ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমণির


আর্জেন্টিনাকে ‘উড়ন্ত চুমু’ পরীমণির

বিশ্বকাপ ফুটবলের আমেজ এখন বিশ্বমঞ্চে ছড়িয়ে পড়েছে। শোবিজের অঙ্গনও থেমে নেই। প্রিয় দলের খেলা নিয়ে তারকারা সোশ্যাল মিডিয়াতে উন্মাদনা প্রকাশ করছেন। সেই ধারাবাহিকতায় অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণিও।

ছোটবেলা থেকেই পরীমণি আর্জেন্টিনার সাপোর্টার এবং দলের অধিনায়ক লিওনেল মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’ হয়ে গেছেন। সম্প্রতি, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন পরী। ভিডিওতে তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সমস্বরে ‘আর্জেন্টিনা’ বলে স্লোগান দিচ্ছেন।

উচ্ছ্বসিত মুহূর্তে সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পরীমণি ভক্তদের উদ্দেশে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন। ভিডিওটি প্রকাশ হওয়ার পর অল্প সময়ের মধ্যে এটি সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে আর্জেন্টিনার প্রতি পরীমণির ভালোবাসার প্রশংসা করেছেন।

আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার

নিজের সমর্থনের কথা জানিয়ে পরী বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’ মেসির খেলা দেখার সময় নিজের আবেগও কখনো লুকাননি এই অভিনেত্রী। তিনি বলেন, ‘মেসির পায়ে যখন বল থাকে, তখন সত্যিই আমার হার্টবিট বেড়ে যায়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


বুধবার মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফর করবেন। এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা সফরকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হবেন। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে তিনি সড়কপথে শ্রীমঙ্গলে যাবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদরে গিয়ে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শহরে ব্যাপক প্রস্তুতি চলছে। অনুষ্ঠানস্থল দুটিকে সাজিয়ে তোলা হচ্ছে নতুন আঙ্গিকে। টানা বৃষ্টির কারণে কাদাময় হয়ে পড়া মাঠে বালু ফেলেপ্রয়োজনীয় সমতল করা হচ্ছে। মঞ্চ নির্মাণ, প্রবেশপথ সংস্কার, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনাগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

সফর উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একইভাবে সাধারণ মানুষের মধ্যে মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রীর সামনে তাদের দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরার প্রত্যাশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর মৌলভীবাজারবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। শ্রীমঙ্গল থেকে কর্মসূচির উদ্বোধন হওয়ায় আমরা গর্বিত। তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে জেলার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশাগুলোর বাস্তবায়নের পথ আরও সুগম হবে।

সফরসূচি অনুযায়ী, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী বিকেলে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন। সভা শেষে তিনি সিলেট হয়ে রাতে ঢাকায় ফিরে যাবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর। এই সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।

প্রধানমন্ত্রীর বহুল প্রতীক্ষিত এ সফরকে কেন্দ্র করে পুরো মৌলভীবাজার জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসন ও আয়োজকরা আশা করছেন, সফরটি জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবপাচার রোধে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফরিদা খানম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


মানবপাচার রোধে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফরিদা খানম

মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধের জন্য সরকার, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সাধারণ জনগণকে একত্রে সমন্বিতভাবে কাজ করতে হবে, এমন মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। তিনি বলেন, মানবপাচার নিছক একটি অপরাধ নয়, এটি মানবাধিকার লঙ্ঘনের একটি ভয়াবহ রূপ এবং সমাজের নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের জন্য একটি গুরুতর হুমকি।

সোমবার (১৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে জেলা পর্যায়ের কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। ফরিদা খানম আরও বলেন, উন্নত জীবনের আশায় অনেক মানুষ দালালচক্রের প্রলোভনে পড়ে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ পথে বিদেশ গমনের চেষ্টা করছে। বিশেষ করে সমুদ্রপথে অনিয়মিত অভিবাসনের প্রবণতা উদ্বেগজনক। এতে অনেকেই জীবন হারাচ্ছেন, নিখোঁজ হচ্ছেন অথবা বিদেশে গিয়ে শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন।

জেলা প্রশাসক উল্লেখ করেন, নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসন মানুষের অধিকার হলেও অবৈধ অভিবাসন মানুষকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেয়। তাই মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, মানবপাচার প্রতিরোধ কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা এবং গণমাধ্যমসহ সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিশেষ করে তরুণ প্রজন্মকে নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন করা এবং দালালচক্রের অপতৎপরতা সম্পর্কে অবহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফরিদা খানম বলেন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সরকার বিভিন্ন আইন, নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে এই উদ্যোগের কার্যকর বাস্তবায়নের জন্য স্থানীয় পর্যায়ে আরও সমন্বিত কার্যক্রম, তথ্য বিনিময় এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, কর্মশালায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ মানবপাচার প্রতিরোধে কার্যকর করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্যিক সম্পর্ক জোরদারে চীন সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


বাণিজ্যিক সম্পর্ক জোরদারে চীন সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং সোমবার চীন সফরে পৌঁছেছেন, যাতে বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্য রয়েছে। সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এ তথ্য রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়।

এপ্রিল মাসে বেসামরিক প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি মিন অং হ্লাইংয়ের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে তিনি ভারত সফর করেন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমার কূটনৈতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

সোমবার সকালে মিয়ানমারের বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, মিন অং হ্লাইং বেইজিংগামী বিমানে ওঠার সময় হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বিকেলে তার বেইজিং পৌঁছানোর খবর প্রকাশ করে।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত চলা এ সফরে সি চিনপিংয়ের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং দেশটির শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সঙ্গেও বৈঠক করবেন মিন অং হ্লাইং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, এই সফরের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নবায়ন ও ‘সমন্বিত কৌশলগত সহযোগিতা’ আরও গভীর করতে চায় বেইজিং।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সফরকালে মিন অং হ্লাইং চীনের উচ্চপ্রযুক্তি শিল্প পরিদর্শন করবেন এবং একটি অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সম্প্রতি মিয়ানমার বিষয়ক একটি থিংক ট্যাংকে কর্মরত এক মার্কিন নাগরিককে চীন আটক করায় দুই দেশের সম্পর্ক নতুন করে আলোচনায় উঠে এসেছে।

শুক্রবার লিন জিয়ান সাংবাদিকদের জানান, ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি মিয়ানমারের প্রতিষ্ঠাতা মিন জিনের বিরুদ্ধে ‘ফৌজদারি বাধ্যতামূলক ব্যবস্থা’ নেওয়া হয়েছে।

তিনি বলেন, চীনের জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে পারে, এমন গুপ্তচরবৃত্তিমূলক কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে তাকে আটক রাখা হয়েছে।

ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি থিংক ট্যাংকটি মিয়ানমারের রাজনীতি, সম্পদ ও সংঘাত পরিস্থিতি নিয়ে গবেষণা করে।

অভ্যুত্থানের পর থেকে দেশের সশস্ত্র বাহিনী বিভিন্ন বিরোধী গোষ্ঠীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

মিয়ানমারের সঙ্গে প্রায় ২ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে চীনের। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বা রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কায় সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বেইজিং।

এ বছর বেসামরিক রাজনীতিতে সামরিকপন্থী মিত্রদের নিরঙ্কুশ বিজয় এনে দেওয়া নির্বাচনকেও জোরালো সমর্থন দিয়েছে চীন।

এপ্রিল মাসে রাজধানী নেপিদোতে মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমারের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টায় দৃঢ় সমর্থনের অঙ্গীকার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে চালককে কুপিয়ে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


রংপুরে চালককে কুপিয়ে মিশুক ছিনতাইয়ের চেষ্টা, নারী আটক

রংপুরের মিঠাপুকুরে দীর্ঘদিন ধরে চালকের মাথায় আঘাত করে অটো ও মিশুক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় রোববার (১৪ জুন) রাতে উপজেলার বালারহাট কয়েরমারী এলাকায় এক চালককে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মিশুক ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা।

সোমবার (১৫ জুন) দুপুরে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত নারী ছিনতাইকারী আপি বেগম (২৬) উপজেলার আলীপুর নয়ারহাট গ্রামের মো. লোকমান হোসেনের স্ত্রী। এ ঘটনায় গুরুতর আহত মিশুক চালক মো. আক্তার হোসেনকে (৩৮) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিশুক চালক আক্তার হোসেন রোববার সন্ধ্যা ৭টার দিকে বড় হযরতপুর ইউনিয়নের সেরুডাঙ্গা বাজার থেকে আটককৃত নারীসহ তিন যাত্রীকে নিয়ে বালারহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কয়েরমারী গ্রামের উল্লাগাড়ী পাথারের বটগাছের নিচে যখন পৌঁছান, তখন ছিনতাইকারীরা চালকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে।

চালক প্রতিরোধ গড়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা ধারালো ছোরা দিয়ে তার মাথা, ঘাড় ও বাম হাতের আঙুলে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় আক্তার হোসেনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ধাওয়া করে প্রায় ৪০০ গজ দূর থেকে ছিনতাই হওয়া গাড়িটিসহ আপি বেগমকে হাতেনাতে আটক করে। তবে সুযোগ বুঝে তার অপর দুই সহযোগী মো. আশরাফুল ইসলাম (৩৩) ও মো. রিয়াদ (২৩) পালিয়ে যায়। এরা দীর্ঘদিন ধরে এলাকায় অটো ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এদিকে নারী ছিনতাইকারী আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। পরে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আটককৃত নারীকে থানায় নিয়ে আসে।

স্থানীয়দের দাবি, গত কয়েক মাস ধরে মিঠাপুকুর উপজেলায় ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশের একাধিক টিম মাঠে থাকলেও কোনোভাবেই এই চক্রটিকে বাগে আনা যাচ্ছিল না। এই দুর্ধর্ষ নারী সদস্য আটকের পর এলাকায় সাধারণ মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, আটককৃত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই এই চক্রের বাকি সদস্যদের আইনগতভাবে আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%