০৩:৫১ পি.এম
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। দলে অন্তর্ভুক্ত হয়েছেন ওলি পোপ, ব্রাইডন কার্স ও ড্যান লরেন্স।
পোপ গত বছরের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেন। বাজে ফর্মের কারণে গত অ্যাশেজের তৃতীয় টেস্টের পর তিনি দল থেকে বাদ পড়েন। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর, সে দেশের হয়ে ৬৪ টেস্টে ৯ শতক এবং ১৬ অর্ধশতকে ৩ হাজার ৭৩২ রান করেছে পোপ।
পোপের মতো, গত অ্যাশেজে সর্বশেষ টেস্ট খেলেছিলেন পেস বোলিং অলরাউন্ডার কার্স। কনুই ও কবজির চোটের কারণে অ্যাশেজের পর থেকে তিনি দলের বাইরে ছিলেন। ইনজুরির কারণে সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও ছিটকে পড়েন কার্স। তবে গত জুলাইয়ে কাউন্টি টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরেছেন তিনি। ২০১৭ সালে টেস্টে পথচলা শুরু করার পর ১৪ ম্যাচে ৫৮ উইকেট ও ৩৫৭ রান করেছেন এই ডান-হাতি পেসার।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত টি–টোয়েন্টি সিরিজ শুরু
কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্সের কারণে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছেন লরেন্স। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে ৬৫.৬৬ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৮৮ রান করেছেন তিনি। এছাড়া চলতি মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন লরেন্স। ২০২১ সালে টেস্টে অভিষেকের পর ১৪ ম্যাচে ৬৭১ রান ও ৩ উইকেট নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।
ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায়, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে রাখা হয়নি ব্যাটিং অলরাউন্ডার জ্যাকব বেথেলকে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে দ্বিতীয় মেয়াদে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন শুরু করবেন জো রুট।
পাকিস্তান সিরিজের দলে নির্বাচনের সময় ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং উপস্থিত ছিলেন। আরও ছিলেন অন্তর্বর্তীকালীন কোচ মার্কাস ট্রেসকোথিক। আগামী ডিসেম্বরে ফ্লেমিং দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত কোচ হিসেবে থাকবেন ট্রেসকোথিক।
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
আগামী ১৯ আগস্ট হতে শুরু হবে হেডিংলিতে টেস্ট সিরিজ। এরপর লর্ডসে ২৭ আগস্ট এবং ৯ সেপ্টেম্বর এজবাস্টন হবে দ্বিতীয় ও তৃতীয় ও শেষ টেস্ট।
পাকিস্তান সিরিজের জন্য প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল হল: জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গ্যাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, ওলি পোপ, অলি রবিনসন, জেমি স্মিথ, এবং জশ টাং।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন