ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জার রেকর্ড, টানা সাত অর্ধে দুই গোল হজম


ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জার রেকর্ড, টানা সাত অর্ধে দুই গোল হজম

ম্যানচেস্টার ইউনাইটেড আবারও লজ্জায় ডুবেছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা সাতটি অর্ধে (প্রতি অর্ধে) দুই বা তার বেশি গোল হজম করার রেকর্ড গড়েছে ম্যানচেস্টারের জায়ান্টরা।

শনিবার (২৮ নভেম্বর) তাদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে পরাজিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ক্যালাম উইলসনের দুটি গোলের মাধ্যমে ব্রেন্টফোর্ড ২-০ ব্যবধানে এগিয়ে যায়। এর ফলে ইউনাইটেড ইতিমধ্যেই টানা ছয় অর্ধে দুই বা তার বেশি গোল হজমের রেকর্ড গড়েছিল। পরে ম্যাচের শেষের দিকে ক্রিস্টোফার আজের ও কেভিন শেডের আরও দুটি গোল স্বাগতিকদের দুর্দশা বাড়িয়েছে।

এর আগে, মাইকেল ক্যারিকের অধীনে চেলসির বিরুদ্ধে ২-০ গোলের পরাজয়ের সময় দ্বিতীয়ার্ধে মরগান রজার্স ও কোল পালমার গোল করেছিলেন। এরপর অ্যাস্টন ভিলার বিরুদ্ধে নাটকীয় ৪-৪ গোলের ড্রয়ে দুই অর্ধেই দুটি করে গোল হজম করেছিল ইউনাইটেড।

আরও পড়ুন: দশজনের বায়ার্নকে রুখে দিল হামবুর্গ

মাউরিসিও পচেত্তিনোর অধীনে লিভারপুলের কাছে ৪-০ গোলের লজ্জাজনক হারে ইউনাইটেড দুই অর্ধেই দুটি করে গোল হজম করেছিল। শনিবারও একইভাবে দুই অর্ধে দুটি করে গোল হজম করে নতুন রেকর্ড গড়েছে দলটি।

শেডের শেষ মুহূর্তের গোলটি চলতি মৌসুমে ইউনাইটেডের গোল হজমের সংখ্যা ৪০-এ নিয়ে গেছে, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যেকোনো দলের চেয়ে বেশি।

ওই গোলের ফলে ওল্ড ট্রাফোর্ডে ছয়টি লিগ ম্যাচে ইউনাইটেডের গোল হজমের সংখ্যা দাঁড়িয়েছে ১৫-এ। ১৯৩০-৩১ মৌসুমের পর চলতি মৌসুমের এই পর্যায়ে ঘরের মাঠে এত বেশি গোল হজম করেনি দলটি।

এতে আরও একটি রেকর্ড হয়েছে। ১৯৬৩ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো টানা দুটি লিগ ম্যাচে চার বা তার বেশি গোলের ব্যবধানে হারল রেড ডেভিলরা। পাশাপাশি, প্রিমিয়ার লিগ যুগে প্রথমবারের মতো টানা ১০টি লিগ ম্যাচে জয়হীন থাকল তারা।

আরও পড়ুন: ১৪তম এসএ গেমস পাঁচ মাস পেছাল, অনুষ্ঠিত হবে ২০২৭ সালের সেপ্টেম্বর

মাউরিসিও পচেত্তিনোর শুরুটা রীতিমতো দুঃস্বপ্নের মতো হয়েছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনিই প্রথম কোচ, যিনি কোনো ক্লাবের হয়ে নিজের প্রথম দুই লিগ ম্যাচেই চার বা তার বেশি গোলের ব্যবধানে হারের মুখ দেখেছেন।

উইলসনের দ্বিতীয় গোলটি আরও একটি রেকর্ডের সাক্ষী হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে অন্তত দুটি করে গোল হজম করল রেড ডেভিলরা, যা ১৯৭৭ সালের পর ক্লাবটির ইতিহাসে দীর্ঘতম ধারা।

প্রিমিয়ার লিগের টেবিলে ১৯তম স্থানে অবস্থান করছে ইউনাইটেড। পুরো মৌসুমে তারা লিগে মাত্র একটি ম্যাচ জিতেছে।

রোববার (২৯ নভেম্বর) ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেস যদি হাল সিটির বিপক্ষে জয় পায়, তাহলে সপ্তাহ শেষে প্রিমিয়ার লিগের টেবিলের একদম তলানিতে চলে যাবে ইউনাইটেড।

আরও পড়ুন: মুশফিক অবসরের খবর নিশ্চিত করে দিলেন বার্তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শর্মীর পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ এম


শর্মীর পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি: রাশেদ খান

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান জানিয়েছেন, যুবলীগ নেত্রী শারমিন সুলতানার পরিবার প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি সন্তানের মৃত্যুর পর।

তিনি শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেন।

রাশেদ খান তার পোস্টে উল্লেখ করেছেন, যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী সন্তান তুর্যের মৃত্যু একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। শারমিন সুলতানার গ্রেফতারের পর যখন জানা যায় যে, তার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে, তখন সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেকেই তার জামিনে মুক্তির দাবি জানিয়ে লেখালেখি করেছিলেন। তবে আওয়ামী লীগের অরাজকতার কারণে পরবর্তীতে বিষয়টি আর সামনে আসেনি।

তিনি আরও লেখেন, আজ ছেলেটির মৃত্যুর পর সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেককে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে। তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে ব্যথিত।

রাশেদ খান বলেন, তুর্যের মৃত্যুর পর তার মা শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়েও অনেকের উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে। এ কারণে তিনি গাজীপুরের ডিসির সঙ্গে কথা বলেছেন। ডিসি তাকে জানিয়েছেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন বা ফোন কল তারা পাননি। ডিসি আরও জানান, ‘তার স্বামী বা পরিবারের কেউ মৃত্যুর বিষয়টি অবহিত করে প্যারোলে মুক্তি আবেদনও করেনি।’ বরং পরিবারের পক্ষ থেকে লাশ কারাফটকে নেওয়ার পর সিনিয়র জেলারও বিষয়টি ডিসিকে অবহিত করেননি। সিনিয়র জেলার অবশ্য কোনো আসামিকে তার পরিবারের কারও লাশ দেখানোর আইনগত এখতিয়ার রাখেন।

রাশেদ খান লিখেছেন, প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ ছিল না। কেবল গণমাধ্যমে খবর আসার পর বিষয়টি সম্পর্কে সকলে জানতে পারেন। তুর্যের পরিবার যদি শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করতো, তাহলে মুক্তি না দিলে সরকারকে বিষয়টি নিয়ে দায়ী করা সম্ভব হত।

শেষে তিনি বলেন, এই সরকার যেখানে গোপালগঞ্জের মতো জায়গায় দমন-পীড়ন না চালিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে, সেখানে সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার মানবাধিকারের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তুর্যের পরিবার যদি প্যারোলে মুক্তির জন্য ডিসিকে অবহিত করতো, তাহলে হয়তো এই হৃদয়বিদারক ঘটনার অবতারণা ঘটত না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়া খালের মাটি খননের অভিযোগে যুবলীগ-ছাত্রলীগ ও ছাত্রদলের সাবেক নেতার নামে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ এম


জিয়া খালের মাটি খননের অভিযোগে যুবলীগ-ছাত্রলীগ ও ছাত্রদলের সাবেক নেতার নামে মামলা

জামালপুরের ইসলামপুরে রাতের অন্ধকারে জিয়া খাল থেকে প্রায় ১০ হাজার ঘনফুট মাটি কেটে নেওয়ার অভিযোগ একটি চক্রের বিরুদ্ধে উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা এবং ছাত্রদলের সাবেক এক নেতার নাম উল্লেখ করা হয়েছে। তবে মামলার ১০ দিনের বেশি সময় অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মাটি কাটার ফলে খালের পাড় এবং পাশের চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, ৬ থেকে ১২ নভেম্বরের মধ্যে কয়েক রাত ধরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তেঘরিয়া অংশ থেকে মাটি কেটে নিয়ে যায় চক্রটি। সরেজমিনে খালের বিভিন্ন স্থানে মাটি কাটার চিহ্ন দেখা গেছে। এতে খালের পাড়ের পাশাপাশি মানুষের চলাচলের পথও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কৃষকদের জমিতে যাতায়াত এবং কৃষিকাজে ব্যাঘাত ঘটছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, খালের পাড় কেটে নেওয়ার কারণে আগামী বর্ষায় বৃষ্টির পানি ও স্রোতে ক্ষতিগ্রস্ত অংশ আরও ভেঙে পড়তে পারে। এতে খালের পাশাপাশি আশপাশের কৃষিজমিও হুমকির মুখে পড়বে।

জানা গেছে, স্থানীয়ভাবে জিয়া খাল নামে পরিচিত খালটির প্রকৃত নাম কাটাখালি খাল। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খনন করায় এটি জিয়া খাল নামে পরিচিতি পায়। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির আওতায় সম্প্রতি এটি আবারও খনন করা হয়। আট কিলোমিটার দীর্ঘ খালটির খননে বরাদ্দ ছিল ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা। তবে প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ১৬৪ টাকা। খননকাজ শেষ হওয়ার পরপরই খালের মাটি কেটে নেওয়ার অভিযোগ ওঠে।

খালের পাশের টুংরাপাড়া গ্রামের বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘এই খালটা জিয়াউর রহমানের খনন করা খাল। এখন এই খাল তারেক জিয়া খনন করাইছে। খালটা খননের পর এখানে যে মাটি ছিল, সেই মাটির প্রায় সবই তারা কেটে নিয়ে গেছে। আমরা তাদের জিজ্ঞাসা করেছিলাম, কেন মাটি কাটছে। তারা বলেছে, ইউএনও স্যার নাকি আরো বেশি মাটি কাটবেন। এ ধরনের কথা বলেছে। তাই ভয়ে আমরা কিছু বলতে সাহস পাইনি।’

নূর হোসেন নামে আরেক বাসিন্দা বলেন, খালের মাটি কেটে নেওয়ার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্ষায় বৃষ্টির পানি নামলে কাটা অংশের মাটি ধুয়ে যেতে পারে। খালের পাড়ে গাছ লাগানোর সুযোগও ছিল। কিন্তু মাটি না থাকায় সেই সম্ভাবনা নষ্ট হয়েছে।

এ ঘটনায় গত ১৫ নভেম্বর ইসলামপুর থানায় মামলা করেন গাইবান্ধা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শাহজাহান কবীর আকন্দ। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মিয়া, ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক এবং ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

মামলার বাদী শাহজাহান কবীর আকন্দ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনের পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ১৫ নভেম্বর নিয়মিত মামলা করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। তার জানা মতে, এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযুক্তদের কয়েকজন ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তবে মনিরুল ইসলামের ছাত্রদলের পদ সম্পর্কে জানতে চাইলে ইসলামপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আসনাদ হোসেন সোহান বলেন, মনিরুল ইসলাম তার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ওই কমিটির মেয়াদ ছিল ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত। বর্তমানে তিনি দলীয় অন্য কোনো পদে আছেন কি না, তা তার জানা নেই।

এদিকে, মনিরুল ইসলাম বর্তমানে কোনো দলীয় পদে না থাকায় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, ইসলামপুর থানা ঘটনাটি তদন্ত করছে। তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর উদ্ধার করা মাটি ও অন্যান্য আনুষঙ্গিক আইনগত বিষয় সম্পন্ন করে দ্রুত আদালতে পুলিশ প্রতিবেদন দেওয়া হবে।

এদিকে খালের ক্ষতিগ্রস্ত অংশে সাময়িক মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুরের ইউএনও শাহ মো. জুবায়ের। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত মেরামতের ব্যবস্থা করা হয়েছে। খালের পাড়ে বাঁধ দেওয়া হয়েছে, যাতে নতুন করে ভাঙন বা দুর্ঘটনা না ঘটে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুর শহরের চার স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক ছড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ এম


মেহেরপুর শহরের চার স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক ছড়ালো

মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চারটি স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ স্থানগুলো হলো পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান এবং কমিউনিটি সেন্টারের সামনে।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে মেহেরপুর সদর থানার পুলিশ একটি দল পৃথক চারটি স্থান থেকে এসব বস্তু উদ্ধার করে।

পুলিশের অভিযানের নেতৃত্ব দেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। এ সময় পুলিশ সুপারের বাংলোর ফটকের সামনে থেকে একটি, জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে একটি, সার্কিট হাউসের গেটসংলগ্ন স্থান থেকে একটি এবং কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বস্তুগুলো কালো স্কচটেপে মোড়ানো লাল রঙের টিস্যু ব্যাগে রাখা ছিল। তবে কে বা কারা এসব বস্তু সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।

এর আগে রাত ৯টা ৪৩ মিনিটের দিকে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সংবাদকর্মীদের কাছে একটি বার্তা পাঠানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ফটক, সার্কিট হাউসের গেট, পুলিশ সুপারের বাংলোর সামনে, জেলা কারাগারের গেট এবং কমিউনিটি সেন্টারের সামনে শপিং ব্যাগের ভেতরে কে বা কারা বিস্ফোরকজাতীয় বস্তু রেখে গেছে।

বার্তাটি পাওয়ার পর সংবাদকর্মীরা বিষয়টি মেহেরপুর সদর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উল্লেখিত স্থানগুলোর মধ্যে চারটি স্থান থেকে চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।

এদিকে, একই সময় শহরের বিভিন্ন স্থান থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাথরুম নিয়ে ঝগড়ার জেরে ভাড়াটিয়ার হাতে খুন আরেক ভাড়াটিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ এম


বাথরুম নিয়ে ঝগড়ার জেরে ভাড়াটিয়ার হাতে খুন আরেক ভাড়াটিয়া

রাজধানীর পল্লবী এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভাড়াটিয়ার হাতে আরেক ভাড়াটিয়া খুন হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাতে মিরপুর ৬ নম্বর সেকশনে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত ভাড়াটিয়ার নাম আনোয়ার (৩০)। তিনি বুটিক্সের কর্মচারী ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের পুত্র।

আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে রাত সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনোয়ারকে নিয়ে আসা ব্যক্তি ‘প্রিয়’ জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনে একটি ভাড়া বাসায় বাথরুম ব্যবহার নিয়ে দুই ভাড়াটিয়া নারীর মধ্যে ঝগড়া শুরু হয়। এই ঘটনার জেরে অন্তঃসত্ত্বা আরজু বেগমের স্বামী আনোয়ারের সঙ্গেও তাঁদের ঝগড়া হয়। পরে ওই ভাড়াটিয়া নারী, তাঁর ছেলে আরিফসহ কয়েকজন মিলে আনোয়ারকে মারধর করেন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের শরীরে আঘাত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%