ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নারীদের স্বাবলম্বী করতে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সমাজকল্যাণ মন্ত্রী


নারীদের স্বাবলম্বী করতে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ বা সনদ প্রদানের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।

মন্ত্রী আরও জানান, নারীদেরকে বাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী প্রশিক্ষণ, ব্যবসা শুরুর জন্য প্রারম্ভিক মূলধন (সিড মানি) এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হবে।

বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে মাঠপর্যায়ের পারফরম্যান্স ও দক্ষতার মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট সমিতি ও সংস্থাগুলোকে সরকারি অনুদান ও সহায়তা প্রদান করা হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর লক্ষ্য এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে সবাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের সামগ্রিক কল্যাণে কাজ করবে। সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ধর্ম, বর্ণ, পাহাড়ি-সমতল এবং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে নাগরিকদের সমান অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হচ্ছে। এর মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের কাছে রাষ্ট্রীয় সহায়তা স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া হবে।

উদ্যোক্তা তৈরি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, জেলা পর্যায়ের ট্রেনিং সেন্টারগুলোকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করে অবিলম্বে পূর্ণাঙ্গরূপে সচল করা হবে। তিনি প্রশিক্ষণ শেষে সব প্রশিক্ষণার্থীর বিস্তারিত তথ্য এমআইএস-এ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেন।

মন্ত্রী জানান, বিশ্বব্যাপী দ্রুত বিকাশমান ‘কেয়ার ইকোনমি’তে নারীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা পর্যায়ে আধুনিক ‘কেয়ার গিভিং’ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে সেবা কার্যক্রম দ্রুততর করতে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিদ্যমান শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: ফেনীতে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলর আটক

এ সময় সমাজে নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রথা এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সর্বস্তরের জনগণকে নিয়ে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে সাধারণ অনুদান হিসেবে তিনটি ক্যাটাগরিতে ৩ হাজার ১৮০টি সমিতিকে ৮ কোটি ১৫ লাখ ২ হাজার ৬০০ টাকা, ঘূর্ণায়মান অনুদান হিসেবে ৪০টি জেলার ৭০টি সমিতিকে ৩৫ লাখ টাকা এবং স্বেচ্ছাধীন অনুদান হিসেবে ২১টি জেলার ৬৯টি সমিতিকে ২৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকার চেক বিতরণ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদান বিতরণ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শায়লা শার্মিন জামান। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহ্বুবসহ মন্ত্রণালয়, অধীনস্থ দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


নাটোরে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সম্পন্ন

নাটোর, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপটে নাটোরে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী ৬ মাসের মধ্যে জেলায় ৭ হাজার ৯৫৩ জন নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

নতুন তালিকা অনুযায়ী নাটোর জেলার মোট ভোটারের সংখ্যা এখন ১৫ লাখ ৫৪ হাজার ৯৬১ জন। এর মধ্যে নারীর সংখ্যা ৭ লাখ ৮০ হাজার ২৯০ জন, পুরুষ ৭ লাখ ৭৪ হাজার ৮৫২ জন এবং তৃতীয় লিঙ্গের ১৭ জন।

জেলার ৭টি উপজেলার ৫২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৪৩ হাজার ৩১১ জন এবং ৮টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৯১৪ জন।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নাটোরে মোট ভোটারের সংখ্যা ছিল ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এর মধ্যে নারীর সংখ্যা ছিল ৭ লাখ ৭৬ হাজার ৫০৪ জন, পুরুষ ৭ লাখ ৭০ হাজার ৬৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ১৭ জন।

জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান বাসস’কে জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে জেলার মোট ৬০২টি ভোট কেন্দ্র পুনঃবিন্যাস করা হলেও ভোট কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য অঞ্চলে শান্তি ফেরাতে সমন্বিত পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


পার্বত্য অঞ্চলে শান্তি ফেরাতে সমন্বিত পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করার জন্য এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান পরিচালনা করে সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব নয়। সরকারের মূল লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজের অন্ধকার দূর করা।

 

গতকাল বুধবার রাতে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকি সংক্রান্ত এক বিশেষ সভা শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, গোলাগুলি হলে তাৎক্ষণিকভাবে পুলিশ, বিজিবি বা আর্মি পাঠিয়ে কিছু অস্ত্র উদ্ধার করা একটি সাস্টেইনেবল (টেকসই) সমাধান নয়। তিনি বলেন, যদি মানুষের মাঝে আত্মকর্মসংস্থান এবং উন্নত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা যায়, তাহলে অবৈধ অস্ত্রের ঝনঝনানি ও সহিংসতা স্বাভাবিকভাবেই কমে আসবে।

তিনি আরও বলেন, কোনো স্থায়ী পরিবর্তন রাতারাতি সম্ভব নয়।

 

সরকার একটি আইনি, সামাজিক, শিক্ষাগত এবং অর্থনৈতিক হোলিস্টিক অ্যাপ্রোচ (সমগ্রতাবাদী পদ্ধতি) নিয়ে এগোচ্ছে।

দুর্গম এলাকায় আলো ছড়াতে ই-লার্নিং ও কোয়ালিটি এডুকেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষায় সমতা আনলে পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বৈষম্য দূর হবে এবং পাহাড়ি অঞ্চলের কৃষক যেন পণ্যের ন্যায্যমূল্য পায়, তার সুব্যবস্থা করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, স্বাবলম্বী ও সুস্থ জীবনযাপনে অভ্যস্ত কোনো মানুষ সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী কাজে জড়িত হতে চায় না।

গণতন্ত্র ও সুশাসনের মূলনীতি উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠনমূলক সমালোচনার পথ উন্মুক্ত করেছিলেন, যা গণতন্ত্রের মূল সৌন্দর্য।

 

জনগণই দেশের প্রকৃত মালিক। সমাজ ও জাতির স্বার্থের পরিপন্থী সব কর্মকাণ্ড পরিহার করে পার্বত্য অঞ্চলকে মাদকমুক্ত ও শান্তিময় হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু, পুলিশ সুপার মো. আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনসহ জেলা বিএনপি ও সুশীল সমাজের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মাস আগে পদত্যাগ করা কোচকেই আবার দায়িত্ব দিল ঘানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


দুই মাস আগে পদত্যাগ করা কোচকেই আবার দায়িত্ব দিল ঘানা

কার্লোস কুইরোজ ঘানার কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন বিশ্বকাপ ব্যর্থতার কারণে। দুই মাস আগে পদত্যাগের পর, ঘানা আবারো তাকে দায়িত্ব দিয়েছে।

 

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) আনুষ্ঠানিকভাবে কুইরোজকে নতুন মেয়াদে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ‘কার্লোস কুইরোজের সঙ্গে আবার চুক্তি করতে পেরে আমরা আনন্দিত।’

তবে কুইরোজের সঙ্গে কত বছরের জন্য চুক্তি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কুইরোজের নতুন অধ্যায় শুরু হবে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাই পর্বের মাধ্যমে।

 

২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর তার প্রথম প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট। এর আগে, বিদায়ী বার্তায় ৭৩ বছর বয়সী কোচ কুইরোজ লিখেছিলেন, ‘ঘানার উদ্দেশ্যে বলতে চাই—জীবন আর ফুটবল আমাদের চিরন্তন এক শিক্ষাই দেয়; এখানে হয় আপনি জিতবেন, না হয় কিছু শিখবেন। গর্ব নিয়েই এই সফর শেষ করছি, তবে মনে সেই অতৃপ্তিটুকুও রয়ে গেছে যা মানুষকে আরো বড় কিছুর দিকে তাগিদ দেয়। একটি উচ্চতায় পৌঁছানোই কখনো শেষ গন্তব্য হওয়া উচিত নয়, বরং তা হওয়া উচিত আরো বড় কোনো স্বপ্নের শুরু।’

 

’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেউতা অভিবাসী সংকট : স্পেনজুড়ে বিক্ষোভ, চাপে সানচেজ সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


সেউতা অভিবাসী সংকট : স্পেনজুড়ে বিক্ষোভ, চাপে সানচেজ সরকার

স্পেনের বিচ্ছিন্ন অঞ্চল সেউতায় বিপুলসংখ্যক অভিবাসী প্রবেশের ঘটনায় সরকারের ভূমিকার বিরুদ্ধে দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবি তুলেছেন।

বিরোধী দলগুলো অভিযোগ করেছে যে, সানচেজ সরকার সেউতার বাসিন্দাদের সংকটের মধ্যে ফেলে রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডানপন্থী রাজনৈতিক দলগুলো অভিবাসী সংকটকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। গত ৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে অন্তত ৭২ হাজার অভিবাসী সেউতায় প্রবেশ করেন। তাদের মধ্যে বেশিরভাগকেই পরে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

এখনো প্রায় ৫ হাজার মানুষ অস্থায়ী শরণার্থী শিবিরে অবস্থান করছেন। অনেকে শহরের বিভিন্ন সড়ক ও সমুদ্রসৈকতে অবস্থান করছে। এই পরিস্থিতিতে সেউতায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে এটি সানচেজ সরকারের জন্য একটি বড় রাজনৈতিক সংকট তৈরি করেছে।

 

স্থানীয় বাসিন্দারা প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন। তাদের দাবি, সেউতায় প্রবেশ করা অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে। পাশাপাশি স্পেনের বিভিন্ন অঞ্চলে তাদের পুনর্বণ্টনের দাবিও উঠেছে। বুধবার স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভের ডাক দেওয়া হয়। এসব শহরের অনেকটিতে বিরোধী রক্ষণশীল দল পিপি এবং কট্টর ডানপন্থী ভক্স পার্টি সরকার পরিচালনা করছে অথবা দল দুটির উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে।

 

রাজধানী মাদ্রিদেও বড় একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, সেখানে ৫০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভে পিপির নেতা আলবের্তো নুনিয়েস ফেইহো অংশ নেন। ফেইহো অভিযোগ করেন, সেউতাকে কার্যত দখল ও অবরুদ্ধ অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং স্পেন সরকার বিষয়টি আগে থেকেই জানত। ভক্স পার্টির নেতা সান্তিয়াগো আবাসকালও সানচেজ সরকারের সমালোচনা করেন। তার অভিযোগ, সানচেজ মরক্কো সরকারের স্বার্থ রক্ষায় কাজ করছেন। সেউতায়ও বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা ‘সেউতা বিক্রির জন্য নয়, সেউতাকে রক্ষা করতে হবে’—এমন স্লোগান দেন।

সেউতার ৪৫ বছর বয়সী শিক্ষক ডেভিড হার্নান্দেজ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সরকারের প্রতিক্রিয়া যথেষ্ট ছিল না এবং তা অনেক দেরিতে এসেছে। তার মতে, সরকার পরিস্থিতি মোকাবেলায় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। তিনি বলেন, সেউতার বাসিন্দারা দ্বিতীয় শ্রেণির নাগরিক নন এবং তাদের সীমান্তের বিষয়টি উপেক্ষা করা যাবে না। বিপুলসংখ্যক অভিবাসী সীমান্ত পার হওয়ার ঘটনায় মরক্কোর সীমান্তরক্ষীদের ভূমিকা ছিল কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বুধবার পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় মরক্কোর নিরাপত্তা বাহিনী ‘সম্পূর্ণ উদাসীনতা’ দেখিয়েছিল। স্পেনের সংবাদমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশের পর সানচেজ সরকারের ওপর রাজনৈতিক চাপ আরো বেড়েছে।

জাতীয় পুলিশ বাহিনীর জাতীয় অভিবাসন ও সীমান্ত কেন্দ্রের পক্ষ থেকে স্পেনের জাতীয় আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেউতার সীমান্তের কাছে মরক্কোর পুলিশের উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় স্পষ্টভাবে কম ছিল। সীমান্ত পার হওয়া অভিবাসীদের বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের অনেকেই বলেছেন, সীমান্ত পার হওয়ার সময় মরক্কোর নিরাপত্তা বাহিনী কার্যকর কোনো বাধা দেয়নি এবং তাদের আচরণ ছিল নিষ্ক্রিয়। তবে পুলিশের প্রতিবেদনে সরাসরি বলা হয়নি যে বিপুলসংখ্যক অভিবাসীকে সেউতায় প্রবেশের সুযোগ দেওয়ার পেছনে মরক্কো সরকার বা দেশটির নিরাপত্তা বাহিনীই ছিল।

এর কয়েক দিন আগে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জোর দিয়ে বলেছিলেন, সেউতায় অভিবাসীদের প্রবেশের ঘটনায় মরক্কোকে দায়ী করা ঠিক হবে না। সানচেজের মতে, মানবপাচারকারী চক্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্যের কারণে বিপুলসংখ্যক মানুষ সীমান্ত পার হওয়ার জন্য উৎসাহিত হয়েছেন। তবে মরক্কোও এ ঘটনায় নিজেদের কোনো ভূমিকার কথা অস্বীকার করেছে। দেশটির দাবি, এত বিপুলসংখ্যক মানুষের সীমান্ত পার হওয়ার ঘটনা তারা আয়োজন করেনি এবং এর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সেউতায় অভিবাসীদের ঢলের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সীমান্ত পার হওয়া নিয়ে ব্যাপক প্রচার চালানো হয়েছিল বলে জানিয়েছে স্পেনের তথ্য যাচাইকারী ওয়েবসাইট মালদিতা।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, ৩০ জুলাই বিপুলসংখ্যক অভিবাসী সেউতায় প্রবেশের ঘটনা শুরুর আগেই মরক্কোর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বার্তা ছড়িয়ে পড়ে। এসব বার্তায় মরক্কো ও সেউতার মধ্যকার সীমান্তের বেড়াকে নিরাপদ এবং সহজে পার হওয়া সম্ভব বলে দেখানো হয়েছিল। জুনে স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায়ের পর এসব বার্তা আরও ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে। সেউতার মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী, সীমান্তের বেড়া এড়িয়ে সাঁতরে সেউতায় যাওয়ার চেষ্টা করতে গিয়ে অন্তত ১০০ জন মারা গেছেন। এদিকে সেউতা ও পাশের আরেক স্প্যানিশ স্বায়ত্তশাসিত শহর মেলিয়াকে দীর্ঘদিন ধরে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে মরক্কো।

এই দুই শহরকে ঘিরে স্পেন ও মরক্কোর মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক টানাপড়েন বিদ্যমান। ফলে সেউতায় সাম্প্রতিক অভিবাসী প্রবেশের ঘটনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বর্তমানে সেউতায় কয়েক হাজার অভিবাসী অবস্থান করছেন। তাদের একটি অংশ অস্থায়ী শরণার্থী শিবিরে থাকলেও অনেকে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে একদিকে স্থানীয় বাসিন্দাদের চাপ, অন্যদিকে বিরোধী দলগুলোর রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছে সানচেজ সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%