ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় প্রাণ গেল ১৮ জনের


নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় প্রাণ গেল ১৮ জনের

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বেনু রাজ্যে একদল বন্দুকধারীর অতর্কিত হামলার ফলে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এই সহিংসতা প্রসঙ্গে প্রতিবাদ জানাতে ও নিরাপত্তার দাবি জানাতে স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

তবে পুলিশ এই হামলার বিষয়ে নিহতের সংখ্যা আটজন দাবি করেছে।

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, বেনু রাজ্যের ওটুকপো স্থানীয় সরকার এলাকায় ওটুকপো-নোবি কমিউনিটিতে রবিবার (১২ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। ভোরের সময় যখন স্থানীয়রা ঘুমাচ্ছিল, তখন একদল সশস্ত্র বন্দুকধারী সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। বাসিন্দাদের সন্দেহ, হামলাকারীরা ফুলানি পশুপালক সম্প্রদায়ের সশস্ত্র সদস্য।

আরও পড়ুন: অর্ণব ঘূর্ণিঝড় এখন অতি প্রবল, সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি

স্থানীয় বাসিন্দারা ১৮ জন নিহত হওয়ার কথা জানালেও, বেনু রাজ্য পুলিশের মুখপাত্র উডেমে এডেট দাবি করেছেন, হামলায় আটজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

বেনু রাজ্যে জমি, পানি এবং প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘকাল ধরে স্থানীয় কৃষক সম্প্রদায় এবং যাযাবর পশুপালকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে আসছে। স্থানীয় সরকার চেয়ারম্যান ম্যাক্সওয়েল ওগিরি জানিয়েছেন, দুই সপ্তাহ আগে স্থানীয় পশুপালক সমিতির চেয়ারম্যান হত্যাকাণ্ডের শিকার হন। ধারণা করা হচ্ছে, সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।

এই নৃশংস হত্যাকাণ্ডের পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বিপুল সংখ্যক নারী ও যুবক ওটুকপো শহরের রাস্তায় নেমে আসেন। তারা টায়ার জ্বালিয়ে ও রাস্তা অবরোধ করে প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দোষীদের গ্রেপ্তারের দাবি করেন।

আরও পড়ুন: পাকিস্তানে ২৭ অক্টোবর থেকে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে বালু ব্যবসায়ীকে মারধর, কানে কামড় দিলেন বিএনপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:২৬ এম


নরসিংদীতে বালু ব্যবসায়ীকে মারধর, কানে কামড় দিলেন বিএনপি নেতা

নরসিংদীর পলাশে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার পাশাপাশি তার কানে কামড় দিয়ে জখম করার অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে।

অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পদে রয়েছেন। আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জের ফিরোজ আলীর ছেলে। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাই করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম দেখা গেছে।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন বলেছেন, ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলের ভেতরে টিকে গ্রুপের নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের কাজের জন্য তিনি শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করেন। গতকাল বিকেলে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার সময় চারটি মোটরসাইকেলে কয়েকজন লোক এসে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যায়।

সাখাওয়াত আরো বলেন, 'সেখানে দীর্ঘ ১ ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬ থেকে ৭ জন লোক আমাকে কিল-ঘুষি ও চড়থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে ওই বিএনপি নেতা আমাকে প্রশ্ন করে কেন আমি তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসিয়েছি, তারপর আমার কানের মধ্যে কামড় দিয়ে রক্তাক্ত করে।'

পরে তাকে দ্রুত সময়ের মধ্যে ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা করান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়া সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, 'সকালে ড. আব্দুল মঈন খান স্যারের প্রোগ্রাম রয়েছে, আমি ঘুমিয়ে যাচ্ছি। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে।'

এদিকে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, 'ঘটনার খবর পেয়ে হাসপাতলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির পর ঢাকায় উঠেছে রোদ, বাড়তে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ এম


বৃষ্টির পর ঢাকায় উঠেছে রোদ, বাড়তে পারে তাপমাত্রা

টানা কয়েক দিনের বৃষ্টির পর সূর্যের দেখা মিলেছে ঢাকায় সকাল থেকে। এর ফলে দিনের বেলায় আগের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে গরমের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য মঙ্গলবার (১৪ জুলাই) জানিয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশ ছিল। সোমবার (১৩ জুলাই) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।

সোমবার রাতে প্রকাশিত সারাদেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিত্র সফর মাসের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৩০ এম


পবিত্র সফর মাসের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা ও মাসের তারিখ নির্ধারণের উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশের আকাশের কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত কমিটিকে জানাতে অনুরোধ করেছে চাঁদ দেখা কমিটি।

এ জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে বিষয়টি অবহিত করার জন্যও অনুরোধ জানিয়েছে কমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাঙ্গেরির প্রেসিডেন্টকে অপসারণে সংসদের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৪ এম


হাঙ্গেরির প্রেসিডেন্টকে অপসারণে সংসদের সমর্থন

হাঙ্গেরির সংসদ দেশটির প্রেসিডেন্ট তামাস সুলিয়ককে পদ থেকে অপসারণের পথ তৈরি করে একটি সাংবিধানিক সংশোধনী পাস করেছে।

সুলিয়ককে সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। গত এপ্রিলে নির্বাচনে পরাজয়ের মাধ্যমে অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

প্রধানমন্ত্রী পেতের মাগিয়ারের নেতৃত্বাধীন সরকার সংসদে তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে সংবিধানের ১৭তম সংশোধনী পাস করে। এর ফলে প্রেসিডেন্ট সুলিয়ক ও সাংবিধানিক আদালতের প্রধান পেতের পোল্টের মেয়াদ শেষ হবে। এখন সুলিয়কের সামনে দুটি পথ খোলা রয়েছে।

তিনি পাঁচ দিনের মধ্যে সংশোধনীতে স্বাক্ষর করতে পারেন, অথবা বিষয়টি সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন। তবে আদালতে পাঠালে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী মাগিয়ার। সেক্ষেত্রে সুলিয়ক সাময়িকভাবে পদ থেকে বরখাস্ত হবেন। সরকার তাকে স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বানও জানিয়েছে।

সোমবারের ভোটের আগে বিরোধী দল ফিদেজের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন। তাদের অভিযোগ, নতুন সংশোধনী সরকারের হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দেবে এবং যেকোনো সরকারি কর্মকর্তাকে দ্রুত পদচ্যুত করার সুযোগ সৃষ্টি করবে।

সাবেক বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী পেতের রোনা বলেন, ফিদেজ এখন তাদের নিজেদের তৈরি রাজনৈতিক ব্যবস্থার ফল ভোগ করছে। তার মতে, অরবানের সরকার ২০১১ সালের সংবিধানের মাধ্যমে বিজয়ী দলের হাতে ব্যাপক ক্ষমতা কেন্দ্রীভূত করেছিল। ২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে ফিদেজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দেয়।

নতুন সংশোধনী অনুযায়ী, ৭০ বছরের বেশি বয়সী সাংবিধানিক আদালতের বিচারকদের পদ ছাড়তে হবে। এ ছাড়া টানা তিন মেয়াদ সংসদ সদস্য থাকা ব্যক্তিরা আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এই নিয়ম বর্তমান ফিদেজের অর্ধেকের বেশি সংসদ সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

সুপ্রিম কোর্টের সাবেক প্রধান আন্দ্রেস বাকা এই পদক্ষেপকে সমর্থন করেছেন। তার দাবি, ফিদেজ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে একটি স্বৈরাচারী ব্যবস্থা গড়ে তুলেছিল। তবে তিনি টানা তিন মেয়াদ দায়িত্ব পালনকারী সংসদ সদস্যদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার বিরোধিতা করেন। তার মতে, এতে ভোটারদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার অধিকার সীমিত হবে।

১৭তম সংশোধনীটি কয়েকটি আইনের সমন্বয়ে তৈরি একটি অন্তর্বর্তী ব্যবস্থা, যা নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত আগামী দুই থেকে তিন বছর কার্যকর থাকবে।

এদিকে নির্বাচনে পরাজয়ের পর ফিদেজ দলে অস্থিরতা বেড়েছে। অরবানকে জনসমক্ষে খুব কম দেখা যাচ্ছে এবং তিনি সংসদে নিজের আসনও গ্রহণ করেননি। দলের ভেতরে তার নেতৃত্ব নিয়ে অসন্তোষ বাড়ছে। পরিস্থিতি জটিল হয়েছে, কারণ ফিদেজের দ্বিতীয় শীর্ষ নেতা গেরগেলি গুলিয়াস সংসদীয় গোষ্ঠীর প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%