ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জিয়া খালের মাটি খননের অভিযোগে যুবলীগ-ছাত্রলীগ ও ছাত্রদলের সাবেক নেতার নামে মামলা


জিয়া খালের মাটি খননের অভিযোগে যুবলীগ-ছাত্রলীগ ও ছাত্রদলের সাবেক নেতার নামে মামলা

জামালপুরের ইসলামপুরে রাতের অন্ধকারে জিয়া খাল থেকে প্রায় ১০ হাজার ঘনফুট মাটি কেটে নেওয়ার অভিযোগ একটি চক্রের বিরুদ্ধে উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা এবং ছাত্রদলের সাবেক এক নেতার নাম উল্লেখ করা হয়েছে। তবে মামলার ১০ দিনের বেশি সময় অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মাটি কাটার ফলে খালের পাড় এবং পাশের চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ৬ থেকে ১২ নভেম্বরের মধ্যে কয়েক রাত ধরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তেঘরিয়া অংশ থেকে মাটি কেটে নিয়ে যায় চক্রটি। সরেজমিনে খালের বিভিন্ন স্থানে মাটি কাটার চিহ্ন দেখা গেছে। এতে খালের পাড়ের পাশাপাশি মানুষের চলাচলের পথও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কৃষকদের জমিতে যাতায়াত এবং কৃষিকাজে ব্যাঘাত ঘটছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, খালের পাড় কেটে নেওয়ার কারণে আগামী বর্ষায় বৃষ্টির পানি ও স্রোতে ক্ষতিগ্রস্ত অংশ আরও ভেঙে পড়তে পারে। এতে খালের পাশাপাশি আশপাশের কৃষিজমিও হুমকির মুখে পড়বে।

আরও পড়ুন: আতঙ্কের জনপদে উন্নয়নের ছোঁয়া বাড়ছে নিরাপত্তা ও যোগাযোগ

জানা গেছে, স্থানীয়ভাবে জিয়া খাল নামে পরিচিত খালটির প্রকৃত নাম কাটাখালি খাল। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খনন করায় এটি জিয়া খাল নামে পরিচিতি পায়। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় সম্প্রতি এটি আবারও খনন করা হয়। আট কিলোমিটার দীর্ঘ খালটির খননে বরাদ্দ ছিল ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা। তবে প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ১৬৪ টাকা। খননকাজ শেষ হওয়ার পরপরই খালের মাটি কেটে নেওয়ার অভিযোগ ওঠে।

খালের পাশের টুংরাপাড়া গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘এই খালটা জিয়াউর রহমানের খনন করা খাল। এখন এই খাল তারেক জিয়া খনন করাইছে। খালটা খননের পর এখানে যে মাটি ছিল, সেই মাটির প্রায় সবই তারা কেটে নিয়ে গেছে। আমরা তাদের জিজ্ঞাসা করেছিলাম, কেন মাটি কাটছে। তারা বলেছে, ইউএনও স্যার নাকি আরো বেশি মাটি কাটবেন। এ ধরনের কথা বলেছে। তাই ভয়ে আমরা কিছু বলতে সাহস পাইনি।’

নূর হোসেন নামে আরেক বাসিন্দা বলেন, খালের মাটি কেটে নেওয়ার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্ষায় বৃষ্টির পানি নামলে কাটা অংশের মাটি ধুয়ে যেতে পারে। খালের পাড়ে গাছ লাগানোর সুযোগও ছিল। কিন্তু মাটি না থাকায় সেই সম্ভাবনা নষ্ট হয়েছে।

এ ঘটনায় গত ১৫ নভেম্বর ইসলামপুর থানায় মামলা করেন গাইবান্ধা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহজাহান কবীর আকন্দ। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক এবং ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

আরও পড়ুন: রামপুরা থেকে যুবলীগ নেতা মহসিন খন্দকার গ্রেপ্তার

মামলার বাদী শাহজাহান কবীর আকন্দ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনের পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ১৫ নভেম্বর নিয়মিত মামলা করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। তার জানা মতে, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযুক্তদের কয়েকজন ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে মনিরুল ইসলামের ছাত্রদলের পদ সম্পর্কে জানতে চাইলে ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আসনাদ হোসেন সোহান বলেন, মনিরুল ইসলাম তার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ওই কমিটির মেয়াদ ছিল ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত। বর্তমানে তিনি দলীয় অন্য কোনো পদে আছেন কি না, তা তার জানা নেই।

এদিকে, মনিরুল ইসলাম বর্তমানে কোনো দলীয় পদে না থাকায় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

আরও পড়ুন: বাথরুম নিয়ে ঝগড়ার জেরে ভাড়াটিয়ার হাতে খুন আরেক ভাড়াটিয়া

আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, ইসলামপুর থানা ঘটনাটি তদন্ত করছে। তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর উদ্ধার করা মাটি ও অন্যান্য আনুষঙ্গিক আইনগত বিষয় সম্পন্ন করে দ্রুত আদালতে পুলিশ প্রতিবেদন দেওয়া হবে।

এদিকে খালের ক্ষতিগ্রস্ত অংশে সাময়িক মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুরের ইউএনও শাহ মো. জুবায়ের। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত মেরামতের ব্যবস্থা করা হয়েছে। খালের পাড়ে বাঁধ দেওয়া হয়েছে, যাতে নতুন করে ভাঙন বা দুর্ঘটনা না ঘটে।

এমএমআর

আরও পড়ুন: শর্মীর পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি: রাশেদ খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুর শহরের চার স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক ছড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ এম


মেহেরপুর শহরের চার স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক ছড়ালো

মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ স্থানগুলো হলো পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান এবং কমিউনিটি সেন্টারের সামনে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানার পুলিশ একটি দল পৃথক চারটি স্থান থেকে এসব বস্তু উদ্ধার করে।

পুলিশের অভিযানের নেতৃত্ব দেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। এ সময় পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে থেকে একটি, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে একটি, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান থেকে একটি এবং কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বস্তুগুলো কালো স্কচটেপে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগে রাখা ছিল। তবে কে বা কারা এসব বস্তু সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।

এর আগে রাত ৯টা ৪৩ মিনিটের দিকে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সংবাদকর্মীদের কাছে একটি বার্তা পাঠানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউসের গেট, পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের গেট এবং কমিউনিটি সেন্টারের সামনে শপিং ব্যাগের ভেতরে কে বা কারা বিস্ফোরকজাতীয় বস্তু রেখে গেছে।

বার্তাটি পাওয়ার পর সংবাদকর্মীরা বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উল্লেখিত স্থানগুলোর মধ্যে চারটি স্থান থেকে চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।

এদিকে, একই সময় শহরের বিভিন্ন স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাথরুম নিয়ে ঝগড়ার জেরে ভাড়াটিয়ার হাতে খুন আরেক ভাড়াটিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ এম


বাথরুম নিয়ে ঝগড়ার জেরে ভাড়াটিয়ার হাতে খুন আরেক ভাড়াটিয়া

রাজধানীর পল্লবী এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভাড়াটিয়ার হাতে আরেক ভাড়াটিয়া খুন হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাতে মিরপুর ৬ নম্বর সেকশনে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত ভাড়াটিয়ার নাম আনোয়ার (৩০)। তিনি বুটিক্সের কর্মচারী ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের পুত্র।

আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে রাত সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনোয়ারকে নিয়ে আসা ব্যক্তি ‘প্রিয়’ জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনে একটি ভাড়া বাসায় বাথরুম ব্যবহার নিয়ে দুই ভাড়াটিয়া নারীর মধ্যে ঝগড়া শুরু হয়। এই ঘটনার জেরে অন্তঃসত্ত্বা আরজু বেগমের স্বামী আনোয়ারের সঙ্গেও তাঁদের ঝগড়া হয়। পরে ওই ভাড়াটিয়া নারী, তাঁর ছেলে আরিফসহ কয়েকজন মিলে আনোয়ারকে মারধর করেন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের শরীরে আঘাত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামপুরা থেকে যুবলীগ নেতা মহসিন খন্দকার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৫ এম


রামপুরা থেকে যুবলীগ নেতা মহসিন খন্দকার গ্রেপ্তার

রাজধানীর রামপুরা এলাকা থেকে যুবলীগের নেতা মহসিন খন্দকার (৪৫) কে গ্রেপ্তার করেছে এসআরবি। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

এসআরবি কর্তৃপক্ষ জানায়, মহসিন খন্দকার একাধিক বিস্ফোরক ও নাশকতার মামলার আসামি। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার এসআরবির সদর দপ্তর থেকে পাঠানো একটি ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্মৃতিশক্তি হারিয়ে ২৪ দিন নিখোঁজের পর পরিবারের কাছে ফিরলেন ৯০ বছরের বৃদ্ধা নূরজাহান আক্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৫ এম


স্মৃতিশক্তি হারিয়ে ২৪ দিন নিখোঁজের পর পরিবারের কাছে ফিরলেন ৯০ বছরের বৃদ্ধা নূরজাহান আক্তার

বয়সের ভারে স্মৃতিশক্তি হারিয়ে পথ ভুলে শেরপুরে চলে আসা ৯০ বছরের বৃদ্ধা নূরজাহান আক্তারকে ২৪ দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পিবিআই। এর আগে, অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) রাতে পিবিআইয়ের সহায়তায় তার পরিচয় শনাক্ত হলে পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যান। নূরজাহান আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার মেঘশিমুল দিলাকান্দা গ্রামের মৃত আফছর আলী ও মৃত আমেনা খাতুনের মেয়ে।

জানা গেছে, গত ৪ নভেম্বর নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষমপুর গ্রামে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ভোর ৬টার দিকে বের হন নূরজাহান। বয়সের কারণে স্মৃতিশক্তি হারিয়ে পথ ভুল করেন তিনি। ছোট ছেলের বাড়িতে না পৌঁছায় স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। তবে ২৪ দিনেও তার খোঁজ মেলেনি।

এদিকে, গত ২৫ নভেম্বর শেরপুর সদর উপজেলার ডুবারচর এলাকায় রাস্তার পাশে অসুস্থ অবস্থায় এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ‘আজকের তারুণ্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে তাকে জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধার ছবি প্রকাশ করেও তার পরিচয় শনাক্ত করতে পারেননি তারা। শনিবার দুপুরে বৃদ্ধার পরিচয় শনাক্তে জেলা পিবিআইয়ের সহায়তা চান রবিউল ইসলাম রতন। পরে পিবিআই সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় তথ্য যাচাই-বাছাই করে পরিচয় শনাক্ত করেন।

পরিচয় শনাক্তের পর পিবিআই ও ‘আজকের তারুণ্য’ সংগঠনের সদস্যরা পরিবারের সাথে যোগাযোগ করেন। খবর পেয়ে রাতে বৃদ্ধার পুত্রবধূ মরিয়ম আক্তার ও ভাতিজা হাসিম মিয়া নেত্রকোনা থেকে শেরপুর জেলা হাসপাতালে ছুটে আসেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে নূরজাহান আক্তারকে তাদের কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘ ২৪ দিন পর শাশুড়িকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পুত্রবধূ মরিয়ম আক্তার। এ সময় তিনি বলেন, 'দুনিয়ার মধ্যে এহনও যে ভালা মানুষ আছে এইডারও তার প্রমাণ। আমি স্যারদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ ওগোর (পিবিআই ও আজকের তারুন্য) ভালো করবো। আমার মায়ের মত শ্বাশুড়ীকে রাস্তা থনে তুইল্যা আইন্যা হাসপাতালে ভর্তি করছে। আমি তাগো ধন্যবাদ জানাই।'

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, 'আমরা কিছুদিন ধরে এই বৃদ্ধার পরিচয় জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। অবশেষে পিবিআইয়ের সহযোগিতায় আমরা তার পরিচয় শনাক্ত করতে পেরেছি এবং তার পরিবারের কাছে সুন্দরভাবে হস্তান্তর করতে পেরেছি। আমি আমার সংগঠনের প্রতিটা সদস্য, পিবিআই ও হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ।'

পিবিআই জামালপুরের পুলিশ সুপার, শেরপুরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পংকজ দত্ত বলেন, প্রযুক্তির সহায়তা ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করতে আমরা সক্ষম হয়েছি এবং উনাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%