ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

চার মাসে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার ছাড়াল


চার মাসে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার ছাড়াল

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১৭ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার। এই হিসেবে রপ্তানি আয় বেড়েছে ৯৬ কোটি ডলার বা ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে তৈরি পোশাক খাত। আলোচ্য সময়ে নিটওয়্যার রপ্তানি ৭ শতাংশ বেড়ে ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওভেন পোশাক রপ্তানি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ৬ বিলিয়ন ডলার।

এই দুই খাত মিলিয়ে মোট পণ্য রপ্তানির প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে। সামগ্রিক রপ্তানি আয় বৃদ্ধির প্রায় ৮১ শতাংশ অবদান তৈরি পোশাক খাতের।

আরও পড়ুন: এআই খাতে বড় বিনিয়োগ বিশ্ববাজার ব্যবস্থা ধ্বংসের শঙ্কা

তবে রপ্তানি প্রবৃদ্ধি শুধু তৈরি পোশাকের ওপর নির্ভরশীল ছিল না। পোশাক বহির্ভূত কয়েকটি খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ২৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৮ কোটি ৩০ লাখ ডলারে দাঁড়িয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ১২ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৪৬ কোটি ৪০ লাখ ডলার। রাসায়নিক পণ্যের রপ্তানি ২৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ১৫ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে।

এ ছাড়া হোম টেক্সটাইল ও পাদুকা রপ্তানিতে যথাক্রমে ৭ দশমিক ৪ শতাংশ ও ৯ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে, আলোচ্য সময়ে কৃষিপণ্য রপ্তানি ১৩ দশমিক ৫ শতাংশ, হিমায়িত ও জীবন্ত মাছ ১০ দশমিক ৯ শতাংশ এবং তুলা ও তুলাজাত পণ্যের রপ্তানি ১০ দশমিক ২ শতাংশ কমেছে।

সামগ্রিকভাবে রপ্তানি আয়ের ৬ শতাংশ প্রবৃদ্ধি দেশের রপ্তানি খাতের ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে পাট, চামড়া ও রাসায়নিক পণ্যের মতো পোশাকবহির্ভূত খাতে প্রবৃদ্ধি রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর সম্ভাবনাকে তুলে ধরছে।

আরও পড়ুন: গুলশানে উদ্বোধন হলো ‘গোল্ড কিনেন’-এর প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার

এই প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে পণ্যের মান উন্নয়ন, উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি নতুন বাজার অনুসন্ধান এবং পিছিয়ে থাকা খাতগুলোর প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আকাশ মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


ঢাকার আকাশ মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, সংস্থাটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ এম


শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্তব্য করেছেন যে, শিশুদের শৈশবকাল থেকেই দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা দলগত কাজ, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের সেবায় আত্মনিয়োগের শিক্ষা অর্জন করে। এই গুণাবলী একজন শিশুকে ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

রোববার (০১ আগস্ট) সন্ধ্যার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনের আয়োজনে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরি ২০২৬’-এর মহা তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বরং শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক এবং নৈতিক বিকাশ নিশ্চিত করা। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং এবং সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নেতৃত্বের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাথমিক শিক্ষায় এসব কার্যক্রমকে আরও উৎসাহিত করতে হবে।

তিনি যোগ করেন, শিশুরা যেন আনন্দের মাধ্যমে শিখতে পারে এবং নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে দক্ষিণ কোরিয়াকে অংশীদার করার ইঙ্গিত এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ এম


তুরস্কের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে দক্ষিণ কোরিয়াকে অংশীদার করার ইঙ্গিত এরদোয়ানের

তুরস্কের পরিকল্পিত সিনোপ পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দক্ষিণ কোরিয়া অংশীদার হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সম্ভাবনার কথা তুলে ধরেন।

প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তুরস্ক মালিকানাধীন ‘কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশন’-এর সঙ্গে কৃষ্ণ সাগর পারমাণবিক প্রকল্পের প্রযুক্তিগত ও অর্থনৈতিক বিষয়গুলো খতিয়ে দেখছে। তবে প্রকল্পের অর্থায়ন, বিদ্যুৎ উৎপাদন খরচ এবং তুরস্কের অর্থনীতিতে আঙ্কারার সামগ্রিক সুবিধা বিবেচনা করার আগে চূড়ান্ত অংশীদার বেছে নেওয়া হবে।

সোমবার সিউলে তিন দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছানোর কথা রয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের। ২০১৮ সালের পর এটি তার প্রথম সফর দক্ষিণ কোরিয়ায়। সফরকালে মঙ্গলবার (৩ নভেম্বর) তিনি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গে একটি শীর্ষ বৈঠকে মিলিত হবেন, যা সিউলের রাষ্ট্রপতির কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

ইয়োনহাপকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ান উল্লেখ করেন যে, শুধুমাত্র পরমাণু শক্তি নয়, বরং প্রতিরক্ষা প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকসও দুই দেশের সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি তুরস্কে আরো বেশি দক্ষিণ কোরীয় বিনিয়োগ এবং যৌথ উৎপাদনের আহ্বান জানান।

একই সময়ে, এরদোয়ান উল্লেখ করেন, দুই দেশ ১৫ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। তবে বর্তমানে বাণিজ্য ভারসাম্য দক্ষিণ কোরিয়ার অনুকূলে থাকায় সেই ব্যবধান কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি, এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ স্থাপনকারী তুরস্কের বৃহৎ পরিবহন ও লজিস্টিকস প্রকল্পগুলোতে অংশ নিতে দক্ষিণ কোরীয় কম্পানিগুলোর প্রতি আমন্ত্রণ জানান তুর্কি প্রেসিডেন্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে কমল তেলের দাম, ইরান-কাতারের আলোচনার প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ এম


বিশ্ববাজারে কমল তেলের দাম, ইরান-কাতারের আলোচনার প্রভাব

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা কিছুটা আশার সঞ্চার করছে। ইরান ও কাতারের কর্মকর্তাদের মধ্যে টানা তৃতীয় দিনের আলোচনার ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার (২ নভেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ১১ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫৯ সেন্ট বা ১ দশমিক ৪০ শতাংশ কমে ১১১ ডলার ৮৪ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ ডলার ৫৬ সেন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ ডলার ৫৬ সেন্টে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে তেলের দামে উল্লেখযোগ্য উত্থানের পর বর্তমানে কিছুটা দরপতন ঘটেছে। এছাড়া, ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা এবং সপ্তাহান্তে সামরিক উত্তেজনা বৃদ্ধি না পাওয়ার ফলে বাজারে উদ্বেগ কিছুটা কমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার মন্তব্য করেছেন, গত সপ্তাহে তেলের দামে বড় ধরনের উত্থানের পর বর্তমানে বাজারে কিছুটা সংশোধন দেখা যাচ্ছে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং নতুন করে বড় কোনো সামরিক উত্তেজনা না ঘটার কারণে আপাতত তেলের দামের ওপর চাপ কমেছে।

তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, পরিস্থিতি সম্পূর্ণ স্বস্তিদায়ক নয়। ওয়াটারারের আশঙ্কা, ইরানকে ঘিরে রাজনৈতিক ও সামরিক বক্তব্য আরও কঠোর হলে আগামী মধ্যবর্তী নির্বাচনের পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছাতে পারে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে চলমান আলোচনা ও পরামর্শ অব্যাহত রাখা তাদের প্রধান লক্ষ্য। তার বক্তব্যে, আলোচনা এগিয়ে চলছে। তবে ইরান প্রতিরক্ষা ও কূটনীতি—দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজে হামলার ঘটনা বিশ্ববাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও পণ্য পরিবহণের ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%