০২:৩৬ পি.এম
ভারতের কেরালা রাজ্যের কোচি পুলিশ মালয়ালম চলচ্চিত্রের অভিনেতা বিবিন পেরুমপল্লি এবং অভিনেত্রী অতুল্য চন্দ্রকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, এক চিকিৎসককে মারধর করা, আটকে রাখা এবং তার কাছ থেকে প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি মূল্যের মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নেওয়ার। এ ঘটনায় তাদের সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ নভেম্বর কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী ওই চিকিৎসক অভিযোগ করেছেন যে, অতুল্য চন্দ্র তাকে ফোন করে জানান, তার এক আত্মীয় অসুস্থ। জরুরি চিকিৎসার প্রয়োজন হওয়ায় চিকিৎসককে সেখানে যেতে অনুরোধ করেন তিনি। চিকিৎসক পূর্ব পরিচয়ের কারণে তার ডাকে সাড়া দিয়ে সেখানে যেতে রাজি হন।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পর চিকিৎসক দেখতে পান, সেখানে প্রায় ১২ জন উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, সেখানে পৌঁছানোর পর উপস্থিত ব্যক্তিরা তাকে ঘিরে ধরেন। তাঁকে মাদক প্রয়োগ করে অতুল্য চন্দ্র যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। একপর্যায়ে চিকিৎসককে আটকে রেখে মারধর করা হয়।
আরও পড়ুন: শাবানা-শাবনূরের ভক্ত থেকে অভিনেত্রী, জিমের অভিনয় যাত্রা কেমন?
চিকিৎসকের অভিযোগ, বিবিন পেরুমপল্লি প্রথমে তার মুখে আঘাত করেন। পরে অন্যরাও মারধরে যোগ দেন। এই সময় অতুল্য চন্দ্র তাকে গালিগালাজ করার পাশাপাশি হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেছেন ওই চিকিৎসক।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এ সময় চিকিৎসকের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি স্মার্টঘড়ি ও ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে নেওয়া হয়। এসব সামগ্রীর মোট মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি। পরে ওই অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে কোচির কদাভানথ্রা থানায় অভিযোগ দায়ের করেন চিকিৎসক।
এ ঘটনায় পুলিশ মোট ১২ জনকে আসামি করে মামলা করেছে। মামলায় বিবিন পেরুমপল্লিকে এক নম্বর এবং অতুল্য চন্দ্রকে তিন নম্বর আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের পাশাপাশি আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ভারতের প্রচলিত আইন ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলাটি করা হয়েছে। এর মধ্যে বেআইনিভাবে আটকে রাখা, মারধর, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও ডাকাতির অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: ২০০ কোটি রুপি মামলায় সাক্ষী হিসেবে আদালতে হাজির হবেন নোরা
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসককে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অ্যাপার্টমেন্টে ডেকে নেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না পুলিশ।
উল্লেখ্য, বিবিন পেরুমপল্লি একজন অভিনেতার পাশাপাশি প্রযোজকও। গত বছর মুক্তি পাওয়া মালয়ালম সুপারহিরো সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১—চন্দ্র’-তে পুলিশের চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি পান। এছাড়া ‘সীতা রামাম’, ‘কিং অব কোঠা’ ও ‘ররশাচ’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন।
অন্যদিকে, অতুল্য চন্দ্র মালয়ালমসহ দক্ষিণ ভারতীয় বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘ডাইস ইরে’, ‘গানগান্ধর্বন’, ‘ইন্নালে ভারে’ ও ‘উইর’।
আরও পড়ুন: অমিতাভ বচ্চনের বাংলোয় আবারও বোমা হামলার হুমকি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন