ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ


মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ আয়োজনকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, অভিযুক্তরা মাদক কারবারের সঙ্গে জড়িত।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফখরুল ইসলাম (৩২) সদর উপজেলা ছাত্রদলের সহসভাপতি এবং অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

ছাত্রদল নেতা ফখরুল অভিযোগ করে বলেন, গত শনিবার উপজেলার ডাক্তারহাট ও বেল্লা কোটরা এলাকায় তার নেতৃত্বে একটি মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তাদের সংশোধনের আহ্বান জানান। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় মাদক কারবারিরা।

তিনি আরও জানান, সোমবার বিকেলে তার দুবাই প্রবাসী মামা মো. ইয়াসিন সোহেল ডাক্তারহাট বাজার এলাকা থেকে মাটি কিনে বাড়ি ভরাটের কাজ করছিলেন। এ সময় মাদকবিরোধী সমাবেশের জেরে কয়েকজন সেখানে বাধা দেয়। বিষয়টি জানতে গিয়ে তিনি হামলার শিকার হন বলে দাবি করেন। তার ভাষ্য, মাদক কারবারি শরীফ উল্যাহ সুমনের নেতৃত্বে কয়েকজন তাকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে।

ফখরুল অভিযোগ করে আরও বলেন, রাত সাড়ে ১১টার দিকে শরীফ উল্যাহ সুমনের নেতৃত্বে রবিউল হোসেন রুবেল (৩৩), মো. জুয়েল (৩৫), মো. কালা (৩২), দুলাল ও মো. নাছিরসহ কয়েকজন তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার বৃদ্ধ মা-বাবাকে মারধর করা হয়। বসতঘরের জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয় এবং ঘরের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

ফখরুল ইসলামের মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, হামলাকারীরা ঘরে ঢুকে তাকে ও তার স্বামীকে মারধর করে এবং ঘরের জানালার সব থাই গ্লাস ভেঙে ফেলে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলে রাজনীতি করা কি অপরাধ হয়ে গেছে? আওয়ামী লীগের আমলেও নির্যাতিত হয়েছি, এখন বিএনপির আমলেও নির্যাতনের শিকার হচ্ছি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শরীফ উল্যাহ সুমন। তিনি বলেন, ফখরুল ও রুবেলের সঙ্গে আমি যৌথভাবে মাটির ব্যবসা করি। ফখরুল আমাদের না জানিয়ে তার মামার কাছে মাটি বিক্রি করে। এ নিয়ে বাধা দিলে আমার সাথে তার মারামারি হয়। পরে ফখরুল লোকজন নিয়ে প্রথমে আমার প্রজেক্টে হামলা ও ভাঙচুর চালায়। রাতে আমি তার বাড়িতে গেলে সঙ্গে থাকা কয়েকজন ছোট ছেলে ইট ছুড়ে জানালার থাই গ্লাস ভেঙে দেয়। তবে তার মা-বাবাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, হামলার বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীর স্ত্রী-কন্যাকে ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


প্রবাসীর স্ত্রী-কন্যাকে ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় ডাকাতি করার উদ্দেশ্যে গিয়ে এক প্রবাসীর স্ত্রী ও তার দশম শ্রেণিতে অধ্যয়নরত মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। সোমবার (৮ জুন) রাত আড়াইটার সময় উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ থানার একাধিক টিম ঘটনাস্থলে পৌছে অধিকতর তদন্তে মাঠে রয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে বর্তমানে ওই বাড়িতে অবস্থানরত প্রবাসীর স্ত্রী ও তার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা মারুফ জানান, তার বোন ও তার স্কুল পড়ুয়া মেয়েকে পাশবিক অত্যাচার করেছে ডাকাতদল। বর্তমানে তাঁর ভাগ্নির অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকরা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসা দিচ্ছেন।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আটক হওয়া ব্যক্তিরা হলেন- রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদ। তারা পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বাসিন্দা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই বিষয় ঘিরে কথা বলেন।

তিনি জানান, আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্যমে ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ায় বিটিভি এবার প্রায় বিনা খরচে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করতে পারবে।

আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি উল্লেখ করেন, বিগত সময়ে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব অর্জনে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ ছিল। কিন্ত বর্তমান সরকার জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে স্বচ্ছতার ভিত্তিতে সম্প্রচার স্বত্ব অর্জনের উদ্যোগ গ্রহণ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণ করার পর বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথম দিকে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। তবে সরকার সেই প্রস্তাবে সম্মত না হয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করে।

ইয়াসের খান চৌধুরী জানান, এই প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং এর সভাপতি তাবিথ আউয়ালকে সম্পৃক্ত করা হয়। দীর্ঘ আলোচনা ও দরকষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় হবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।’

তিনি আরও বলেন, সম্প্রচার স্বত্ব বাবদ অর্থের প্রায় পুরোটাই টেলিযোগাযোগ কোম্পানি, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচার অধিকার বিক্রির মাধ্যমে আদায় করা সম্ভব হয়েছে। ফলে বিটিভির নিজস্ব আর্থিক দায় থাকবে না।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমুখী সেবায় নিয়োজিত রাখা। এই উদ্যোগ দেশবাসীর জন্য একটি উদাহরণ।

তিনি দেশবাসীর ফুটবলপ্রেমীদের অভিনন্দন জানিয়ে বলেন, সকল জটিলতা কাটিয়ে দেশের কোটি কোটি দর্শক এবার বিটিভির মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের খেলা উপভোগ করতে পারবে।

সংবাদ সম্মেলনে প্রধান মন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বিটিভির মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামমাত্র খরচে বিটিভিতে বিশ্বকাপ, স্বত্ব বিক্রির মাধ্যমেই উঠে এসেছে সম্প্রচার ব্যয় : তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


নামমাত্র খরচে বিটিভিতে বিশ্বকাপ, স্বত্ব বিক্রির মাধ্যমেই উঠে এসেছে সম্প্রচার ব্যয় : তথ্য প্রতিমন্ত্রী

ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য ফিফার সঙ্গে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, টেলিকম অপারেটর, স্যাটেলাইট চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে সম্প্রচারস্বত্ব ও বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে প্রায় পুরো অর্থ উঠানো সম্ভব হয়েছে। ফলস্বরূপ, নামমাত্র খরচে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিশ্বকাপের খেলা সম্প্রচার করতে সক্ষম হবে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রদান করেছেন। প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা ফিফার সঙ্গে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাচ্ছি। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট এবং আয়করসহ মোট মূল্য দাঁড়াবে ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা। স্বত্ব বিক্রির মাধ্যমেই উঠে এসেছে সম্প্রচার ব্যয় উল্লেখ করে তিনি আরো বলেন, জনগণের জন্য একটি আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। আমরা টেলকো, স্যাটেলাইট চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপন ও রাইটস বিক্রি করে প্রায় সব টাকা আদায় করতে সক্ষম হয়েছি। তাই নামমাত্র খরচে বিটিভি খেলা দেখাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনটি শিশুর মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্যটি প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ৮৬ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৫৩৯ জনে পৌঁছেছে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৯২ শিশু। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনটি শিশু ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিল।

বিজ্ঞপ্তিতে এও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারা দেশে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৮০ জন, যাদের মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৫৪ জন। সব মিলিয়ে গত ৮৬ দিনে সন্দেহজনক হামের আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮৪ জনে পৌঁছেছে। এদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৩৩ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ১ হাজার ১৪ জনসহ মোট ৬২ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%