প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বয়সের ভারে স্মৃতিশক্তি হারিয়ে পথ ভুলে শেরপুরে চলে আসা ৯০ বছরের বৃদ্ধা নূরজাহান আক্তারকে ২৪ দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পিবিআই। এর আগে, অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা বৃদ্ধাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সদস্যরা।
শনিবার (২৮ নভেম্বর) রাতে পিবিআইয়ের সহায়তায় তার পরিচয় শনাক্ত হলে পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যান। নূরজাহান আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার মেঘশিমুল দিলাকান্দা গ্রামের মৃত আফছর আলী ও মৃত আমেনা খাতুনের মেয়ে।
জানা গেছে, গত ৪ নভেম্বর নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষমপুর গ্রামে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ভোর ৬টার দিকে বের হন নূরজাহান। বয়সের কারণে স্মৃতিশক্তি হারিয়ে পথ ভুল করেন তিনি। ছোট ছেলের বাড়িতে না পৌঁছায় স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। তবে ২৪ দিনেও তার খোঁজ মেলেনি।
এদিকে, গত ২৫ নভেম্বর শেরপুর সদর উপজেলার ডুবারচর এলাকায় রাস্তার পাশে অসুস্থ অবস্থায় এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ‘আজকের তারুণ্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে তাকে জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধার ছবি প্রকাশ করেও তার পরিচয় শনাক্ত করতে পারেননি তারা। শনিবার দুপুরে বৃদ্ধার পরিচয় শনাক্তে জেলা পিবিআইয়ের সহায়তা চান রবিউল ইসলাম রতন। পরে পিবিআই সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় তথ্য যাচাই-বাছাই করে পরিচয় শনাক্ত করেন।
পরিচয় শনাক্তের পর পিবিআই ও ‘আজকের তারুণ্য’ সংগঠনের সদস্যরা পরিবারের সাথে যোগাযোগ করেন। খবর পেয়ে রাতে বৃদ্ধার পুত্রবধূ মরিয়ম আক্তার ও ভাতিজা হাসিম মিয়া নেত্রকোনা থেকে শেরপুর জেলা হাসপাতালে ছুটে আসেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে নূরজাহান আক্তারকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ ২৪ দিন পর শাশুড়িকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পুত্রবধূ মরিয়ম আক্তার। এ সময় তিনি বলেন, 'দুনিয়ার মধ্যে এহনও যে ভালা মানুষ আছে এইডারও তার প্রমাণ। আমি স্যারদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ ওগোর (পিবিআই ও আজকের তারুন্য) ভালো করবো। আমার মায়ের মত শ্বাশুড়ীকে রাস্তা থনে তুইল্যা আইন্যা হাসপাতালে ভর্তি করছে। আমি তাগো ধন্যবাদ জানাই।'
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, 'আমরা কিছুদিন ধরে এই বৃদ্ধার পরিচয় জানতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। অবশেষে পিবিআইয়ের সহযোগিতায় আমরা তার পরিচয় শনাক্ত করতে পেরেছি এবং তার পরিবারের কাছে সুন্দরভাবে হস্তান্তর করতে পেরেছি। আমি আমার সংগঠনের প্রতিটা সদস্য, পিবিআই ও হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ।'
পিবিআই জামালপুরের পুলিশ সুপার, শেরপুরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পংকজ দত্ত বলেন, প্রযুক্তির সহায়তা ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করতে আমরা সক্ষম হয়েছি এবং উনাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন