০৬:০২ পি.এম
চীনের হুবেই প্রদেশে টর্নেডোর আঘাতে অন্তত ৮ জনের মৃত্যু ঘটেছে। পাশাপাশি ঘূর্ণিঝড় মেইসাকের প্রভাবে গুয়াংসিতে সর্বোচ্চ বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে একাধিক মানুষের মৃত্যু বিষয়েও খবর পাওয়া গেছে।
চীন আজ টর্নেডো ও বন্যায় বিপর্যস্ত। পূর্বাঞ্চলীয় হুবেই প্রদেশে টর্নেডো, বজ্রঝড় এবং দমকা হাওয়া মিলে হতাহতের ঘটনা ঘটছে। হুয়াংশি, হুয়াংগ্যাং, এঝৌ এবং শিয়াননিং শহরের বিভিন্ন এলাকা বজ্রঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বাতাসের তীব্রতা লেভেল-১৩ পর্যন্ত পৌঁছেছে।
কর্তৃপক্ষ জানায় যে, টাইফুন মেইসাকের অবশিষ্টাংশ থেকে আসা উষ্ণ আর্দ্র বায়ু এবং উত্তর দিকের শীতল বায়ুর সংমিশ্রণে এই টর্নেডোটির সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: মিশিগানে মধ্যবর্তী নির্বাচন ঘিরে প্রতিবেশীদের মধ্যে তীব্র রাজনৈতিক বিভাজন
এছাড়া, মেইসাকের প্রভাবে চীনের গুয়াংসি অঞ্চলে অতি ভারী বৃষ্টির ফলে একটি জলাধারের বাঁধের অংশ ভেঙে পড়েছে। নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় সেখানে প্রায় ৯০ লাখ মানুষের জন্য বন্যা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।
এদিকে, পশ্চিম প্রশান্ত মহাসাগরে শক্তি বৃদ্ধি করে ভয়াবহ সুপার টাইফুনে রূপ নিয়েছে ‘বাভি’। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানিয়েছে, গুয়াম, টিনিয়ান, সাইপান এবং রোটা দ্বীপের ওপর দিয়ে অগ্রসর হওয়ার সময় বাভির সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার। বর্তমানে এটি পশ্চিমমুখী হয়ে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে।
ভারতে এখন মৌসুমি বৃষ্টির প্রভাব বাড়ছে। মহারাষ্ট্রের পাহাড়ি পর্যটনকেন্দ্র লোনাভালায় জলাবদ্ধতায় আটকে পড়া স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র এবং কর্ণাটক রাজ্যে ভারী বৃষ্টির জন্য আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করেছে। গুজরাটের বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ার কারণে সেখানে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।
আরও পড়ুন: ১০ বছর পর মক্কা প্রতিরক্ষা চুক্তি থেকে বের হতে পারবে সদস্য দেশগুলো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন