০৬:৩৪ পি.এম
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে জাতীয় সঙ্গীত পরিবেশনের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনছে ফিফা। এতদিন আন্তর্জাতিক ফুটবলে জাতীয় সঙ্গীতের সময় মাঠে উপস্থিত থাকতেন কেবল শুরুর একাদশের খেলোয়াড়রা। তবে এখন থেকে স্কোয়াডে থাকা সকল খেলোয়াড়কে মাঠে নামতে হবে।
২০২৬ বিশ্বকাপের ২৩তম আসর আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে। এই আসরে ৪৮ দলের অংশগ্রহণে স্কোয়াডের আকার ২২ থেকে ২৬ জনে বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুসারে, জাতীয় সঙ্গীতের সময় দলের সব সদস্য এবং ম্যাচের কর্মকর্তাগণ মাঠের মাঝখানের বৃত্তে নির্দিষ্ট বিন্যাসে অবস্থান করবেন। দুই দলের খেলোয়াড়রা একটি মুখোমুখি দাঁড়িয়ে আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানান, বিশ্বকাপের সম্প্রসারণের সঙ্গে ম্যাচের পূর্ব আয়োজনে নতুনত্ব আনা হচ্ছে। তাঁর মতে, জাতীয় সঙ্গীতের সময় সকল খেলোয়াড় এবং রেফারিদের একত্রে মাঠে উপস্থিতি খেলাটির আবেগ, গর্ব এবং ঐক্যকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।
আরও পড়ুন: ভারতের কাছে পাকিস্তানের হার, সৌহার্দ্য ও সম্প্রীতির ম্যাচে উত্তেজনা
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
এদিকে, ২০২৬ বিশ্বকাপে বিনোদন আয়োজনেও যুক্ত হচ্ছে নতুন মাত্রা। এর আগেই ফিফা ফাইনালের বিরতিতে মার্কিন ফুটবলের সুপার বোলের মতো বিশেষ হাফটাইম শোর ঘোষণা দিয়েছে। এই আয়োজনে অংশগ্রহণ করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ম্যাডোনা এবং শাকিরার মতো তারকারা।
শুধু ফাইনাল নয়, উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাকিরা এবং বার্না বয়। কানাডায় প্রথম ম্যাচের আগে পরিবেশনা করবেন মাইকেল বুবলে এবং অ্যালানিস মোরিসেট। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আয়োজিত ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটি পেরি ও ফিউচার ইন লস অ্যাঞ্জেলস ব্যান্ডের পরিবেশনা থাকবে।
মাঠের খেলাতেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। কর্নার কিক এবং দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত পর্যালোচনা করতে ভিএআর ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গোল কিক এবং থ্রো-ইনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার পাশাপাশি প্রতিটি অর্ধে তিন মিনিটের ড্রিঙ্কস ব্রেক চালুর কথাও জানিয়েছেন ফিফা।
আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন
প্রথমবারের মতো তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে চলা ২০২৬ বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন