ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পিএফএফ-এর পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিনকে স্মারক জার্সি উপহার


পিএফএফ-এর পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিনকে স্মারক জার্সি উপহার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সাবেক ফুটবলার হাফিজ উদ্দিন আহমদকে বিশেষ সম্মাননা হিসেবে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) একটি স্মারক জার্সি উপহার দিয়েছে। এই জার্সিতে তার একসময়ের জাতীয় দলের সতীর্থদের স্বাক্ষর রয়েছে। পুরোনো সতীর্থদের সঙ্গে পুনর্মিলনের স্মারক হিসেবে এই উপহার প্রদান করা হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের হয়ে খেলেছেন। পূর্ব পাকিস্তান থেকে জাতীয় দলে জায়গা করে নিয়ে তিনি প্রতিকূলতা ও নানা বৈষম্যের মধ্যেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মোহসিন গিলানি এই সময়ের সতীর্থদের স্বাক্ষরসংবলিত জার্সিটি তার হাতে তুলে দেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের উদ্যোগে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। সেখানেই হাফিজ উদ্দিনের হাতে স্মারক জার্সিটি তুলে দেওয়া হয়। পিএফএফ বিষয়টি নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করেছে।

আরও পড়ুন: স্যান্ডপেপার কেলেঙ্কারিতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ভনের সতর্কবার্তা

খেলোয়াড়ি জীবনে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি স্বাধীনতার পর ঢাকা মোহামেডানের জার্সিতেও তিনি দারুণ সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশের ফুটবলে বিশেষ কীর্তি হিসেবে ঢাকার মাঠে স্বাধীনতার পর প্রথম ডাবল হ্যাটট্রিক করার রেকর্ডও তার রয়েছে।

ফুটবল থেকে অবসর নেওয়ার পরও তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। দেশের গণ্ডি ছাড়িয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটিতেও তিনি জায়গা করে নিয়েছিলেন। এছাড়া ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ফুটবলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফিফার পদকও অর্জন করেছেন এই সাবেক ফুটবলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহাদাতের সেঞ্চুরিও কাজে এল না, বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ এম


শাহাদাতের সেঞ্চুরিও কাজে এল না, বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

শাহাদত হোসেনের অসাধারণ সেঞ্চুরির পরও বাংলাদেশ শেষ রক্ষা করতে পারেনি। এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে পাকিস্তান ‘এ’। বাংলাদেশ দ্বারা নির্ধারিত ২৩৩ রানের লক্ষ্য ২৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই অতিক্রম করে পাকিস্তান। এই কারণে শাহাদতের শতরানের ইনিংসটি শেষ পর্যন্ত বৃথা গেল।

পাকিস্তানের পক্ষে ২৩৩ রানের লক্ষ্য তাড়ায় হাসান নেওয়াজ সর্বোচ্চ ৬২, শাহজাইব খান ৫০, ফারহান ইউসাফ ৪৬ এবং আব্দুল সামাদ ৪৪ রান সংগ্রহ করেন। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ও রাকিবুল হাসান দু’টি করে উইকেট নেন।

পাকিস্তান ২৩৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারায়। দলীয় চতুর্থ ওভারে বল হাতে নিয়ে রিপন মন্ডল চার বলের মধ্যে দু’টি উইকেট তুলে নেন। মাজ সাদাকাত ও শামিল হুসেইনকে ফেরান তিনি। ফলে ২১ রানের মধ্যে পাকিস্তান দু’টি উইকেট হারিয়ে বিপদে পড়ে।

তবে হাসান নওয়াজ ও শাহজাইব খান ম্যাচের পরিস্থিতি পাল্টে দেন। তাদের ১১০ রানের জুটিতে বাংলাদেশকে বিপদে ফেলে পাকিস্তান। নওয়াজকে ৬২ রানে মোহাম্মদ রুবেল এলবিডব্লিউ করে ব্রেকথ্রু আনেন। দলের ১৫০ রানে শাহজাইবকে ৫০ রানে ফেরান রাকিবুল। চতুর্থ উইকেট পড়লেও অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসাফ শক্ত ভিতে দাঁড়িয়ে পাকিস্তানকে জয়ের পথে নিয়ে যান। শেষ পর্যন্ত ৫ উইকেট ও ২৮ বল হাতে রেখে পাকিস্তান ‘এ’ দল জয়ের বন্দরে পৌঁছে যায়।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। তবে তাদের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৪ রানে অধিনায়ক সাইফ হাসান (২) এবং ১৬ রানে মাহমুদুল হাসান জয় (৯) ফিরে যান। এরপর শাহাদত ও মাহিদুল ইসলাম পরিস্থিতি সামাল দেন।

দুজনের ৯৫ রানের জুটিতে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের শিকার হন মাহিদুল। অন্য প্রান্তে নিজের দায়িত্ব পালন করে যান শাহাদত। ৬১ বলে ফিফটি পূর্ণ করার পর ইনিংসটিকে আরও বড় করেন তিনি।

এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে। আফিফ হোসেন ৫, সাব্বির হোসেন শূন্য, মেহরব ২৮ এবং রাকিবুল ১০ রান করে ফিরে যান। তবে শাহাদত এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন।

ইনিংসের শেষ দিকে রিপনের ১২ বলে অপরাজিত ১৯ রান বাংলাদেশের সংগ্রহ বাড়াতে সহায়তা করে। শেষ ওভারের পঞ্চম বলে আহমেদ দানিয়ালের বল মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শাহাদত। ১১৮ বলে ৭ চার ও ৩ ছয়ে ১০৩ রানে অপরাজিত ছিলেন শাহাদত, যিনি ৬ আন্তর্জাতিক টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলেছেন। রিপন ১৯ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তান ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সুফিয়ান মুকিম। হাসান নেওয়াজ ও আলী রাজা দু’টি করে উইকেট পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের টিকিটের নামে ২ কোটি টাকা আত্মসাৎ, রবিউল হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ এম


হজের টিকিটের নামে ২ কোটি টাকা আত্মসাৎ, রবিউল হোসেন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ওমরাহ হজ যাত্রীদের সৌদি আরব পাঠানোর বিমানের টিকিট সরবরাহের প্রলোভন দেখিয়ে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মূল হোতা মো. রবিউল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানান। এর আগে ২৪ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন ‘ফিনলে আবাসিক’ এলাকার একটি ফ্ল্যাটের বাথরুমের ফলছাদের নিচে আত্মগোপনে থাকা অবস্থায় রবিউলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রবিউল হোসেন চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার রেজাউল করিমের ছেলে। বর্তমানে তিনি খুলশী থানার দক্ষিণ খুলশী ইস্পাহানী পার্ক রোডের একটি বাসায় বসবাস করতেন।

মামলার এজাহার অনুযায়ী, সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগের ‘রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী মো. আল আমিনের সঙ্গে ওমরাহ যাত্রীদের সৌদি আরবের বিমানের টিকিট দেওয়ার জন্য ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি করে প্রতারক চক্রটি। চুক্তি অনুযায়ী বাদী নিজ ডাচ-বাংলা ব্যাংক হিসাব থেকে আসামিদের হিসাবে ১ কোটি ৯৫ লাখ ৮৭০ টাকা প্রদান করেন। পরে সৌদি এয়ারলাইন্সের টিকিট না দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে মাত্র ৯ জন যাত্রীর আসা-যাওয়া এবং ৭০ জনের শুধু যাওয়ার টিকিট প্রদান করা হয়।

ফিরতি টিকিট না দেওয়ার কারণে বাদী বাধ্য হয়ে নিজ খরচে ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করে ৭০ জন ওমরাহ যাত্রীকে দেশে ফিরিয়ে আনেন। এছাড়া চুক্তির অবশিষ্ট ১৬৯টি টিকিট (মূল্য ১ কোটি ৪১ লাখ ৯৬ হাজার টাকা) সরবরাহ না করে আসামিরা আত্মসাৎ করেন। সব মিলিয়ে বাদীর ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা পাওনা হয়। এই পাওনা টাকা ও টিকিট ফেরত চাইলে আসামিরা বাদীর কার্যালয়ে ঢুকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় আল আমিন বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

মামলাটি ১৯ অক্টোবর পিবিআই নারায়ণগঞ্জ জেলা তদন্তভার গ্রহণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলশীতে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

পিবিআই জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে রবিউল টিকিট দেওয়ার নামে ২ কোটি ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আসামির বিভিন্ন ব্যাংকে মোট নয়টি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে, যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। এসব টাকা বিদেশে পাচার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার মোবাইল ফোনে দেশি-বিদেশি এয়ারলাইনসের টিকিট ও অর্থ লেনদেনের নানা অ্যাপস পাওয়া গেছে। রবিউল সাধারণ মানুষকে ফাদে ফেলতে সমপরিমাণ টাকার ব্যাংক চেক দিয়ে বিশ্বাস অর্জন করতেন। তার বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আদালতে প্রতারণার অভিযোগে অন্তত আটটি মামলা বিচারাধীন রয়েছে।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানিয়েছেন, ওমরাহ যাত্রীদের টিকিট দেওয়ার নাম করে নিরীহ ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করছিল এই সংঘবদ্ধ চক্রটি। তারা ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য ব্যাংকের চেক ব্যবহার করত। চক্রের বাকি সক্রিয় সদস্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় সিএনজি-বাইসাইকেল সংঘর্ষে বৃদ্ধ সুশীল নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ এম


নেত্রকোনায় সিএনজি-বাইসাইকেল সংঘর্ষে বৃদ্ধ সুশীল নিহত, আহত ২

নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি চালিত অটোরিকশা এবং বাইসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে সুশীল বিশ্বশর্মা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক জুয়েল মিয়া (৩০) এবং কামরুন্নাহার (৪০)।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের মাসকা ইউনিয়নের শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুশীল বিশ্বশর্মা মাসকা ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া গ্রামের স্বর্গীয় রমনী বিশ্বশর্মার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে কেন্দুয়া আসার সময় মাসকা ইউনিয়নের শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে বাইসাইকেল আরোহী সুশীল বিশ্বশর্মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর তিনি মারা যান।

অন্যদিকে, গুরুতর আহত জুয়েল মিয়া এবং কামরুন্নাহারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, "এইমাত্র শুনেছি সুশীল বিশ্বশর্মা নামের এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের পুতিনকে ‘বন্ধু’ বলায় জেলেনস্কির সমালোচনা, ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ এম


ট্রাম্পের পুতিনকে ‘বন্ধু’ বলায় জেলেনস্কির সমালোচনা, ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বে ক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তীব্র সমালোচনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে মানুষের প্রাণহানি বৃদ্ধি পাওয়ার অভিযোগও করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এসব মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, "পুতিন একজন আগ্রাসী ও হত্যাকারী। তাঁর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতোই বিষয়টি অদ্ভুত।"

সম্প্রতি ট্রাম্প চীনে পুতিনের সঙ্গে বৈঠকের একটি ছবি প্রকাশ করেন, যেখানে দুই নেতাকে আলিঙ্গন করতে দেখা যায়। এ নিয়ে জেলেনস্কির বিস্ময় প্রকাশ করেন।

জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় মস্কোর ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে না ওয়াশিংটন। তিনি মনে করেন, ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের অবস্থান অনেক ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

চলতি মাসের শুরুতে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বশেষ দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ডিসেম্বরে আবারও আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে।

জেলেনস্কি বলেন, "আগ্রাসী ও আক্রান্ত, দুপক্ষের প্রতি নিরপেক্ষ থাকার চেষ্টা করা মানে একই সঙ্গে উভয় পক্ষকে সমর্থন করা। এটি সঠিক অবস্থান নয়।" তিনি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী মিত্রদের রাশিয়াকে চাপে রাখতে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

এদিকে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বড় ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে বেশি গুরুত্ব দেওয়ায় ইউক্রেন প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র পাচ্ছে না। এই ঘাটতি মানুষের জীবনহানি ঘটাচ্ছে।

তিনি আরও জানান, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য পর্যাপ্ত ইন্টারসেপ্টর নেই।

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রাজধানী কিয়েভের দিনিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এতে শহরটি কার্যত দুই ভাগে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ সংকট ও অব্যাহত হামলার কারণে কিয়েভের অনেক বাসিন্দা শীত মৌসুমের আগেই শহর ছেড়ে চলে গেছেন। বাড়তি ব্যয় ও যোগাযোগব্যবস্থার সমস্যায় কিছু ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে।

জেলেনস্কি বলেন, "রাশিয়া চায় ইউক্রেনের মানুষ রাজধানী ছেড়ে পালিয়ে যাক। কিন্তু তাঁরা যেকোনো উপায়ে কিয়েভকে রক্ষা করবেন। কারণ রাজধানী ছাড়া একটি দেশ থাকতে পারে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%