০৫:১৯ পি.এম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিনা টিকিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ ঢাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সুযোগ পেতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এ কার্যক্রম শুরু হবে।
শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে মঙ্গলবার (৩ নভেম্বর) নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক অনুযায়ী, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত, পরিবহন ও খাবারের দায়িত্ব পালন করবে ডিএসসিসি। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও সমন্বয়ের বিষয়টি নিশ্চিত করবে সংস্থাটি।
আরও পড়ুন: বাড্ডার নতুন বাজারে বৈশাখী পরিবহণের বাসে আগুন লাগার ঘটনা
অন্যদিকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য গাইডেড ট্যুর, জাদুঘর ও প্রদর্শনী পরিদর্শন, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ নানা শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করবে। শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে অনগ্রসর পরিবারের সন্তান ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রাথমিকভাবে চুক্তিটি স্বাক্ষরের তারিখ থেকে এক বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে পর্যালোচনার ভিত্তিতে এর মেয়াদ ও পরিধি বাড়ানো হতে পারে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার নতুন সুযোগ তৈরি হবে। ইতিহাস ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক, মানবিক ও সংস্কৃতিমনস্ক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।’
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম জানান, পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
আরও পড়ুন: ঢাকায় শুরু হলো ২ দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্যমেলা
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন