ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কেপ ভার্ডের কোচের কড়া বার্তা আর্জেন্টিনাকে


কেপ ভার্ডের কোচের কড়া বার্তা আর্জেন্টিনাকে

বিশ্বকাপের অভিষেকেই ইতিহাস গড়েছে কেপ ভার্ডে। তারা প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে নেমেই গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট দেশটি। এখন তাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ ডিফেন্ডিং চ্যাম্পিয়ান আর্জেন্টিনা।

নকআউট পর্বে কেপ ভার্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা হলেও দলের প্রধান কোচ বুবিস্তা ভয় পাচ্ছেন না। বরং তিনি সম্পূর্ণ বিশ্বাস করেন, তার দলের জন্য কোনো কিছুই অসম্ভব নয়।

ম্যাচ-পূর্ব প্রতিক্রিয়ায় বুবিস্তা বলেছেন, "আমাদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। এখন পর্যন্ত কেপ ভার্ডে যা করেছে, তাতে আমাদের এবং দেশের মানুষদের গর্বিত হওয়া উচিত। আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য বড় সম্মানের।"

আরও পড়ুন: সৌদীতে নিহত শাহেদের লাশ গ্রহণ করলেন শামা ওবায়েদ

মাত্র পাঁচ লাখের মতো জনসংখ্যার দেশ কেপ ভার্ডে এবারের বিশ্বকাপে দারুণ লড়াকু ফুটবল উপহার দিয়েছে। তারা গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই ড্র করে ৩ পয়েন্ট সংগ্রহ করে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে উঠে আসে। একই গ্রুপের চ্যাম্পিয়ান হয় স্পেন।

কোচ বুবিস্তা জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নেওয়ার শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল নিজেদের সামর্থ্য পুরো বিশ্বের সামনে তুলে ধরা। সৌদি আরবের বিপক্ষে ড্রয়ের পর তিনি বলেন, "শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল নিজের দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরা। এই পর্যায়ে এসে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ এক ব্যাপার। ম্যাচের ফল যা-ই হোক না কেন, এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত।"

আগামী ৪ জুলাই শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্ডে। ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে কেপ ভার্ডে আরও একটি চমক দেখানোর স্বপ্ন দেখছে।

আরও পড়ুন: দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য দেয়নি সৌদি সরকার: পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষককে জুতাপেটার অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


শিক্ষককে জুতাপেটার অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা

অভিযুক্ত বিএনপি নেতা হারুনুর রশিদ পাল্টা সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি জয়পুরহাটের আক্কেলপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুতাপেটা করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রেস ক্লাব কার্যালয়ে শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ।

এর আগে, শুক্রবার (২৬ জুন) একই স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান অভিযোগ করেন যে, ২১ জুন দুপুর আড়াইটার দিকে হারুনুর রশিদ, স্থানীয় বিএনপি নেতা শাহনেওয়াজ, আতিয়ার রহমান এবং গ্রামের আওয়ামী লীগ নেতা মীর মো. আতিকুজ্জামান মুন বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে। তারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের কাগজপত্র দেখতে চান এবং নির্বাচিত সদস্যদের তালিকা পরিবর্তনের চেষ্টা করেন। আপত্তি জানালে হারুনুর রশিদ জুতা খুলে প্রধান শিক্ষকের গালে আঘাত করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন।

প্রধান শিক্ষক এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে প্রধান শিক্ষকের অভিযোগ কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শুক্রবারই রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপি হারুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে।

পাল্টা সংবাদ সম্মেলনে হারুনুর রশিদ দাবি করেন, বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের সময় প্রধান শিক্ষক ঘুষের বিনিময়ে প্রস্তাবিত দুজন বিদ্যোৎসাহী সদস্যের নাম অন্তর্ভুক্ত করেন এবং যুবলীগ নেতা আতিকুর রহমানের নাম সভাপতি হিসেবে উল্লেখ করেন। বিষয়টি অভিভাবকদের মাধ্যমে জানতে পেরে তিনি বিদ্যালয়ে যান। সেখানে বিদ্যোৎসাহী সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছে কি না জানতে চাইলে প্রধান শিক্ষক তাঁর সঙ্গে অশোভন আচরণ ও হুমকি দেন। পরে প্রধান শিক্ষক ও তাঁর ভাই তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তবে তিনি জানান, তিনি প্রধান শিক্ষককে মারধর করেননি। একই ঘটনায় তিনিও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

হারুনুর রশিদ আরো জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই স্থানীয় ব্যক্তি হিসেবে এসব অনিয়মের প্রতিবাদ করায় তাঁকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, ‘তিনি আমার ছেলেরও শিক্ষক ছিলেন। তাঁকে মারধর করার প্রশ্নই আসে না।’

অন্যদিকে, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা জানালেন, থানায় উভয় পক্ষ পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ দুটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালেমাখচিত পতাকা বিতর্ক: উগ্রবাদের শঙ্কা বনাম ঈমানী আবেগের যুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


কালেমাখচিত পতাকা বিতর্ক: উগ্রবাদের শঙ্কা বনাম ঈমানী আবেগের যুক্তি

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত কিছু পতাকা টানানোর প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে অনেক তরুণ ধর্মীয় গভীর আবেগ ও অনুভূতি থেকে এসব পতাকা ব্যবহার করছেন। তবে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

সমালোচকদের উদ্বেগ ও আন্তর্জাতিক প্রেক্ষাপট

বিষয়টি নিয়ে যারা সমালোচনা করছেন বা উদ্বেগ প্রকাশ করছেন, তাদের দাবি—কালেমা ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র ও মৌলিক বাণী হলেও অতীতে বিভিন্ন উগ্রপন্থী ও সশস্ত্র সংগঠন (যেমন: আইএস, তালেবান, আল-কায়েদা) একই ধরনের কালেমাখচিত পতাকা নিজেদের প্রতীক হিসেবে ব্যবহার করেছে।

এর ফলে বিশ্বজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে:

নিরাপত্তা শঙ্কা: অনেক দেশে এ ধরনের পতাকা নিরাপত্তা ও চরমপন্থার সঙ্গে সম্পৃক্ততার আশঙ্কায় সন্দেহের চোখে দেখা হয়।

ভুল বার্তা যাওয়ার ঝুঁকি: শুধুমাত্র ধর্মীয় আবেগ থেকে এসব পতাকা ব্যবহার না করে এর আন্তর্জাতিক প্রেক্ষাপট ও সম্ভাব্য প্রতীকী অর্থ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

জনমনে বিভ্রান্তি: কোনো প্রতীক যদি উগ্রবাদী গোষ্ঠীর পরিচয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়, তবে তা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

ভিন্ন মত: ‘কালেমা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একচেটিয়া প্রতীক নয়’

অন্যদিকে, একদল মানুষ এই সমালোচনার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তাদের বক্তব্য হলো, কালেমা মুসলমানদের ঈমানের মৌলিক ঘোষণা। এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সংগঠনের একচেটিয়া নিজস্ব প্রতীক নয়।

তাদের যুক্তি:

"কোনো উগ্রবাদী বা সন্ত্রাসী সংগঠন রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামের পবিত্র বাণী ব্যবহার করলেই, মহান কালেমাকে সেই সংগঠনের প্রতীক হিসেবে বিবেচনা করা উচিত নয়। সাধারণ মুসলিমরা তাদের বিশ্বাসের জায়গা থেকেই এটি ব্যবহার করছেন।"


বিশ্লেষকদের পরামর্শ: আবেগ বনাম বাস্তবতা

ধর্মীয় ও সামাজিক বিশ্লেষকদের মতে, এ ধরনের অত্যন্ত সংবেদনশীল বিষয়ে কেবল আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বরং সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সঠিক তথ্যের ভিত্তিতে মত প্রকাশ করা জরুরি।

তারা বলছেন, যেকোনো প্রতীক জনসমক্ষে ব্যাপকভাবে ব্যবহারের আগে তার ধর্মীয়, সামাজিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তার প্রতিও সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের আগামী নির্বাচনে কি নেতানিয়াহুর রাজনৈতিক জীবন শেষ হতে চলেছে?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


ইসরাইলের আগামী নির্বাচনে কি নেতানিয়াহুর রাজনৈতিক জীবন শেষ হতে চলেছে?

ইসরাইলের আসন্ন নির্বাচনে সম্ভবত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জায়গায় অন্য কোনো নেতা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে সেখানকার জনগণের জন্য। কারণ আঞ্চলিক যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগের কারণে এই ইসরাইলি প্রধানমন্ত্রী এরইমধ্যে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছেন।

নেতানিয়াহু ইসরাইলের দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। কিন্তু অক্টোবরে অনুষ্ঠিতব্য আসন্ন সাধারণ নির্বাচনের কারণে এখন পর্যন্ত তিনি সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, এবং এটি তার প্রায় চার দশকের রাজনৈতিক জীবনের এক তিক্ত পরিসমাপ্তি ঘটাতে পারে।

এর পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক ঘটনাপ্রবাহ। গত ২৮ ফেব্রুয়ারি নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার সঙ্গে যোগ দিতে রাজি করানোর পর তেহরান ইসরাইলসহ উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাদের ওপর পাল্টা হামলা শুরু করে।

উত্তরে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরাইল আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর ফলে নেতানিয়াহু একদিকে লেবাননে সামরিক অভিযান বন্ধ করার মার্কিন চাপ এবং অন্যদিকে ইরান ও তার আঞ্চলিক মদতপুষ্টদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আগ্রহী ইসরাইলি জনগণের মাঝে আটকা পড়েছেন।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাস-নেতৃত্বাধীন হামলার আগে ও পরে তার সরকারের ব্যর্থতা নিয়ে একটি স্বাধীন প্রকাশ্য তদন্ত করতে না পারায় নেতানিয়াহু বিশাল জনরোষের সম্মুখীন হয়েছেন।

গাজায় পরবর্তী গণহত্যার পর, ইসরাইল তার কর্মকাণ্ডের জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক তদন্তের সম্মুখীন হওয়ার পাশাপাশি কয়েকটি দেশের কাছে একঘরে হয়ে পড়েছে এবং মার্কিন রাজনৈতিক মহলে আরও সোচ্চার সমালোচনার মুখে পড়েছে।

এদিকে, নেতানিয়াহু এখনও ২০১৯ সাল থেকে শুরু হওয়া একাধিক দুর্নীতির অভিযোগের মুখোমুখি, এবং এগুলিতে দোষী সাব্যস্ত হলে সম্ভবত তিনি কারাবাসে যেতে পারেন।

সর্বোপরি, ইসরাইলি নির্বাচনটি নেতানিয়াহু এবং দেশটির জন্য অন্যতম সংকটময় একটি মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক নিমরোড ফ্ল্যাশেনবার্গ আল জাজিরাকে বলেছেন, মনে হচ্ছে (নেতানিয়াহু) সত্যিকার অর্থে বিপদে পড়েছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তিটি জনসমর্থন পায়নি এবং লেবাননে যে ঘটনা ঘটছে, তা জনগণের কাছে একেবারেই স্পষ্ট নয়। এখানকার গণমাধ্যম থেকেও পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না।

ইসরাইলি জনগণ নিজেদের দেশের নিরাপত্তার জন্য মার্কিন সমর্থনের গুরুত্ব সম্পর্কে ভালভাবে অবগত। এখন, লেবানন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পূর্ণ ভিন্ন মত দেখা যাচ্ছে; ট্রাম্প যুদ্ধ কমিয়ে আনতে আগ্রহী, যাতে ইরানের সাথে শান্তি বজায় থাকে এবং হরমুজ প্রণালীতে নৌচলাচল স্বাভাবিক হতে পারে।

ইরান জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শেষ করার চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে, তাই দক্ষিণ লেবাননে যেকোনো নতুন ইসরাইলি হামলা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

যদিও ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) ইসরাইল-লেবানন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

ইতালির রাজধানী রোমে স্ত্রী ও মেয়েসহ নিহত প্রবাসী বাংলাদেশি কামাল উদ্দিন বাবুলকে প্রায় এক বছর আগে হত্যার হুমকি দিয়ে গ্রামের বাড়িতে একটি উড়ো চিঠি পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন তার বাবা সিরাজুল ইসলাম। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে শোকের মাতমের মধ্যেই তিনি এ দাবি তুলে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শনিবার (২৭ জুন) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে নিহত কামাল উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শোকাহত পরিবারকে সান্ত্বনা জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন স্বজন ও পরিচিতজনরা।

নিহত কামালের বাবা সিরাজুল ইসলাম বলেন, “প্রায় এক বছর আগে আমার ছেলে দেশে এলে তাকে হত্যার হুমকি দিয়ে আমাদের বাড়িতে একটি উড়ো চিঠি পাঠানো হয়েছিল। বিষয়টি আমরা মৌখিকভাবে কোম্পানীগঞ্জ থানাকে জানিয়েছিলাম। তিনি আরও জানান, শুক্রবার (২৬ জুন) ইতালির স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডে জড়িত রয়েছে নিহত বাবুলের বন্ধু একই গ্রামের প্রবাসী শাহাদাত।  

নিহতরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী মমতাজ বেগম আরজু (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরওয়া ইসলাম আরিশা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের ছেলে আমির হোসেন অয়ন (১৮)।

স্থানীয়রা জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। ইতালির আইনশৃঙ্খলা বাহিনী নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং আহত অয়নকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

ইতালির বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে ওই আবাসিক ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। খবর পেয়ে রোম পুলিশের বিশেষ শাখা ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম বলেন, তৎকালীন সময়ে ভুক্তভোগী পরিবার মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানিয়েছিল। এরপর পুলিশ নিয়মিত রাত্রীকালীন টহলের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%