ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রফতানি বাড়াতে মাছ উৎপাদনে মান নিশ্চিতের আহ্বান কৃষিমন্ত্রীর


রফতানি বাড়াতে মাছ উৎপাদনে মান নিশ্চিতের আহ্বান কৃষিমন্ত্রীর

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে।

বাংলাদেশেও নিরাপদ ও গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদন নিশ্চিত করা জরুরি। এ জন্য মৎস্য উৎপাদনের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ ও নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে রফতানি বাড়াতে হবে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে 'স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মৎস্যসম্পদ: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

মন্ত্রী বলেন, ‘মাছ বর্তমানে কী সমস্যায় আছে, আগামী দিনে কী সম্ভাবনা রয়েছে, মানুষের চাহিদা ও আন্তর্জাতিক বাজারে মানসম্মত মাছের চাহিদা-এসব বিষয়কে সামনে রেখে আমাদের করণীয় নির্ধারণ করতে হবে। সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে পারলে দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব।’

মন্ত্রী আরও বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়াতে হলে মাছের জন্য পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে। সরকার এরই মধ্যে এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং মাছ সংরক্ষণে কাজ শুরু করেছে। কৃষিতে অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহারসহ বিভিন্ন পরিবেশগত চাপ মাছের প্রাকৃতিক উৎপাদন ও প্রজননকে বাধাগ্রস্ত করছে। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে পরিবেশসম্মত ও আধুনিক উৎপাদন পদ্ধতির দিকে যেতে হবে। সীমিত জায়গায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক মাছ উৎপাদনের সুযোগ কাজে লাগাতে হবে।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্যপণ্যের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের মিঠাপানির মাছের বড় বাজার রয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। বিশ্বের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি বসবাস করছেন। তাদের চাহিদাকে কাজে লাগিয়ে রফতানি বাড়ানো সম্ভব। তবে আন্তর্জাতিক বাজারে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে শুধু বাংলাদেশিরা যে মাছ খায় তা নয়, যে দেশে মাছ রফতানি করা হবে সে দেশের মানুষের পছন্দ ও চাহিদা অনুযায়ী মাছ উৎপাদনের দিকে নজর দিতে হবে।

চিংড়ি, কাঁকড়া, কুচিয়া সহ অন্যান্য জলজ প্রাণীর রফতানি সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে উৎপাদনের পাশাপাশি পোনা ও প্রজনন ব্যবস্থার উন্নয়ন জরুরি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে পোনা উৎপাদন ও লালন-পালন করা গেলে এ খাতে উৎপাদন ও রফতানি বহুগুণ বাড়ানো সম্ভব।

আরও পড়ুন: আজ দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিস ও ব্যাংক খোলা

মৎস্য উৎপাদনে গুণগত মান, নিরাপদ খাদ্য, পরিবেশ সুরক্ষা, আধুনিক প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক বাজারের চাহিদার মধ্যে সমন্বয় ঘটানোর ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক ও পেশাজীবীদের কার্যকর পরামর্শ সরকারকে সহযোগিতা করবে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, মাছের উৎপাদন বাড়াতে হলে মাছের বেড়ে ওঠা ও প্রজননের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। নদী-নালা দখল, নাব্যতা সংকট ও শিল্পকারখানার বর্জ্যে পানিদূষণের কারণে মাছের স্বাভাবিক বিচরণ ও প্রজননক্ষেত্র বাধাগ্রস্ত হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাছের আবাসস্থল ফিরিয়ে আনতে নদী ও খালের নাব্যতা বজায় রাখা এবং নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আবার খাল ও নদী পুনঃখননের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় খননকাজ হয়েছে। প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও নদী পুনঃখননের পরিকল্পনা বাস্তবায়িত হলে মাছের প্রজনন ও বিচরণের উপযোগী পরিবেশ তৈরি হবে।

মাছ চাষে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অপ্রয়নীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে একদিকে খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। এ বিষয়ে খামারিদের সচেতন করতে জেলাভিত্তিক সেমিনার ও কর্মশালা আয়োজনের উদ্যোগ নেয়া হবে।

আরও পড়ুন: জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সরকার সহযোগিতা করবে — মাহ্দী আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বগুড়া

এনসিপি নেতা তানভীরের জামিন আবেদন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


এনসিপি নেতা তানভীরের জামিন আবেদন নামঞ্জুর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন। রবিবার (১৭ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুষ্ঠানিক শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালতে তানভীরের পক্ষে জামিন আবেদন করেন বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী। জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে তিনি মন্তব্য করেন, ‘আদালত তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এই আদেশের ব্যাপারে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের উদ্দেশ্যে আমরা পরবর্তীতে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।’

