ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

শাহবাগে ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি


শাহবাগে ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ৯ হাজার ৮৪২ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পাননি। তারা দ্রুত নিয়োগের দাবিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) শাহাবাগে অবস্থান কর্মসূচিতে সুপারিশবঞ্চিত প্রার্থীরা তাদের দাবি জানান।

প্রার্থীদের বক্তব্য অনুযায়ী, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০১৫ সালের বিধি ৯-এর উপবিধি ২(খ) অনুসারে, ১৮তম শিক্ষক নিবন্ধনে ৬০ হাজার ৬৩৪ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়েছিল। এই পরীক্ষার পাসের হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ।

আরও পড়ুন: ১-১২তম নিবন্ধনধারীদের সংবাদ সম্মেলনে তিন দাবি উত্থাপন

অন্যদিকে, ১৭তমসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট ৫৩ হাজার ৩৪০ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন। তবে একই যোগ্যতা থাকা সত্ত্বেও ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন এখনো সুপারিশবঞ্চিত রয়েছেন।

প্রার্থীদের অভিযোগ, তিন ধাপের কঠিন প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার পরও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ যুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বারবার আবেদনের সুযোগ দেওয়ার কারণে তারা দুইবার নিয়োগের সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন।

তারা দাবি করেন, ২০২৪ সালের ২৫ জানুয়ারির পরিপত্রের ৪.১ ধারা অনুযায়ী প্রতি তিন মাস অন্তর গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ রয়েছে। কিন্তু চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ না পাওয়ায় তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং ব্যক্তিজীবনে দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।

আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে প্রার্থীরা জানান, দাবি আদায়ে তারা এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন আন্দোলন করেছেন।

আরও পড়ুন: শেরপুরে গণিত উৎসবে ৫০ শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি

সবশেষ গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাত্রিযাপনসহ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় এনসিটিবি ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন, দাবিকে যৌক্তিক বলে স্বীকার করেন এবং তাৎক্ষণিকভাবে মুঠোফোনে এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রার্থীদের আশ্বস্ত করেন।

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি মূল দাবি তুলে ধরেছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। দাবিগুলো হলো—

১. ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা।

২. বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এবং প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা।

আরও পড়ুন: নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে নতুন কোডিং পদ্ধতি চালু

৩. সনদের মেয়াদ ও বয়সের সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ ২০ বছর পর বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


দীর্ঘ ২০ বছর পর বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন পদে চার সাংবাদিকসহ মোট ২১ জন বিজয়ী হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১০১ জন ভোটারের মধ্যে ৯৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসকেন্দার হোসেন ৩৩ ভোট পান। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ মো. আশিকুর রহমান ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ ইস্তিয়াক আহমেদ ২৮ ভোট পান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সেখ সাকির হোসেন ৬৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন এবং শেখ ওমর আলী মুন্না ৬৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নাহিদুল ইসলাম ৩২ ভোট পান। কোষাধ্যক্ষ পদে এম এস আলম ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যতীন্দ্রনাথ বিশ্বাস ৩৪ ভোট পান।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মো. ইয়ামিন আলী, এফ,এম মাহিন মোঃ মামুন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান, সৈয়দ মোস্তফা আল মামুন, আল আমিন খান, বাংলাভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, মোহাম্মদ ফরিদুজ্জামান, আহম্মেদ হামিম রাহাত, শেখ তানবীর আবিদ এবং বিশ্বনাথ গৌতম বাবু। সংরক্ষিত মহিলা সদস্য পদে নার্গিস আরা এ্যানি নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে এম এ সালাম, মশিউর রহমান, এ্যাড. মোঃ শহিদুল ইসলাম এবং মোঃ হাসিবুর রহমান নির্বাচিত হন। সংরক্ষিত উপজেলা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ আবুল কালাম আজাদ বুলু ও জিয়াউর রহমান নির্বাচিত হন। এছাড়া, পদাধিকার বলে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

দীর্ঘ দুই দশক পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাওয়ায় বাগেরহাটের ক্রীড়াঙ্গনে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং মাঠ ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ামিতে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, আহত দুজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


মিয়ামিতে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, আহত দুজন

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে চলাকালীন কোপা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে ইউপিএসের একটি কার্গো বিমানের সংঘর্ষ ঘটেছে। এই ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন। শনিবার রাতে স্থানীয় সময় এ ঘটনা ঘটে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের দুটি ট্যাক্সিওয়ের সংযোগস্থলে সংঘর্ষটি ঘটে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানায়, কোপা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্ত ইউপিএসের বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশে আঘাত করে। উভয় বিমানই তখন ট্যাক্সিওয়েতে চলছিল।

এফএএ জানায়, কোপা এয়ারলাইন্সের বিমানটি অবতরণের পর গেটের দিকে যাচ্ছিল। অপরদিকে, ইউপিএসের বিমানটি কলম্বিয়ার রাজধানী বোগোতায় যাওয়ার জন্য উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউপিএসের ক্রুদের কোপা এয়ারলাইন্সের বিমানটিকে আগে যেতে বলেছিল। সংঘর্ষের কারণ কীভাবে ঘটেছে, তা তদন্ত করছে এফএএ।

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ পরিচালক ক্রেগ চিন জানান, সংঘর্ষের ফলে দুজন আহত হয়েছেন। তাঁদের ঘটনাস্থলে চিকিৎসা প্রদান করা হয়েছে, তবে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অন্যান্য ট্যাক্সিওয়ে ব্যবহার করে বিমান চলাচল পরিচালনা করা হয়েছে এবং এ ঘটনায় বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েনি।

কোপা এয়ারলাইন্সের এক যাত্রী সিএনএনকে জানান, অবতরণের পর স্বাভাবিক গতিতে তাঁদের বিমানটি পার্কিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় তিনি বিকট শব্দ শুনতে পান। এরপর যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। সংঘর্ষের ধাক্কায় বিমানের ভেতরে থাকা যাত্রীরা তীব্র ঝাঁকুনি অনুভব করেন।

ওই যাত্রী আরও জানান, প্রথমে কয়েকজন যাত্রী ভয় পেয়ে গেলেও কোপা এয়ারলাইন্সের ক্রুরা দ্রুত সবাইকে শান্ত করেন এবং আসনে বসিয়ে রাখেন।

এদিকে ইউপিএস এক বিবৃতিতে জানায়, মিয়ামিতে তাদের একটি বিমানের সঙ্গে সংঘর্ষের ঘটনা সম্পর্কে তারা অবগত। বিমানের ক্রুরা নিরাপদে আছেন এবং ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সোলজার’ নিয়ে মন খারাপের কিছু নেই, জানালেন তিশা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


‘সোলজার’ নিয়ে মন খারাপের কিছু নেই, জানালেন তিশা

প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কারণ, তার বিপরীতে রয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। বড় বাজেটের সিনেমা ‘সোলজার’-এ অভিনয়ের প্রস্তুতি ও শুটিংয়ের জন্য দীর্ঘ সময় অন্য কোনো কাজে যুক্ত হননি এই অভিনেত্রী। তবে সিনেমাটির শুটিং হঠাৎ থমকে যায়, যখন অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে যায়।

গুঞ্জন রয়েছে, নভেম্বরে আবারও দৃশ্যধারণ শুরু হতে পারে। এর মধ্যেই ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান। ফলে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে শিগগিরই ফেরার সম্ভাবনা নেই শাকিবের। স্বাভাবিকভাবেই ছবিটির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এমন পরিস্থিতির মধ্যেও ‘সোলজার’ নিয়ে হতাশা প্রকাশ করেননি তানজিন তিশা। তিনি জানান, ছবিটি নিয়ে তার মন খারাপের কিছু নেই। নিজের প্রথম সিনেমাটি নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। শুটিংয়ের জন্য তার শিডিউল প্রস্তুত রয়েছে। কাজ শুরু হলেই আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে প্রস্তুত এই অভিনেত্রী।

তানজিন তিশা বলেন, ‘“সোলজার” সিনেমা নিয়ে আমার শিডিউল ওপেন। সিনেমার শুটিং শুরু হলেই আমি যুক্ত হব। এমন নয় যে আমার সঙ্গে কিছু হয়েছে। আমি আগ্রহ নিয়েই শুটিংয়ের অপেক্ষা করছি।’

শুটিং বন্ধ থাকলেও এই সময়টা নিজের ব্যবসা নিয়ে ব্যস্ততায় কাটছে তিশার। তবে সিনেমাটির কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো বড় প্রকল্পে যুক্ত হওয়ার পরিকল্পনা তার নেই। এর আগে ‘সোলজার’-এর জন্য টানা চার মাস অন্য কোনো কাজ করেননি। তখনো সিনেমাটির জন্য শিডিউল ফাঁকা রেখেছিলেন। এখনো তিনি শুটিং শুরুর অপেক্ষায় রয়েছেন।

এ প্রসঙ্গে তিশার স্পষ্ট বক্তব্য, ‘“সোলজার” আমার কাছে এখনো প্রধান প্রায়োরিটি।’

তবে পছন্দের এই সিনেমার শুটিং হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় নানা প্রশ্নের উদ্ভব হয়েছে। ঈদে সিনেমাটি মুক্তি পাবে কি না, তা নিয়েও এখনো রয়েছে অনিশ্চয়তা। শুটিং বন্ধ থাকার কারণ নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়েছে। কোথাও কোথাও দাবি করা হচ্ছে, সিনেমাটির কয়েকজন অভিনয়শিল্পী এখনো পারিশ্রমিক পাননি। এ কারণে পাওনা বুঝে না পাওয়া পর্যন্ত কেউ কেউ শুটিংয়ে অংশ নিতে চাইছেন না।

জানা গেছে, সিনেমাটির গানের অংশের দৃশ্যধারণ এখনো বাকি। কবে নাগাদ আবার শুটিং শুরু হবে, তা জানতে পরিচালক সাকিব ফাহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ অক্টোবর শুরু হয় ‘সোলজার’ সিনেমার শুটিং। প্রথম দিন দৃশ্যধারণ শুরু হলেও সেদিন শুটিংয়ে অংশ নেননি শাকিব খান। পরে তিনি ও সিনেমার অন্য প্রধান অভিনয়শিল্পীরা শুটিংয়ে যোগ দেন। সে সময় সিনেমায় শাকিব খানের নতুন লুকও বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ভেতরে-বাইরে অরাজকতা চালাচ্ছে ফ্যাসিবাদী শক্তি : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


দেশের ভেতরে-বাইরে অরাজকতা চালাচ্ছে ফ্যাসিবাদী শক্তি : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন যে, দেশের ভেতরে-বাইরে থেকে অরাজকতা চালানো হচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, ফ্যাসিবাদী শক্তি পতন ঘটলেও থেমে নেই এবং গোপনে নাশকতা চালাচ্ছে। আগুন লাগানো এবং বোমাবাজির মতো কার্যক্রমে তারা লিপ্ত রয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি এই মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, সড়ক, মহাসড়ক ও রেলপথে পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে-বাইরে অরাজকতা সৃষ্টি করছে। তিনি উল্লেখ করেন, পতিত হাসিনার দণ্ড হয়েছে এবং দেশে ফিরে আসলে তার দণ্ড কার্যকর হবে।

তিনি বলেন, ফ্যাসিস্টদের মালিকানাধীন গার্মেন্টস শিল্পে অরাজকতা চলছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, কিন্তু এটি সম্ভব হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%