০২:৩৯ এম
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ককটেলটি ব্যারাকে না গিয়ে ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের ফরিদ শাহ সড়কের কোতোয়ালি থানার উত্তর পাশে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, থানার সীমানাপ্রাচীরের কাছে অবস্থিত দুইতলা পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়। তবে সেটি পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে গিয়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
আরও পড়ুন: হজের টিকিটের নামে ২ কোটি টাকা আত্মসাৎ, রবিউল হোসেন গ্রেপ্তার
থানার পাশের একটি চা দোকানের মালিক লিটন সাহা জানান, হঠাৎ বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দোকান থেকে বের হয়ে পৌর মার্কেটের সাত নম্বর দোকান মা ইলেকট্রনিকের দিকে টিনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
এদিকে ঘটনার সময় থানার অপর পাশে মহাকালীর মোড় এলাকায় ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে যান। তাঁর ধারণা, সড়কের অপর পাশে গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের মালিকানাধীন সাততলা ভবনের কোনো তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, পুলিশ যদি নিরপেক্ষভাবে তদন্ত করে, তবে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা বের করা সম্ভব।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের শব্দটি বেশ জোরালো ছিল।
আরও পড়ুন: মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৬ জন আহত ও ৫০টির বেশি ককটেল বিস্ফোরণ
তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন