ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হজের টিকিটের নামে ২ কোটি টাকা আত্মসাৎ, রবিউল হোসেন গ্রেপ্তার


হজের টিকিটের নামে ২ কোটি টাকা আত্মসাৎ, রবিউল হোসেন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ওমরাহ হজ যাত্রীদের সৌদি আরব পাঠানোর বিমানের টিকিট সরবরাহের প্রলোভন দেখিয়ে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মূল হোতা মো. রবিউল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানান। এর আগে ২৪ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন ‘ফিনলে আবাসিক’ এলাকার একটি ফ্ল্যাটের বাথরুমের ফলছাদের নিচে আত্মগোপনে থাকা অবস্থায় রবিউলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রবিউল হোসেন চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার রেজাউল করিমের ছেলে। বর্তমানে তিনি খুলশী থানার দক্ষিণ খুলশী ইস্পাহানী পার্ক রোডের একটি বাসায় বসবাস করতেন।

আরও পড়ুন: মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৬ জন আহত ও ৫০টির বেশি ককটেল বিস্ফোরণ

মামলার এজাহার অনুযায়ী, সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগের ‘রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী মো. আল আমিনের সঙ্গে ওমরাহ যাত্রীদের সৌদি আরবের বিমানের টিকিট দেওয়ার জন্য ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি করে প্রতারক চক্রটি। চুক্তি অনুযায়ী বাদী নিজ ডাচ-বাংলা ব্যাংক হিসাব থেকে আসামিদের হিসাবে ১ কোটি ৯৫ লাখ ৮৭০ টাকা প্রদান করেন। পরে সৌদি এয়ারলাইন্সের টিকিট না দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে মাত্র ৯ জন যাত্রীর আসা-যাওয়া এবং ৭০ জনের শুধু যাওয়ার টিকিট প্রদান করা হয়।

ফিরতি টিকিট না দেওয়ার কারণে বাদী বাধ্য হয়ে নিজ খরচে ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করে ৭০ জন ওমরাহ যাত্রীকে দেশে ফিরিয়ে আনেন। এছাড়া চুক্তির অবশিষ্ট ১৬৯টি টিকিট (মূল্য ১ কোটি ৪১ লাখ ৯৬ হাজার টাকা) সরবরাহ না করে আসামিরা আত্মসাৎ করেন। সব মিলিয়ে বাদীর ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা পাওনা হয়। এই পাওনা টাকা ও টিকিট ফেরত চাইলে আসামিরা বাদীর কার্যালয়ে ঢুকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় আল আমিন বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

মামলাটি ১৯ অক্টোবর পিবিআই নারায়ণগঞ্জ জেলা তদন্তভার গ্রহণ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলশীতে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

পিবিআই জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে রবিউল টিকিট দেওয়ার নামে ২ কোটি ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। আসামির বিভিন্ন ব্যাংকে মোট নয়টি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে, যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। এসব টাকা বিদেশে পাচার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার মোবাইল ফোনে দেশি-বিদেশি এয়ারলাইনসের টিকিট ও অর্থ লেনদেনের নানা অ্যাপস পাওয়া গেছে। রবিউল সাধারণ মানুষকে ফাদে ফেলতে সমপরিমাণ টাকার ব্যাংক চেক দিয়ে বিশ্বাস অর্জন করতেন। তার বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আদালতে প্রতারণার অভিযোগে অন্তত আটটি মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন: ফরিদপুরে থানার ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানিয়েছেন, ওমরাহ যাত্রীদের টিকিট দেওয়ার নাম করে নিরীহ ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করছিল এই সংঘবদ্ধ চক্রটি। তারা ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য ব্যাংকের চেক ব্যবহার করত। চক্রের বাকি সক্রিয় সদস্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় সিএনজি-বাইসাইকেল সংঘর্ষে বৃদ্ধ সুশীল নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ এম


নেত্রকোনায় সিএনজি-বাইসাইকেল সংঘর্ষে বৃদ্ধ সুশীল নিহত, আহত ২

নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি চালিত অটোরিকশা এবং বাইসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে সুশীল বিশ্বশর্মা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক জুয়েল মিয়া (৩০) এবং কামরুন্নাহার (৪০)।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের মাসকা ইউনিয়নের শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুশীল বিশ্বশর্মা মাসকা ইউনিয়নের রায়পুর পূর্বপাড়া গ্রামের স্বর্গীয় রমনী বিশ্বশর্মার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে কেন্দুয়া আসার সময় মাসকা ইউনিয়নের শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে বাইসাইকেল আরোহী সুশীল বিশ্বশর্মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর তিনি মারা যান।

অন্যদিকে, গুরুতর আহত জুয়েল মিয়া এবং কামরুন্নাহারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, "এইমাত্র শুনেছি সুশীল বিশ্বশর্মা নামের এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের পুতিনকে ‘বন্ধু’ বলায় জেলেনস্কির সমালোচনা, ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ এম


ট্রাম্পের পুতিনকে ‘বন্ধু’ বলায় জেলেনস্কির সমালোচনা, ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বে ক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তীব্র সমালোচনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে মানুষের প্রাণহানি বৃদ্ধি পাওয়ার অভিযোগও করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এসব মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, "পুতিন একজন আগ্রাসী ও হত্যাকারী। তাঁর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতোই বিষয়টি অদ্ভুত।"

সম্প্রতি ট্রাম্প চীনে পুতিনের সঙ্গে বৈঠকের একটি ছবি প্রকাশ করেন, যেখানে দুই নেতাকে আলিঙ্গন করতে দেখা যায়। এ নিয়ে জেলেনস্কির বিস্ময় প্রকাশ করেন।

জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় মস্কোর ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে না ওয়াশিংটন। তিনি মনে করেন, ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের অবস্থান অনেক ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

চলতি মাসের শুরুতে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সর্বশেষ দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ডিসেম্বরে আবারও আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে।

জেলেনস্কি বলেন, "আগ্রাসী ও আক্রান্ত, দুপক্ষের প্রতি নিরপেক্ষ থাকার চেষ্টা করা মানে একই সঙ্গে উভয় পক্ষকে সমর্থন করা। এটি সঠিক অবস্থান নয়।" তিনি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী মিত্রদের রাশিয়াকে চাপে রাখতে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

এদিকে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বড় ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে বেশি গুরুত্ব দেওয়ায় ইউক্রেন প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র পাচ্ছে না। এই ঘাটতি মানুষের জীবনহানি ঘটাচ্ছে।

তিনি আরও জানান, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য পর্যাপ্ত ইন্টারসেপ্টর নেই।

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে রাজধানী কিয়েভের দিনিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এতে শহরটি কার্যত দুই ভাগে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ সংকট ও অব্যাহত হামলার কারণে কিয়েভের অনেক বাসিন্দা শীত মৌসুমের আগেই শহর ছেড়ে চলে গেছেন। বাড়তি ব্যয় ও যোগাযোগব্যবস্থার সমস্যায় কিছু ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে।

জেলেনস্কি বলেন, "রাশিয়া চায় ইউক্রেনের মানুষ রাজধানী ছেড়ে পালিয়ে যাক। কিন্তু তাঁরা যেকোনো উপায়ে কিয়েভকে রক্ষা করবেন। কারণ রাজধানী ছাড়া একটি দেশ থাকতে পারে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশার উপদ্রব কমাতে ঘরে রাখতে পারেন যেসব সুগন্ধি গাছ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ এম


মশার উপদ্রব কমাতে ঘরে রাখতে পারেন যেসব সুগন্ধি গাছ

মশার যন্ত্রণায় ঘরে স্বস্তিতে থাকা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে সন্ধ্যা নামার পর মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে কয়েল, স্প্রে কিংবা বৈদ্যুতিক মশা নিধনযন্ত্রের পাশাপাশি ঘরে কিছু সুগন্ধি গাছ রাখা যেতে পারে। এসব গাছের পাতা ও প্রাকৃতিক তেলে থাকা বিশেষ উপাদান মশাসহ কিছু পোকামাকড়কে দূরে রাখতে সহায়তা করতে পারে।

ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মশার উপদ্রব কিছুটা কমাতে যেসব গাছ লাগানো যেতে পারে, সেগুলো হলো—

তুলসী

পরিচিত ঔষধি গাছ তুলসীর পাতায় রয়েছে বিশেষ ধরনের সুগন্ধি উপাদান, যা কিছু পোকামাকড়কে দূরে রাখতে সহায়ক হতে পারে। বাড়ির বারান্দা কিংবা জানালার পাশে তুলসী গাছের টব রাখা যেতে পারে। তবে গাছটির সুস্থ বৃদ্ধির জন্য পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করতে হবে। নিয়মিত পানি দিলেও গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না।

লেমনগ্রাস

লেবুর মতো সুগন্ধযুক্ত লেমনগ্রাস মশা প্রতিরোধী উপাদানের অন্যতম উৎস। এর পাতায় থাকা সিট্রোনেলা বিভিন্ন মশা প্রতিরোধী পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। বাড়ির বারান্দা কিংবা ছাদে টবে সহজেই এই ঘাস চাষ করা সম্ভব।

পুদিনা

রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ব্যবহৃত পুদিনা পাতার তীব্র সুগন্ধ কিছু পোকামাকড়কে দূরে রাখতেও ভূমিকা রাখতে পারে। ঘরের জানালা কিংবা বারান্দায় পুদিনা গাছ লাগানো যেতে পারে। তবে ভালোভাবে বেড়ে ওঠার জন্য গাছটিকে পর্যাপ্ত আলো ও নিয়মিত পানি দিতে হবে।

রোজমেরি

সুগন্ধি ভেষজ উদ্ভিদ রোজমেরির পাতায় রয়েছে প্রাকৃতিক তেল, যার গন্ধ কিছু পোকামাকড়ের জন্য অপছন্দনীয় হতে পারে। বাড়িতে টবে এই গাছ লাগানো সম্ভব। তবে এর বৃদ্ধির জন্য পর্যাপ্ত সূর্যালোক এবং পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা থাকা প্রয়োজন।

ল্যাভেন্ডার

মনোরম সুগন্ধের জন্য পরিচিত ল্যাভেন্ডার ফুলের তেল বিভিন্ন মশা প্রতিরোধী সামগ্রীতে ব্যবহৃত হয়। বাড়ির ছাদ কিংবা বারান্দায় টবে এই গাছ লাগানো যেতে পারে। গাছটির ভালো বৃদ্ধির জন্য রোদযুক্ত জায়গা এবং পানি জমে না এমন মাটি বেছে নেওয়া জরুরি।

গাঁদা

বাড়ির বাগান কিংবা বারান্দার সৌন্দর্য বাড়াতে গাঁদা ফুলের জুড়ি নেই। তবে সৌন্দর্যের পাশাপাশি কিছু পোকামাকড়কে দূরে রাখতেও এই গাছের নির্দিষ্ট উপাদান সহায়ক হতে পারে। পর্যাপ্ত সূর্যালোক পেলে টবে সহজেই গাঁদা ফুলের চাষ করা যায়।

ক্যাটনিপ

ক্যাটনিপ একটি সুগন্ধি উদ্ভিদ, যাতে নেপেটাল্যাকটোন নামের বিশেষ উপাদান রয়েছে। মশা প্রতিরোধে এই উপাদানের কার্যকারিতা নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে। বাড়িতে টবে ক্যাটনিপ লাগানো সম্ভব। তবে গাছটির পরিচর্যায় পর্যাপ্ত আলো ও প্রয়োজনীয় পানির ব্যবস্থা রাখতে হবে।

মশার উপদ্রব কমাতে বাড়তি সতর্কতা

ঘরে সুগন্ধি গাছ রাখলেই মশার সমস্যা পুরোপুরি দূর হবে, এমনটি ভাবার সুযোগ নেই। মশা নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বংশবিস্তার রোধ করা। এ জন্য বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে।

ফুলের টবের নিচের পাত্র, পুরোনো ড্রাম, পরিত্যক্ত বোতল কিংবা পানির ট্যাংকে যেন জমে থাকা পানি না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি জানালা ও দরজায় মশার জাল ব্যবহার করা এবং প্রয়োজন অনুযায়ী অনুমোদিত মশা প্রতিরোধী উপকরণ কাজে লাগানো যেতে পারে।

মনে রাখতে হবে, তুলসী, লেমনগ্রাস বা ল্যাভেন্ডারের মতো গাছ ঘরের পরিবেশ সতেজ রাখতে সাহায্য করলেও এগুলো একা মশা নিয়ন্ত্রণের নির্ভরযোগ্য সমাধান নয়। কার্যকর সুরক্ষার জন্য পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণের অন্যান্য ব্যবস্থাও অনুসরণ করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ভনের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ এম


স্যান্ডপেপার কেলেঙ্কারিতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে ভনের সতর্কবার্তা

২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে তদন্ত শুরু হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অস্বস্তিতে পড়তে পারে। তদন্তে এমন কিছু তথ্য সামনে আসতে পারে, যা প্রকাশ্যে আসুক তা হয়তো চাইবে না অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এ বিষয়ে আশঙ্কার কথা জানিয়েছেন।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় অস্ট্রেলিয়া জড়িয়ে পড়েছিল। দীর্ঘদিন পর বিষয়টি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজার আত্মজীবনীতে প্রকাশিত কিছু অভিযোগের পর ঘটনার সঙ্গে কারা জড়িত ছিলেন, তা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সাক্ষ্য ও প্রমাণ চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ পডকাস্টে ভন বলেন, "তদন্তের মাধ্যমে এমন কিছু সত্য বেরিয়ে আসতে পারে, যা ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য অস্বস্তিকর হবে।" তার মতে, তদন্তে পাওয়া তথ্য জনসমক্ষে প্রকাশ না করা হলে এই বিতর্কের কোনো স্থায়ী সমাধান হবে না। এতে বিষয়টি আবারও আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে মূলত ক্যামেরন ব্যানক্রফট, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার শাস্তির মুখে পড়েছিলেন। তবে খাজার দাবি, বল বিকৃতির বিষয়টি শুধু এই তিনজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দলের অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফরাও বিষয়টি জানতেন। তাই ঘটনার দায় সবারই নেওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন।

খাজার অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছেন ব্যানক্রফট, ওয়ার্নার এবং সেই সময়ের অস্ট্রেলিয়া দলের সদস্য চ্যাড সেয়ার্স ও জন হল্যান্ড। তবে সাবেক কোচ ড্যারেন লেম্যান এবং বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সসহ কয়েকজন এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততা কিংবা আগে থেকে কিছু জানার বিষয়টি অস্বীকার করেছেন।

বিতর্কের অবসান ঘটাতে ছয় সপ্তাহের একটি তদন্ত ফোরাম গঠন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এতে ২০১৮ সালের ওই দলের সংশ্লিষ্ট ক্রিকেটার, কোচ ও কর্মকর্তারা জ্যেষ্ঠ আইনজীবী ফিওনা ম্যাকলিওডের কাছে নিজেদের বক্তব্য ও সাক্ষ্য তুলে ধরবেন।

তদন্ত শেষে ম্যাকলিওড তার পর্যবেক্ষণ প্রকাশ করবেন এবং এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এই প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গোপন রাখা হবে। নতুন করে কাউকে দায়ী করা বা কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও নেই বোর্ডের। ফলে তদন্তের ফলাফল প্রকাশ এবং ঘটনার প্রকৃত চিত্র কতটা সামনে আসে, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%