মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩:০৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি অভিযানে ১০ লিটার চোলাইমদসহ মোসাঃ ফাইনুর বিবি (৪৯) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গতকাল ১৭ জুলাই ২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা ৭:০০ টা থেকে ৭:৪০ টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন কাঞ্চনতলা-২ গ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ফাইনুর বিবি কাঞ্চনতলা-২ গ্রামের মোঃ আজিজুল হকের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি টিম কাঞ্চনতলা-২ গ্রামে অভিযান চালায়। এ সময় ফাইনুর বিবির হেফাজত থেকে ১০ (দশ) লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ডিএনসি কর্তৃপক্ষ জানিয়েছে যে, মাদকবিরোধী এই ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) তারিখে অনুষ্ঠিত এই সভায় হাসপাতাল দুটির চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা, জনবল ব্যবস্থাপনা এবং সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি সেবার মান আরও উন্নত করার জন্য বেশ কয়েকটি প্রয়োজনীয় সিদ্ধান্তও গৃহীত হয়।
সভাটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম।
প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। সভায় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সবার জন্য উন্নত, আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল দুটির সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উপর গুরুত্বারোপ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর উদ্যোগে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
"একটি শান্তিময় বিশ্বের জন্য সমবায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৮ জুলাই) ফরিদপুর শহরের আর এস ক্যাফেতে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর সদস্যভূক্ত সমবায় সমিতির সহযোগিতায় সংগঠনের সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর উপদেষ্টা মাহফুজুর রহমান সবুজ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে এনজিও ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম এবং ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর সহ-সভাপতি মো: এনায়েত হোসেন লিটন বক্তব্য রাখেন।
এছাড়া, সম্প্রীতি সমবায় সমিতি লি: এর সভাপতি খন্দকার কামাল হোসেন, মধুমতি বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি মো: জাহিদ হোসেন, পিপলস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সম্পাদক সোহেল রানা সেলিম, পিপলস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সদস্য এস এম সাহান, তৃণমূল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: এর প্রতিনিধি মো: সহিদ সরদার, সাঁকো সমবায় সমিতি লি: এর সভাপতি মো: বিল্লাল হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নাত আলী খানের উপস্থিতি ছিল।
সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক ব্যবস্থা নয়; এটি পারস্পরিক সহযোগিতা, সামাজিক ন্যায়বিচার, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বৈষম্যহীন, মানবিক ও শান্তিময় বিশ্ব গঠনে সমবায় আন্দোলনের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন। পরিবেশ রক্ষায় তিনি গাছের চারা বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানান।
সভাপতির বক্তব্যে শেখ ফয়েজ আহমেদ বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক আস্থা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে পাল্টা আঘাতের নীতি বদলে ‘পূর্ণমাত্রার সামরিক অভিযান’ শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি।
দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ির বরাত দিয়ে শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি এই তথ্য দিয়েছে।
রেজায়ি বলেন, ‘ইরান আর শুধু হামলার জবাবে সমপর্যায়ের পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না। এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না।’
তিনি আরও বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে আলোচনার নীতি কার্যত শেষ হয়ে গেছে। এখন পরিস্থিতি নতুন এক পর্যায়ে পৌঁছেছে।
রেজায়ির দাবি, এখন পর্যন্ত ইরান সংঘাতের পরিধি বাড়ানো বা অন্য কোনো দেশে হামলা চালানোর দিকে মনোযোগ দেয়নি। বরং তাদের মূল লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ে তুলে যুদ্ধের অবসানের পথ তৈরি করা।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল সংঘাতের বিস্তার নয়, বরং প্রতিরোধ সৃষ্টি করে যুদ্ধের ইতি টানা। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও আমরা সেই লক্ষ্যেই নিয়েছি।’
মার্কিন হামলা এবং ইরানের পাল্টা অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
এদিকে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে টানা সপ্তম রাতের মতো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার (১৭ জুলাই) রাতে অভিযানে যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন হামলার সর্বশেষ দফার পর তারা বাহরাইন, জর্ডান ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। কুয়েত জানিয়েছে, ইরানের এক হামলার পর একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারের একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি ইটভাটার মাধ্যমে সৃষ্ট বায়ু দূষণের সমস্যা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছেন। শনিবার, প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণ সংক্রান্ত এক বৈঠকে এই বিষয়ে তিনি গুরুত্বরোপ করেন।
বৈঠকে, বায়ু ও শব্দ দূষণের প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ এবং ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণের সমস্যা মোকাবেলার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে ইট উৎপাদনের সময় পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহারের নিয়ন্ত্রণের জন্য বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ট্রাফিক ব্যবস্থাপনায় দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি হর্ন নিয়ন্ত্রণেও কাজে লাগানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী রাজধানী ঢাকা থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের কার্যকর উদ্যোগ নিতে গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি রাজধানীতে অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশও দেন।
সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