ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভোলা সদর হাসপাতালে কারিমা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু


ভোলা সদর হাসপাতালে কারিমা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
 
ভোলা সদর পাড়া আদর্শ একাডেমি সংলগ্ন এলাকার বাসিন্দা কারিমা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
 তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
জানা গেছে, কারিমার শ্বশুরবাড়ি ভোলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকায়। 
 
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রায় তিন দিন আগে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। তবে ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন না বলে দাবি করেছেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভোলা শহরের মুসলিমপাড়া এলাকার একটি স্থানে কারিমাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। 
 
তখন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরে স্থানীয় কয়েকজন মানবিক ব্যক্তি তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কারিমার মৃত্যু হয়।
 
এদিকে, কারিমার স্বামী বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন বলে জানা গেছে। 
কী কারণে একজন সুস্থ-সবল নারী রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন এবং পরবর্তীতে তার মৃত্যু হলো—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
 
স্থানীয়দের দাবি, কারিমার মৃত্যুর পেছনে কোনো রহস্য বা অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা হোক। পাশাপাশি, তদন্তে যদি কারও সংশ্লিষ্টতা বা অপরাধের প্রমাণ পাওয়া যায়, তাহলে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে, তার ভিডিও আছে : জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে, তার ভিডিও আছে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের বিরুদ্ধে নানা অপবাদের অভিযোগ করা হয়, অথচ বিগত দিনে জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও উপস্থিত আছে। তারা বলেছে, অমুক নেতার নাম নিলে অজু করা লাগবে।

শুক্রবার (১৯ জুন) ফতুল্লার মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দিয়ে দলের পক্ষে ভিসিদের বসানো এবং জেলা পরিষদের মতো স্থানে নিজের ক্যাডার ও দলীয় নেতাদের নিয়োগ—এভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ একদলীয় শাসন মেনে নেবে না। বিরোধী দলকে সবচেয়ে বেশি তুচ্ছতাচ্ছিল্য করে আওয়ামী লীগ। এখন বিএনপিও সেই পুরনো আওয়ামী লীগ সম্পর্কে যে কথাগুলো বলেছিল, তা পুনরাবৃত্তি করতে শুরু করেছে—যে কথাগুলো বলার সময় আওয়ামী লীগ দিল্লিতে গিয়ে পড়েছিল। আপনারা সবাই একইভাবে জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? জনগণ এই কথাগুলো আর বিশ্বাস করে না। আমরা আশা করছি, সরকার নিজেদের ভুল নীতি পরিহার করে জনকল্যাণমূলক ও জনবান্ধব নীতিতে ফিরে আসবে।

তিনি আরও বলেন, গণভোটে জনগণের রায়কে সম্মান করা না হলে হিমালয়ের মতো মানুষ দাঁড়িয়ে যাবে। নারায়ণগঞ্জে এসে ব্যবসায়ীদের মাঝে আমি বোবা কান্না দেখতে পেয়েছি। চাঁদাবাজরা তাদেরকে ভালো থাকতে দিচ্ছে না।

বক্তব্যের শেষে, সিটি করপোরেশনগুলোতে দ্রুত নির্বাচন দাবি করেন শফিকুর রহমান। সেইসঙ্গে আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনা হয়েছে। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল রাখা হয়েছে।

এছাড়া সবার প্যান্টের রং হবে খাকি। বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দফতর থেকে প্রজ্ঞাপন জারি করে পুলিশের ইউনিফর্মের পরিবর্তন আনা হয়। বিষয়টি জানাজানি হয় শুক্রবার (১৯ জুন)।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি (সাধারণ বুননের) কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের ক্ষেত্রে শার্ট হবে লাইট অলিভ রঙের টিসি কাপড়ের। এ ছাড়া কফি রঙের ট্রাউজারের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, পূর্বে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে গাঢ় নীল রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভার ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেট হবে লাইট অলিভ রঙের।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। হেড কভার অনুমোদিত গাঢ় নীল রঙের হতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সংশোধিত বিধানে গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার বিধান বহাল রাখা হয়েছে।

পাশাপাশি গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরতে পারবেন।

এর আগে গত মে মাসের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের পোশাক পরিবর্তনের কথা জানিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন, সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। পোশাকের ওপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা বহাল রাখা হয়েছে। তবে প্যান্ট, পায়জামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি।

পোশাক পরিবর্তনে কারণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা লক্ষ করেছি সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না এবং এটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি একসেপ্টেডও হয়নি। মানানসই না শুদ্ধ বাংলায়। সেজন্য পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি যে এই ড্রেসটা কিভাবে হয়।

২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে পুলিশ অবস্থান নেয় বলে অভিযোগ ওঠে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবি ওঠে। কেউ কেউ পুলিশের পোশাক পরিবর্তনের দাবিও করেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। পুলিশের সব সদস্যের জন্য নির্ধারিত হয় আয়রন (লোহা) রঙের পোশাক। ওই বছরের ২৫ নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ।

সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক পুলিশ সদস্য পোশাক পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারেননি। তারা পোশাকের রং নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন, এই রঙের পোশাক দেখতে ভালো লাগছে না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হওয়ায় তারা অস্বস্তি বোধ করেন।

বিএনপি সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর ২৪ ফেব্রুয়ারি পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার পুলিশের পোশাক আরেক দফা পরিবর্তন আনল। বর্তমানে যে পোশাক পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে, বিএনপির আগের মেয়াদে (২০০১-২০০৬) একই পোশাক ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণের অভিযোগে হাকিমিকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


ধর্ষণের অভিযোগে হাকিমিকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে

তিন বছর আগে ফ্রান্সে এক নারীর দ্বারা করা ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে পিএসজির মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমিকে। শুক্রবার (১৯ জুন) ফ্রান্সের একটি আদালত এই ঘোষণা দিয়েছেন।

কিন্তু কবে বিচার কাজ শুরু হবে, তা এখনও ঠিক করা হয়নি। ফরাসি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভার্সাই আপিল আদালত তার আপিল খারিজ করে দিয়েছে। এর ফলে তাকে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে মন্তব্য চেয়ে যোগাযোগ করা হলেও ভার্সাই আপিল আদালত এবং হাকিমির আইনজীবী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিজের বাসভবনে এক ২৪ বছর বয়সি নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে মরক্কোর এই তারকা ফুটবলারের বিরুদ্ধে। এই অভিযোগের পর ২০২৩ সালের মার্চে ফরাসি বিচারব্যবস্থার অধীনে হাকিমির বিরুদ্ধে ‘প্রাথমিক অভিযোগ’ আনা হয়। ফ্রান্সে এই ধরনের অভিযোগের অর্থ হলো- বিচারকরা অপরাধ সংঘটনের যথেষ্ট সন্দেহ দেখা পেলেও পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিচার শুরু হবে কি না সে সিদ্ধান্তের আগে আরও অনুসন্ধানের সুযোগ রাখা।

মরক্কোর বিশ্বকাপ দলের এই সদস্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। বিচারের মুখোমুখি হতে হবের সংবাদ পাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় লিখেছেন, ‘এমন একটি গল্প বলা হচ্ছে, যা আমার নয়। আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যকে উপেক্ষা করে এই গল্প প্রচার করা হচ্ছে। অনেক সময় আমার মনে হয়, আমি যেন খুব সহজ একটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।’

হাকিমি আরো লেখেন, ‘প্রথম দিন থেকেই আমি এই বিচারের অপেক্ষায় আছি। আর এখন আমি সেটির জন্য মুখিয়ে আছি। অবশেষে একদিন আমি আমার কথা বলার সুযোগ পাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


ঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু
 
পিরোজপুরের মঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামের দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভেচকি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু খাগড়াছড়ি জেলা থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে তাদের নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলে দুই ভাই বাড়ির উঠানে খেলতে যায়। সন্ধ্যার দিকে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধানের পর বাড়ির পাশের পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তানের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%