০৪:৩৫ পি.এম
বাগেরহাটের ফকিরহাটে প্রতিবেশীর বাড়িতে লাগা আগুন নেভাতে এসে বিদ্যুৎস্পর্শে আলী মুসা শেখ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মৌভোগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতঘরে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে ঘরসহ ভেতরে থাকা সমস্ত মালামাল ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে, আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সুকান্ত কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু জানান, মৌভোগ বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেখানে বিদ্যুৎসংযোগ বন্ধ করা হয়। খবর পাওয়ার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।
ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া জানান, খবর পেয়ে সেখানে দ্রুত উপস্থিত হন। রাস্তা সরু হওয়ায় সেখানে গাড়ি নিয়ে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে বালতি দিয়ে পানি দিয়ে যতটা সম্ভব আগুন নেভাতে চেষ্টা করা হয়েছে। শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, মৌভোগ গ্রামে বসতবাড়িতে আগুন নেভাতে এসে এক প্রতিবেশী মারা গেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজৈরে পরকীয়ায় বাধা, অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন