প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৮:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ১৯ই জুন, ২০২৬ইং; ০৮:৩১ পি.এম
ভোলা সদর হাসপাতালে কারিমা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ভোলা সদর পাড়া আদর্শ একাডেমি সংলগ্ন এলাকার বাসিন্দা কারিমা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
জানা গেছে, কারিমার শ্বশুরবাড়ি ভোলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকায়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রায় তিন দিন আগে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। তবে ঘটনার পর শ্বশুরবাড়ির লোকজন তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন না বলে দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভোলা শহরের মুসলিমপাড়া এলাকার একটি স্থানে কারিমাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।
তখন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরে স্থানীয় কয়েকজন মানবিক ব্যক্তি তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কারিমার মৃত্যু হয়।
এদিকে, কারিমার স্বামী বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন বলে জানা গেছে।
কী কারণে একজন সুস্থ-সবল নারী রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন এবং পরবর্তীতে তার মৃত্যু হলো—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, কারিমার মৃত্যুর পেছনে কোনো রহস্য বা অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করা হোক। পাশাপাশি, তদন্তে যদি কারও সংশ্লিষ্টতা বা অপরাধের প্রমাণ পাওয়া যায়, তাহলে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"