০৯:২৪ এম
মাত্র ১২ দিনের ব্যবধানে তুরস্কের সামরিক বাহিনীর আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন সময়ে এই দুর্ঘটনার ফলে হেলিকপ্টারটিতে থাকা পাঁচ সেনাসদস্যের সবাই নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে এই ঘটনা ঘটে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিমান বাহিনীর এএস-৫৩২ কুগার সিরিজের হেলিকপ্টারটি প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারটির পাঁচ আরোহী নিহত হন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি এসকিশেহির প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণ উড়ার পর প্রদেশটির তেপেবাসী জেলার একটি খোলা তৃণভূমিতে এটি ভূপাতিত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি সেবা ও উদ্ধারকারী দলের সদস্যরা পৌঁছান। তুরস্কের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থলে জরুরি পরিষেবার যানবাহন দেখা গেছে।
আরও পড়ুন: আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস, প্রতি ১০ মিনিটে খুন ১
কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এএস-৫৩২ কুগার ফ্রান্সে তৈরি দুই ইঞ্জিনবিশিষ্ট বহুমুখী সামরিক হেলিকপ্টার। এটি সেনা পরিবহনসহ বিভিন্ন সামরিক কাজে ব্যবহৃত হয়।
এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি এস-৭০ সিরিজের হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় চার সেনাসদস্য নিহত হন। ওই দুর্ঘটনার কারণও এখনো জানা যায়নি।
ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সামরিক বাহিনী অন্যতম বৃহৎ। ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনা মোতায়েন রয়েছে। তথ্যসূত্র: এএফপি, এনডিটিভি
আরও পড়ুন: মালয়েশিয়ায় বিদেশিদের প্রবেশ বাধাতে শীর্ষ তালিকায় ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ভারত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন