ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশি পর্যটকদের প্রত্যাবর্তনে প্রাণ ফিরছে কলকাতার ‘মিনি বাংলাদেশে’


বাংলাদেশি পর্যটকদের প্রত্যাবর্তনে প্রাণ ফিরছে কলকাতার ‘মিনি বাংলাদেশে’

বাংলাদেশে ২০২৪ সালের জুলাইয়ে অভ্যুত্থানের পর ভিসা স্থগিত থাকার দীর্ঘ প্রায় দুই বছর পার হয়ে গেছে। অবশেষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঘোষণা করেছেন যে, ভারত আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে। এই ঘোষণায় কলকাতার 'মিনি বাংলাদেশ' খ্যাত এলাকায়, বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ এবং দোকান মালিকদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। তারা গত দুই বছর ধরে চরম ব্যবসায়িক মন্দার মধ্য দিয়ে যাচ্ছিলেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে, মারকুইস স্ট্রিট, সাডার স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড ও কলিন লেন এলাকায় প্রায় ৩৫০টি হোটেল জন্য এই সিদ্ধান্তকে একটি 'লাইফলাইন' (জীবনরেখা) হিসেবে দেখা হচ্ছে। এই অঞ্চলে হোটেলের রুম বুকিং এবং গড় ভাড়া—উভয়ই প্রায় অর্ধেকে নেমে গিয়েছিল। হোটেলগুলোর পাশাপাশি রেস্তোরাঁ, মানি চেঞ্জার (বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী), পরিবহন ব্যবসায়ী, পোশাকের দোকান এবং নিউ মার্কেটের প্রায় ৩,০০০ দোকানি এখন ব্যবসা ঘুরে দাঁড়ানোর জন্য প্রত্যাশিত। ব্যবসায়ীরা জানিয়েছেন, নিউ মার্কেটে প্রতিদিনের ব্যবসা যেখানে আগে প্রায় ৫০০ কোটি রুপি ছিল, তা কমে মাত্র ৫০ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে।

ক্যালকাটা হোটেলস, গেস্ট হাউসেস অ্যান্ড রেস্টুরেন্টস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হরমিত সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেন, এই ঘোষণা মধ্য কলকাতার বাণিজ্যিক এলাকার পুরো পরিবেশ বদলে দিয়েছে, যা মূলত বাংলাদেশি পর্যটকদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

"এই সেন্ট্রাল কলকাতা এলাকার পুরো বেল্টটিই সিংহভাগ বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে। হোটেলগুলোতে রুম বুকিং এবং গড় ভাড়া দুটোই ৫০% কমে গিয়েছিল। আগে যেখানে গড় ভাড়া ছিল প্রায় ২,০০০ টাকা, তা নেমে এসেছে ৯০০ থেকে ১,০০০ টাকায়। কিছু হোটেল ও রেস্তোরাঁ বন্ধও হয়ে গেছে। ফরেন এক্সচেঞ্জ দোকান, পরিবহন ব্যবসায়ী, পোশাকের দোকান—সবাই এখন বাংলাদেশি পর্যটকদের আগমনের অপেক্ষায় দিন গুনছেন," বলেন হরমিত সিং।

তবে ব্যবসায়ী মালিকরা এখনো কিছুটা সতর্কতার সঙ্গে রয়েছেন। তারা জানিয়েছেন, এর আগে একবার গুঞ্জন উঠেছিল যে মে মাসের ৬ তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা চালু হবে, কিন্তু শেষপর্যন্ত তা কার্যকর হয়নি। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ শেঠি বলেন, "মানুষ এখন বুক বেঁধে অপেক্ষা করছে। একবার ভিসা দেওয়া শুরু হলে, হোটেল মালিকরা বন্ধ থাকা রুমগুলো আবার খোলার কাজে ব্যস্ত হয়ে উঠবেন এবং দোকানদাররাও নতুন পণ্য তুলতে শুরু করবেন।"

হোটেল মালিকরা জানান, বাংলাদেশি পর্যটকরা ফিরে এলে শুধু যে রুম বুকিং বাড়বে তা-ই নয়, ভাড়াও আগের জায়গায় ফিরবে। ভারতের অভ্যন্তরীণ ব্যবসায়িক পর্যটকরা সাধারণত ১-২ দিন থাকেন, পক্ষান্তরে বাংলাদেশি দর্শনার্থীরা সাধারণত কলকাতায় অন্তত এক সপ্তাহ কাটান।

নিউ মার্কেটের ব্যবসায়ীরা জানান, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গড়ে ওঠা সহিংস পরিস্থিতির কারণে ভারত ভিসা স্থগিত করায় তাদের ব্যবসা ৭০%-এরও বেশি ধসে পড়ে।

আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা

এসএস হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক গুপ্ত বলেছেন, "নিউ মার্কেটের প্রায় ৩,০০০ দোকান গত দুটি বছর কোনোমতে টিকে আছে। এর আগে, এখানকার ব্যবসার প্রায় ৭০-৭৫% আসত বাংলাদেশি পর্যটকদের হাত ধরে।"

চকোলেট, ড্রাই ফ্রুটস এবং প্রসাধনী বিক্রেতা মোহাম্মদ মুস্তফা নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, দু-তিন বছর আগে তারা দিনে যে পরিমাণ বিক্রি করতেন, বর্তমানে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পুরো একটি মাস লেগে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো-ভিতিনিয়াকে নিয়ে সতর্ক কলম্বিয়ার কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


রোনালদো-ভিতিনিয়াকে নিয়ে সতর্ক কলম্বিয়ার কোচ

ক্রিশ্চিয়ানো রোনালদো নিখুঁত কোনো ফিনিশিংয়ে যেকোনো সময় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। ভিতিনিয়া চোখধাঁধানো কোনো পাসে লড়াইয়ের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রাখেন। পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে, কলম্বিয়ার কোচ নেস্তর লরেন্সো এই দুই খেলোয়াড়কে নিয়ে একটু বেশিই সতর্ক।

প্রথম দুই ম্যাচ জিতে কলম্বিয়া ইতোমধ্যে বিশ্বকাপের পরবর্তী ধাপে খেলা নিশ্চিত করেছে। নবাগত ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করা পর্তুগাল এখন ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। নকআউট পর্বে খেলার টিকেটও পেয়েছে তারা।

গ্রুপে সেরা হতে, পর্তুগিজদের এই ম্যাচে জিততে হবে। অন্যদিকে, ড্র হলে দক্ষিণ আমেরিকার দল কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে খেলবে।

এইবারের বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি হলো পর্তুগাল, তাদের বিপক্ষে কঠিন লড়াই হবে বলে মনে করছেন কলম্বিয়ার কোচ লরেন্সো। তিনি জানান, নিজেদের ঘরানার ফুটবল খেলেই চ্যালেঞ্জ উৎরাতে চান।

তিনি বলেন, ‘আমাদের খেলার শৈলী এবং ফুটবলীয় পরিচয় ধরে রাখার চেষ্টা করব। তবে নিঃসন্দেহে, পর্তুগালের অন্যান্য বৈশিষ্ট্য ও শক্তির জায়গাগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। তারা খুবই সুশৃঙ্খল ও গোছানো একটি দল। তাদের কোচ ও ফুটবলাররা বিশ্ব ফুটবলে অভিজাত পর্যায়ে, আর সেটা তাদের খেলাতেই ফুটে ওঠে।’

লরেন্সো টুর্নামেন্টের আরও পরের দিকে পর্তুগালের মতো মানসম্পন্ন দলের মুখোমুখি হতে পারলে তিনি বেশি খুশি হতেন। কিন্তু ড্রয়ের পর থেকেই এই প্রতিপক্ষকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন তিনি। এ সময় পর্তুগিজ মহাতারকা রোনালদো ও প্লেমেকার ভিতিনিয়ার প্রশংসা করেন কলম্বিয়ার কোচ।

তিনি বলেন, ‘ভিতিনিয়া ও রোনালদো, দুজনই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়। একজন দলকে গুছিয়ে রাখা এবং আক্রমণের সুর বেঁধে দেওয়ার দিক থেকে অনন্য, আর অন্যজন ফিনিশিংয়ের ক্ষেত্রে। তাই তাদেরকে ফাঁকায় রাখা কিংবা অবহেলা করা যাবে না। আশা করি, আগামীকাল আমাদের দলীয় সমন্বয়টা চমৎকারভাবে কাজ করবে। ভিতিনিয়া যেভাবে খেলা শুরু করে ও দলকে টেনে নিয়ে যায়, তা রুখতে এবং রোনালদোর ফিনিশিংয়ে দক্ষতা- যা বিশেষ মনোযোগ দাবি করে, সেটাকে সামলাতে আগামীকাল আমাদের বিশেষ খেলায় সুশৃঙ্খলা প্রয়োজন।’

২০১৮ সালের আসরে শেষ ষোলোতে খেলা কলম্বিয়া গত বিশ্বকাপে খেলতে পারেনি বাছাই উৎরাতে না পারার কারণে। এখন বিশ্ব মঞ্চে ফিরে আবারও নকআউটে জায়গা করে নিয়ে স্বাভাবিকভাবে খুশি দলটি। তাদের এখন লক্ষ্য গ্রুপ সেরা হওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ মামলায় আদালতে আপিল আশরাফ হাকিমির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


ধর্ষণ মামলায় আদালতে আপিল আশরাফ হাকিমির

বিশ্বকাপ চলাকালেই ধর্ষণের অভিযোগে বিচার শুরুর সিদ্ধান্ত আপিল আদালতে বহাল থাকার পর মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি ফ্রান্সের সর্বোচ্চ আদালতে আপিল করেছেন। শুক্রবার (২৬ জুন) মামলার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যম এএফপিকে এই তথ্য জানিয়েছে।

গত ১৯ জুন আপিল আদালত নিশ্চিত করেছে যে, ২০২৩ সালের মার্চ মাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মরক্কোর অধিনায়ক ও ফরাসি ক্লাব পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমিকে বিচার অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে উল্লেখ্য, এই ফুটবলার বরাবরই অভিযোগটি অস্বীকার করে আসছেন।

তরুণীর আইনজীবী র‍্যাচেল-ফ্লোর পার্দো বলেন, এ মামলায় এখন পর্যন্ত প্রদান করা প্রতিটি সিদ্ধান্তই অভিযোগকারীর পক্ষে গেছে। ন্যায়বিচার পাওয়ার জন্য তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প নিয়েছেন।

২৭ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে বিশ্বকাপে মরক্কো দলের নেতৃত্ব দিচ্ছেন। ভার্সাই আপিল আদালতের রায় ঘোষণার পরপরই হাকিমি এক্সে পোস্টে লেখেন যে, তিনি প্রথম দিন থেকেই এই বিচারের অপেক্ষায় ছিলেন। তথাপি, ফরাসি বিচার ব্যবস্থায় দেওয়ানি ও ফৌজদারি মামলার ক্ষেত্রে সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত ‘কোর্ট অফ ক্যাসেশন’-এ আপিলের ব্যাপারে তার আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০২৩ সালে এক তরুণী অভিযোগ করেছিলেন, প্যারিসে হাকিমির বাসায় তিনি ধর্ষণের সম্মুখীন হয়েছেন। ওই সময় তরুণীর বয়স ছিল ২৪ বছর। এরপর ওই বছরের মার্চ মাসে প্যারিসের পশ্চিম উপশহর নানতান্তের সরকারি প্রসিকিউটরের কার্যালয় এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে।

দীর্ঘ তদন্তের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একজন তদন্তকারী বিচারক মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিচারপ্রক্রিয়া বাতিলের জন্য হাকিমি একটি আপিল করেছিলেন, যা আদালত খারিজ করে দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার প্রতিশ্রুতি ইবি ভিসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার প্রতিশ্রুতি ইবি ভিসির

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেনকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান সংবর্ধনা ও সহযোগিতার নিশ্চিত আশ্বাস দিয়েছেন।

এই প্রতিশ্রুতি তিনি শনিবার (২৭ জুন) ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে দিয়েছেন।

ড. এ.কে.এম মতিনুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে বলেছেন, ড. মোহা. তোজাম্মেল হোসেন একজন যোগ্য, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষাবিদ। তার নেতৃত্বে মেহেরপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।

তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদার করতে উদ্যোগী হবে। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক কোলাবোরেশন প্রতিষ্ঠায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

তিনি আরও উল্লেখ করেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে একজন শিক্ষক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর হিসেবে নিয়োগ পাওয়া নিঃসন্দেহে বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং পুরো ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির জন্য এটি একটি উজ্জ্বল উদাহরণ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য দক্ষ শিক্ষক ও প্রশাসক তৈরির একটি প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ঐতিহ্য রক্ষা করতে শিক্ষার্থীদের জ্ঞান, গবেষণা ও দক্ষতা অর্জনের বিষয়ে আরও মনোযোগী হতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) লিখিত পরীক্ষার নতুন পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের প্রস্তুত করতে বিশেষ মতবিনিময় সভা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বিশ্ববিদ্যালয়-শিল্প (University–Industry) সহযোগিতা শক্তিশালী করে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও গবেষণামুখী ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে প্রশাসন নিবিড়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে 'ক্লিন ক্যাম্পাস' ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এসব উদ্যোগ সফল করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

শেষে অধ্যাপক ড. মোহা. তোজাম্মেলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে তিনি বলেন, তার নেতৃত্বে মেহেরপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপউপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটসহ উত্তরাঞ্চলের সাত জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


সিলেটসহ উত্তরাঞ্চলের সাত জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস

কিছু নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেট ও উত্তরাঞ্চলের সাতটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আভাস দিয়েছে।

কেন্দ্রের শনিবারের নিয়মিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলেও পূর্বাভাস দেয় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এই বুলেটিনে আরও বলা হয়েছে, তিস্তা নদী নীলফামারীর ডালিয়া পয়েন্টে, সুরমা নদী সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে, কুশিয়ারা নদী শেরপুর-সিলেট অংশের মৌলভীবাজার পয়েন্টে এবং সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, তবে দুধকুমার নদীর পানি সমতল কমেছে, যা আগামী তিন দিন বাড়তে পারে।

এ কারণে আগামী ৭২ ঘণ্টায় এসব নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ভারি থেকে অতিভারী বৃষ্টিপাত এবং উজানে ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে আগামী পাঁচ দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বেড়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।

৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে বলেও খবর পাওয়া গেছে।

পূর্বাভাস কেন্দ্র জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি সমতল বেড়েছে, অন্যদিকে সুরমা নদীর পানি সমতল কমেছে, যা আগামী তিন দিনে বাড়তে পারে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি সমতল বেড়েছে, অন্যদিকে মনু ও ধলাই নদীর পানি সমতল কমেছে। সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী তিন দিন বাড়তে পারে বলে জানা গেছে।

এ সময় সোমেশ্বরী নদী নেত্রকোনা জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%