তিনি আরো অভিযোগ করেন, ফেসবুক যে স্ট্যাটাসের ওপর ভিত্তি করে মামলাটি গঠন করা হয়েছে, সংশ্লিষ্ট আইডি ও ব্যবহৃত মোবাইল ফোনটি ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জব্দ করেছে। ফরেনসিক তদন্তের মাধ্যমে সমস্ত তথ্য বেরিয়ে আসাটা সম্ভব হবে। এমন পরিস্থিতিতে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া ও জামিন না দেওয়ার সিদ্ধান্ত ন্যায়বিচারের প্রতিকূলে রয়েছে।

তানভীরের দলীয় পদ ও অব্যাহতি প্রসঙ্গে তিনি জানান, সালাউদ্দিন তানভীরকে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। গ্রেপ্তারের আগে তার কাছ থেকে মৌখিকভাবে যে ব্যাখ্যা আদায় করা হয়েছে, তা দলের নেতাদের সন্তুষ্ট করেছে। তবে তিনি কারাগারে থাকায় আনুষ্ঠানিকভাবে লিখিত জবাব নেওয়া সম্ভব হয়নি। লিখিত জবাব প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার প্রতি অব্যাহতির আদেশ প্রত্যাহার করার সুযোগ নেই।

এর আগে, ঢাকার মিরপুরের মণিপুরি পাড়ার একটি বাড়ি থেকে গত ৫ আগস্ট ভোরে সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। একই দিন তাকে বগুড়া আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরবর্তীতে গত ১০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান আসামির সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড অনুমোদন করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে সেজদায় গিয়ে ইমামের আকস্মিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


পটুয়াখালীতে সেজদায় গিয়ে ইমামের আকস্মিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পটুয়াখালী সদর উপজেলায় ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় অবস্থায় মারা গেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ (৩৫) নামের এক ইমাম। এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সোমবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে।

 

হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নিহত হন দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান হিসেবে। তিনি পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করেছিলেন এবং দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও মুসল্লি সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার ভোরেও শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের নামাজের জন্য উপস্থিত হন হাফেজ আতাউল্লাহ। তিনি ফরজ নামাজের আগে একা ফজরের সুন্নত নামাজ পড়া শুরু করেন। কিন্তু দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি আর উঠছিলেন না। বিষয়টি দেখে মুসল্লিরা কাছে এগিয়ে যান এবং তাঁকে নিথর অবস্থায় দেখতে পান। পরীক্ষা করে বোঝা যায়, সেজদারত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেছেন।

স্থানীয়রা জানান, আতাউল্লাহ প্রায় দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ধর্মীয় দায়িত্ব সততার সঙ্গে পালন করার পাশাপাশি আমায়িক ব্যবহার ও শান্ত স্বভাবের কারণে এলাকার সবার কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাজন হয়ে উঠেছিলেন।

নিহতের মামাতো ভাই মহিবুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আতাউল্লাহ তার মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। তাঁর অবুঝ দুটি ছোট বাচ্চা রয়েছে। আতাউল্লাহকে হারিয়ে তাঁর পুরো পরিবার এখন দিশেহারা এবং শোকে বাকরুদ্ধ।'

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর দুমকীর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে হাফেজ আতাউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ৭ যুবক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ৭ যুবক নিখোঁজ

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ট্রলারে ইউরোপ (গ্রিস) যাওয়ার পথে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চার যুবকসহ ৭ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ৩ আগস্ট থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিখোঁজ যুবকরা হলেন শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের কৃষক রাজ মিয়ার ছেলে রিপন মিয়া (১৯), একই গ্রামের হযরত খানের ছেলে মামুন খান (২১), ইকরাম উদ্দিনের ছেলে এনামুল হক খান (১৮) এবং রনসী গ্রামের একলাছ উদ্দিনের ছেলে তালহা আহমদ (২৪)। বাকিদের নাম জানা যায়নি।

ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া অভিবাসীদের বরাত দিয়ে জানা যায়, গত ৩ আগস্ট রাতে লিবিয়ার তাবারুক উপকূল থেকে ৩৮ জন বাংলাদেশিসহ মোট ৪২ জন অভিবাসী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে যাত্রা করে। পথে ট্রলারটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে, এতে তাদের পানীয় জল ও খাবার সাগরে ভেসে যায়। একপর্যায়ে গ্রিস উপকূলের কাছে পৌঁছে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। অনাহার ও পিপাসায় এবং দীর্ঘ নয় দিন সাগরে ভেসে থাকার সময় বেশ কয়েকজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ঘটে। পরবর্তীতে বাতাসের তোড়ে ভাসতে ভাসতে মিশর সীমানায় পৌঁছালে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মিশরের হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের বাসিন্দা আব্দুল করিম নামে এক প্রত্যক্ষদর্শী আকুতি জানিয়ে বলেন, 'আমাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে সাগরে ভাসছিল। খাবার ও পানি ছিল না। চোখের সামনেই অনাহারে ৯ জন বাংলাদেশি মারা যান। পচন ধরায় মরদেহগুলো সাগরে ফেলে দিতে হয়েছে। আমরা এখন মিশরের মারসা মাতরুহ হাসপাতালে চিকিৎসাধীন, আমরা দেশে ফিরতে চাই।'

নিখোঁজ রিপন মিয়ার বাবা রাজ মিয়া জানান, চিকারকান্দি ও রনসী গ্রামের এই চার যুবককে গ্রিস পাঠানোর জন্য লিবিয়া প্রবাসী মানবপাচারকারী দালাল আল-আমিনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি হয়। অগ্রিম ৬ লাখ টাকা পরিশোধের পর গত জুন মাসে তারা দেশ ছাড়েন। গত ৩ আগস্ট রাতে ট্রলারে ওঠার ঠিক আগে পরিবারের সঙ্গে তাদের শেষ কথা হয়। এরপর থেকে তাঁদের মোবাইল ফোন বন্ধ এবং দালাল চক্রও নানা তালবাহানা করছে।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্লাহ জানান, লিবিয়া বা সাগরে নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে জেনেছেন তারা। তবে নিখোঁজ যুবকদের পরিবারের পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ না দেওয়ায় বিষয়টি দাপ্তরিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণ ও রুপার দাম

দুর্বল মার্কিন ডলার এবং সাম্প্রতিক দুর্বল অর্থনৈতিক তথ্যের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। এই তথ্যগুলো আগামী মাসে যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমিয়ে দিয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ বেড়ে গেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সোমবার (১৮ আগস্ট) স্পট স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০০.১৫ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহে স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

এদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৫৬.৫০ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন ডলার সূচক ০.২ শতাংশ কমেছে। এই কারণে ডলার-মূল্যের ধাতু অন্যান্য মুদ্রাধারীদের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী হয়ে উঠেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন যে, সপ্তাহের শুরুতেই স্বর্ণের দাম বেশ ভালোভাবে বেড়ে গেছে। মুদ্রাস্ফীতির দুর্বল তথ্যের কারণে মার্কিন ডলার চাপের মধ্যে রয়েছে। এর ফলে স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ ডলারের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

যদিও তিনি মনে করেন স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ ডলারের ওপরে স্থায়ীভাবে উঠতে হলে ডলারের আরও দুর্বল হওয়া অথবা জ্বালানি তেলের দামে আরও স্পষ্ট পতন প্রয়োজন।

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের অকৃষি খাতে কর্মসংস্থান অপ্রত্যাশিতভাবে কমেছে। একই সঙ্গে ভোক্তা মূল্যস্ফীতির তথ্যও প্রত্যাশার তুলনায় কিছুটা দুর্বল ছিল। এই কারণে আগামী মাসে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধির যে প্রত্যাশা ছিল, তা এখন কমেছে।

সিএমই-এর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখন সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ২৯ শতাংশ ধরে নিচ্ছেন। এক মাস আগে এই সম্ভাবনা ছিল ৪৭ শতাংশ।

সাধারণত সুদের হার কম থাকলে, সুদ না দেয়া স্বর্ণের মতো সম্পদ ধরে রাখার খরচ কমে যায়। এতে বিনিয়োগকারীদের জন্য স্বর্ণের আকর্ষণ বাড়ে। এখন নীতিনির্ধারকদের মুদ্রানীতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে বুধবার প্রকাশিতব্য ফেডের জুলাই মাসের বৈঠকের কার্যবিবরণীর দিকে বিনিয়োগকারীরা নজর রেখেছেন।

এদিকে, ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বাজারের নজর রয়েছে। একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা রোববার কায়রোতে মিশরীয়, কাতারি ও তুর্কি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের লক্ষ্য ছিল গাজা নিয়ে শান্তি পরিকল্পনা এগিয়ে নেয়া। তবে একই সময়ে গাজায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে, স্পট রুপার দাম ১.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫.৮২ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ০.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৯.৬৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩৪.৭৭ ডলারে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%