এই মানবিক উদ্যোগ কুয়েতি সমাজে ব্যাপক প্রশংসা পেয়েছে। কুয়েতের একজন খ্যাতিমান কলামিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে পোস্ট দিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ কুয়েতে বাংলাদেশ ও বাংলাদেশ দূতাবাসের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।
এছাড়া মানবিক সংকটে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন