ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাঈম প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন বিসিবি সভাপতি তামিম


নাঈম প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন বিসিবি সভাপতি তামিম

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর এবং হেনস্তার অভিযোগের কারণে ক্রীড়াঙ্গনে একটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বিসিবির সভাপতির দায়িত্বে থাকা সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

তামিম ইকবাল বলেন, 'নাঈম হাসানের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়।' তিনি জানান, রাতের দিকে নাঈম যখন তার সঙ্গে যোগাযোগ করেন, তখনই তামিম এবং বোর্ডের অন্যান্য পরিচালকরা ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা শুরু করেছিলেন।

তিনি আরও জানান, 'সংশ্লিষ্ট সব জায়গায় ইতোমধ্যে কথা বলা হচ্ছে এবং নাঈম ও তার পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।' বিসিবির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: হাম উপসর্গে দেশে আরও ২ জনের মৃত্যু

তামিম আরো জানান, 'সামনে যা যা করণীয় আছে, সেসব পদক্ষেপ নেওয়া হবে এবং নাঈমসহ সমস্ত ক্রিকেটারের পাশে থাকবে বোর্ড।'

অভিযোগ অনুযায়ী, গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ করার পর নাঈমকে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় থামানো হয়। শুরু থেকেই তার সঙ্গে বৈরী আচরণ করা হয়। কথা বলার চেষ্টা করলে নাঈমের গলা চেপে ধরা হয় এবং পরে পাইপ দিয়ে মারধর করা হয়। এর পর খুলশী থানায় নেওয়ার পরও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় দুই বাসের সংঘর্ষ, আহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


সড়ক দুর্ঘটনায় দুই বাসের সংঘর্ষ, আহত অন্তত ২০

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের একটি ঘটনা ঘটে। এতে দুই বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

শুক্রবার (১২ জুন) তারিখে কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে স্থানীয় একটি বাস সকালে কালকিনির গোপালপুর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী আই ট্রাভেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এর ফলে চালকসহ অন্তত ২০ জন যাত্রী কম-বেশি আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এদিকে মহাসড়কের ওপর এই দুর্ঘটনার কারণে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ মোকাবেলা করতে হয়। ঘটনাটি জানার পর মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করে।

মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট বায়েজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটিকে রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ সদস্য ওয়াহাবের সঙ্গে মউক চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


সংসদ সদস্য ওয়াহাবের সঙ্গে মউক চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

 দেশের অষ্টম বিভাগীয় নগরী ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নবনিযুক্ত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এই সাক্ষাতের সময় মউক চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ময়মনসিংহকে একটি পরিকল্পিত আবাসিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নগরীর বাগানবাড়ী এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন তালুকদার। এ সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সৈয়দ শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা বিএনপি’র সদস্য আব্দুস সাত্তার, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহানসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নতুন দায়িত্বপ্রাপ্ত মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পিত নগরী গড়তে আমাকে দায়িত্ব দিয়েছেন। চেষ্টা করবো সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত এবং আবাসিক নগরী হিসেবে গড়ে তুলতে। এক্ষেত্রে প্রশাসনসহ সকল পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।’

জানা যায়, ১১ জুন রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে মোতাহার হোসেনকে মউকের প্রথম চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ এর ধারা ৮(১) অনুযায়ী মোতাহার হোসেন তালুকদারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে তিনি ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২ পদমর্যাদা) পদে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এই আদেশটি জনস্বার্থে কার্যকর করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কর্তৃক ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ-২০২৬’ জারি করা হয়েছিল।

এ বিষয়ে উল্লেখযোগ্য যে, মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহর কাছে পরাজিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে রাজধানীসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বাতাসের গতি ৬০ কিমি পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:১০ পি.এম


সন্ধ্যার মধ্যে রাজধানীসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বাতাসের গতি ৬০ কিমি পর্যন্ত

ঢাকাসহ দেশের ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

 

ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে, সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব বিভাগে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

 

 

দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেসএক্সের পথচলা: স্টারশিপসহ ইতিহাসের ৫ গুরুত্বপূর্ণ অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:১২ পি.এম


স্পেসএক্সের পথচলা: স্টারশিপসহ ইতিহাসের ৫ গুরুত্বপূর্ণ অর্জন

 দুই দশক আগে যে যাত্রা শুরু হয়েছিল, একপ্রকার অসম্ভবকে ছোঁয়ার স্বপ্ন নিয়ে, গত শুক্রবার তা রূপ নিয়েছে একটি মহাকাব্যিক ইতিহাসে। নতুন উচ্চতায় পৌঁছাল স্পেসএক্স, যা বিশ্ব শেয়ার বাজারে রেকর্ড সৃষ্টিকারী অভিষেকের মাধ্যমে সম্ভব হয়েছে। এই অর্জন চরম ব্যর্থতা, চোখ ধাঁধানো সাফল্য আর অপূর্ণ প্রতিশ্রুতির চড়াই-উৎরাই পেরিয়ে আসা প্রতিষ্ঠানের জন্য যেন এক অমূল্য মুকুট হয়ে উঠেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি প্রতিষ্ঠানটির ইতিহাসের ৫টি গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরেছে। সেগুলো হলো:

১. ২০০৮: প্রতিষ্ঠার সাফল্যের গল্প

২০০২ সালে প্রতিষ্ঠার ছয় বছর পরে এবং একাধিক ব্যর্থতার পর স্পেসএক্স প্রথমবারের মতো মহাকাশের কক্ষপথে রকেট পাঠাতে সক্ষম হয়। ২০০৮ সালের সেপ্টেম্বরে প্রশান্ত মহাসাগরের একটি দূরবর্তী দ্বীপপুঞ্জ থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

সহ-প্রতিষ্ঠাতা ইলন মাস্ক কয়েক বছর পর সেই দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, ‘আমি প্রথম তিনটি উৎক্ষেপণে ভুল করেছিলাম, প্রথম তিনটি উৎক্ষেপণই ব্যর্থ হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘ভাগ্য ভালো যে চতুর্থ উৎক্ষেপণটি সফল হয়েছিল। কারণ এরপর আমাদের হাতে আর কোনো টাকা ছিল না। ওইবার সফল না হলে সেখানেই আমাদের গল্প শেষ হয়ে যেত। কিন্তু সেদিন ভাগ্য আমাদের সহায় ছিল।’

২. ২০১২: পরবর্তী গন্তব্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন:

প্রথম সফল উৎক্ষেপণের পর স্পেসএক্স আরও বড় হতে থাকে এবং আরও শক্তিশালী রকেট তৈরি করতে শুরু করে। এর মধ্যে অন্যতম ছিল তাদের ফ্ল্যাগশিপ রকেট ‘ফ্যালকন ৯’, যা বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত রকেট।

‘ড্রাগন’ মহাকাশযানটি ২০১২ সালে একটি মালবাহী যান হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভিড়ে। এটি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রথম এমন অর্জন ছিল। আট বছর পরে, ড্রাগন মহাকাশযানটি মহাকাশচারীদের নিয়ে প্রথমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমায়। এর মাধ্যমে বোয়িং-এর মতো অন্যান্য শীর্ষ মহাকাশ প্রতিষ্ঠানকে পেছনে ফেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্তরাষ্ট্রের প্রধান পরিবহনযান হয়ে ওঠে স্পেসএক্স।

৩. ২০১৮: মহাকাশে টেসলা গাড়ি?

এরই ধারাবাহিকতায়, ২০১৫ সালে ফ্যালকন ৯ রকেটের প্রথম অংশটি (ফার্স্ট স্টেজ) সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হয় স্পেসএক্স। এর মাধ্যমে আংশিক পুনঃব্যবহারযোগ্য রকেট যুগের সূচনা হয়।

এরপর তারা নিয়ে আসে আরও শক্তিশালী রকেট ‘ফ্যালকন হেভি’, যা তৈরিতে দুটি ফ্যালকন ৯ বুস্টার ব্যবহার করা হয়েছিল। ২০১৮ সালে এই রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপনের সময় মাস্ক তার আরেক প্রতিষ্ঠান টেসলার তৈরি একটি গাড়ি রকেটে বহনের সিদ্ধান্ত নেন।

সংগীতশিল্পী ডেভিড বোয়ির গান থেকে অনুপ্রাণিত হয়ে ‘স্টারম্যান’ নাম দেওয়া একটি পুতুলকে (ম্যানিকুইন) চালকের আসনে বসিয়ে লাল রঙের টেসলা গাড়ির সেই ছবি পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। তবে স্পেসএক্স-এর সব প্রতিশ্রুতি কিন্তু পূরণ হয়নি। ২০১৮ সালে মাস্ক দাবি করেছিলেন যে তিনি ২০২৩ সালের মধ্যে জাপানি ধনকুবের ইউসাকু মেজাওয়াসহ একদল মানুষকে চাঁদের চারপাশে ঘুরিয়ে আনবেন। কিন্তু সেই পরিকল্পনা আর বাস্তবে রূপ নেয়নি।

৪. ২০২০-২০২৩: স্টারবেস-এর বিস্ফোরক সূচনা:

প্রযুক্তির দুনিয়ার বর্তমান এই ট্রিলিওনিয়ার ব্যবসায়ী পরবর্তীতে তার মেগারকেট ‘স্টারশিপ’ তৈরির কাজে সবচেয়ে বেশি মনোযোগ দেন। চাঁদে এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে ভ্রমণের উদ্দেশ্যে এটির ডিজাইন করা হচ্ছে।

এই প্রজেক্টটি সফল করার জন্য তিনি টেক্সাসে বিশাল জমি কিনে ‘স্টারবেস’ নামে একটি শিল্প কমপ্লেক্স গড়ে তোলেন। সেখানে একের পর এক স্টারশিপের প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ উৎক্ষেপণ করতে থাকেন। যার বেশিরভাগই বিকট বিস্ফোরণে আগুনের গোলায় পরিণত হয়।

বিস্ফোরণ বোঝাতে ইলন মাস্কের প্রিয় একটি শব্দবন্ধ হলো ‘র‌্যাপিড আনস্কেডিউলড ডিসঅ্যাসেম্বলি’ বা ‘অনাকাক্সিক্ষত দ্রুত বিচ্ছিন্নকরণ’। তিনি এই বিস্ফোরণগুলোকে যৌক্তিক দাবি করে বলেন, এগুলো আসলে শেখার প্রক্রিয়ারই একটি অংশ।

৫. ২০২৪: সুপার হেভি বুস্টারকে অভিনব কায়দায় লুফে নেওয়া

২০২৪ সালের অক্টোবরে স্পেসএক্স তাদের স্টারশিপ রকেটের প্রথম অংশ ‘সুপার হেভি’ বুস্টারটিকে এক অভূতপূর্ব ও অনন্য কৌশলে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয়, যা আগে কখনো ঘটেনি।

মহাকাশযানটি উৎক্ষেপণের পর বুস্টারটি আলাদা হয়ে নিচের দিকে নামতে শুরু করে এবং স্পেসএক্স-এর লঞ্চ প্যাডেই ফিরে আসে। সেখানে থাকা একজোড়া বিশালাকার যান্ত্রিক হাত বা ‘চপস্টিকস’ দুই দিক থেকে এগিয়ে গিয়ে বুস্টারটিকে শূন্যে লুফে নেয় এবং সেটির গতি থামিয়ে দেয়।

এই ঐতিহাসিক অর্জনটি চমৎকার হলেও, স্টারশিপকে পুরোপুরি পুনঃব্যবহারযোগ্য রকেট হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এটি ছিল স্পেসএক্স-এর পরিকল্পনার প্রথম ধাপ মাত্র। বেশ কিছু কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলা করেই তারা এই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%