প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিছু নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেট ও উত্তরাঞ্চলের সাতটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আভাস দিয়েছে।
কেন্দ্রের শনিবারের নিয়মিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলেও পূর্বাভাস দেয় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এই বুলেটিনে আরও বলা হয়েছে, তিস্তা নদী নীলফামারীর ডালিয়া পয়েন্টে, সুরমা নদী সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে, কুশিয়ারা নদী শেরপুর-সিলেট অংশের মৌলভীবাজার পয়েন্টে এবং সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, তবে দুধকুমার নদীর পানি সমতল কমেছে, যা আগামী তিন দিন বাড়তে পারে।
এ কারণে আগামী ৭২ ঘণ্টায় এসব নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ভারি থেকে অতিভারী বৃষ্টিপাত এবং উজানে ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।
আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে আগামী পাঁচ দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বেড়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।
৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ও যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে বলেও খবর পাওয়া গেছে।
পূর্বাভাস কেন্দ্র জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি সমতল বেড়েছে, অন্যদিকে সুরমা নদীর পানি সমতল কমেছে, যা আগামী তিন দিনে বাড়তে পারে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি সমতল বেড়েছে, অন্যদিকে মনু ও ধলাই নদীর পানি সমতল কমেছে। সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী তিন দিন বাড়তে পারে বলে জানা গেছে।
এ সময় সোমেশ্বরী নদী নেত্রকোনা জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন