০১:৫২ এম
যশোরের বেনাপোলে ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার উদ্যোগ ভেস্তে গেছে। ছাত্রদলের এক নেতার বাধা ও ধাওয়ার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে অভিযান চালিয়ে পুলিশের হাতে সন্দেহভাজন পাঁচজন আটক করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের আগে বেনাপোল পৌরগেট এলাকায় এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুরের দিকে ১৫ থেকে ২০ জন যুবক ছাত্রলীগের ব্যানার হাতে নিয়ে আকস্মিকভাবে একটি মিছিল বের করার চেষ্টা করে। তারা পৌরগেটের প্রধান সড়কে মিছিল নিয়ে এগোতে চাইলে স্থানীয় জনতার মধ্যে চাঞ্চল্য তৈরি হয়।
এই সময় ঢাকা কলেজের ছাত্রদলের নেতা রেজাউর রহমান ভুট্টো ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিলকারীদের বাধা দেন। এক পর্যায়ে ধাওয়া দিলে মিছিলটি দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তিরা দ্রুত বিভিন্ন দিকে পালিয়ে যায়।
আরও পড়ুন: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদী জেলা যুবদল নেতা বিল্লাল হোসেনের শুভেচ্ছা
ঘটনাটির খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশের এলাকাগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আশপাশে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলাকালীন রয়েছে। ঘটনার সঙ্গে তাদের সম্পর্ক যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকাের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো উসকানিমূলক বা নাশকতামূলক কাজ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: বরিশাল মহানগরের নিরাপত্তায় নতুন ছক, থানার সংখ্যা ৮ করার পরিকল্পনা বিএমপির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন