প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীতে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই জমে থাকা পানিতে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হয়েছে, অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা তবে বাধাগ্রস্ত হয়েছে।
শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টির পরে রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, ধানমন্ডি, মিরপুর, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, গ্রিন রোড, লালবাগ—এইসব এলাকার সড়ক ও গলিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে গেছে। কোথাও কোথাও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ছে।
জলাবদ্ধতার ফলে বহু এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। অনেক ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এর ফলে বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। অনেক অফিসগামী মানুষকে পানি মাড়িয়ে কর্মস্থলে যেতে দেখা গেছে। কিছু স্থানে স্থানীয় ভ্যানচালকেরা অর্থের বিনিময়ে মানুষ পারাপার করেন।
নিউমার্কেট এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বৃষ্টির পানিতে বাসার রিজার্ভ ট্যাংক ও পানির মোটরে ময়লা পানি ঢুকে পড়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটছে। তাদের অভিযোগ, প্রতিবছর রাস্তা সংস্কারের কাজ হলেও সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। নিয়মিত কর পরিশোধ করেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা তারা পাচ্ছেন না।
ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হয়েছেন। নিউমার্কেটের অনেক দোকানে সকাল থেকে ক্রেতা না থাকায় বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে। দোকান মালিকরা বলছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বারবার একই পরিস্থিতি তৈরি হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারেননি। কয়েকটি স্কুল ও কলেজে ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে, রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনে দীর্ঘদিনের সমস্যার কারণে সামান্য ভারী বৃষ্টিতেই রাজধানী কার্যত পানির নিচে চলে যায়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আবহাওয়ার এ পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন