১০:১৪ এম
দীর্ঘদিন পর ব্রাজিল দলে ফিরে আসা নেইমারকে নিয়ে আশাবাদী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তিনি বিশ্বাস করেন, যদি নকআউট পর্বে সুযোগ পায়, তবে নেইমার হতে পারেন ব্রাজিলের সবচেয়ে বড় ম্যাচজয়ী অস্ত্র। তার পারফরম্যান্স দিয়ে সমালোচকদের জবাব দিতে সক্ষম হবে তিনি।
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সোমবার জাপানের বিরুদ্ধে মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচের আগে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো জানান, বর্তমান ব্রাজিল দলের মধ্যে নেইমারের মতো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আর কারো নেই।
প্রায় তিন বছর আগে জাতীয় দলে খেলতে গিয়ে এসিএল ইনজুরির কারণে নেইমার ছিটকে পড়েছিলেন। দীর্ঘ পুনর্বাসনের পর এই বিশ্বকাপ দলে ফিরলেও, হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি।
আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড
স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে, প্রায় ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে দেখা মেলে তাকে।
ওই ম্যাচে তিনি ব্রাজিলের ইতিহাসের চতুর্থ ফুটবলার হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েন। এর আগে এই তালিকায় ছিলেন জালমা সান্তোস, কাফু, এবং পেলে।
রোনালদো জানান, ‘নেইমারই এই দলে সবচেয়ে বড় ম্যাচ উইনার। সে এখন পুরোপুরি ফিট এবং চিকিৎসকদের ছাড়পত্র পেয়েছে। এ কারণে তাকে ব্যবহার করার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আমি বিশ্বাস করি, সে মাঠে নেমে সব সমালোচকদের মুখ বন্ধ করে দিতে পারবে।’
২০০২ বিশ্বকাপে গুরুতর চোট কাটিয়ে ফিরে ব্রাজিলকে শিরোপা জেতানো রোনালদো নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি নিজেও এমন প্রত্যাবর্তনের অভিজ্ঞতা নিয়েছি। তাই নেইমারের জন্য আমি ভীষণ রোমাঞ্চিত। ৩৪ বছর বয়সে তার প্রতিভা নিয়ে আর কিছু প্রমাণ করার নেই। তবে আমি চাই তিনি দুর্দান্ত পারফরম্যান্স করে সবাইকে ভুল প্রমাণ করুক।’
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ভিনিসিয়ুস জুনিয়র। চার গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন। তবুও রোনালদোর বিশ্বাস, নকআউট পর্বে নেইমারের অভিজ্ঞতা এবং সৃজনশীলতাই ব্রাজিলকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তিনি আরো জানান, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন এবং জার্মানি শিরোপার অন্যতম দাবিদার হলেও, ব্রাজিলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। এমনকি সেই স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন নেইমার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন