বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৮:৪৪ পি.এম
সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিট লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম বিজয়ী হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। এই অর্থ বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি। তার সাথে ভারতের চার প্রবাসীও লটারিতে সমপরিমাণ অর্থ পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিটের ২৮৮তম সিরিজে বাংলাদেশ ও ভারতের পাঁচজন প্রবাসী বিপুল অঙ্কের অর্থ বিজয়ী হয়েছেন। এখানে পুরস্কার হিসেবে প্রত্যেকে ১ মিলিয়ন করে মোট ৫ মিলিয়ন আমিরাতি দিরহাম জিতে নিয়েছেন। লটারিজয়ীদের তালিকায় যেমন রয়েছেন দীর্ঘদিনের আশাবাদী অংশগ্রহণকারী, যারা বছরের পর বছর ধরে প্রতি মাসে টিকিট কিনেছেন, তেমনই আছেন এমন একজন ভাগ্যবান, যিনি প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছেন।
বিজয়ীরা জানিয়েছেন, এই পুরস্কারের অর্থ তাদের জীবনের বড় বড় স্বপ্ন পূরণে সাহায্য করবে। তারা লটারিতে পাওয়া এই অর্থ দিয়ে দেশে থাকা পরিবারকে আর্থিক সহায়তা, ঋণ পরিশোধ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার পরিকল্পনা করেছেন।
আরব আমিরাতের বিগ টিকিট লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম বিজয়ী হওয়া বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ আতিক হাসান। তার টিকিট নম্বর ৩৫৯৬৮৫। বিগ টিকিট লটারির ড্রতে তিনি এক মিলিয়ন দিরহাম বিজয়ী হয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকার বেশি।
অন্যদিকে ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা ও আমিরাত প্রবাসী উপেন্দ্রন সিজু দীর্ঘ প্রায় এক দশক চেষ্টা করার পর অবশেষে এই ১০ লাখ দিরহামের পুরস্কার জিতেছেন। ৪০ বছর বয়সী সিজু একজন অপারেশনস ইন-চার্জ। তিনি গত ২০ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন। বন্ধুদের পরামর্শ ও ওয়েবসাইটের মাধ্যমে প্রথম তিনি বিগ টিকিটের খোঁজ পান। গত ৯ বছর ধরে ২০ জনের একটি দলের সাথে প্রতি মাসে এই লটারিতে অংশ নিচ্ছেন।
পুরস্কার জেতার মুহূর্ত স্মরণ করে সিজু বলেন, ‘লটারি জয়ের ফোন পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও ভীষণ আশ্চর্যে হয়ে গিয়েছিলাম।’ বিগ টিকিটে এটিই তার জীবনের প্রথম জয়। সিজুর পরিবার বর্তমানে ভারতে রয়েছে। পুরস্কারের নিজের অংশ দিয়ে তিনি ব্যক্তিগত ঋণ শোধ করার পরিকল্পনা করেছেন।
আরেক বিজয়ী শিবপ্রসাদ রবীন্দন দীর্ঘ ২৯ বছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন এবং গত ১২ বছর ধরে বিগ টিকিটে অংশ নিচ্ছেন। কেরালার বাসিন্দা ৫০ বছর বয়সী এই তেল ও গ্যাস কোম্পানির সুপারভাইজার ২৭ জনের একটি বড় দলের সাথে প্রতি মাসে লটারির টিকিট কিনতেন। দীর্ঘদিন অপেক্ষার পর রবীন্দন তার প্রথম জয়ের দেখা পেয়েছেন। উচ্ছ্বসিত রবীন্দন বলেন, ‘আমি খুব খুশি। পুরস্কারের টাকা আমাদের দলের সবার মধ্যে ভাগ করে নেওয়া হবে। আমার ভাগে যে অর্থ আসবে, তা দিয়ে আমি দেশের পরিবারকে সাহায্য করব। বিশেষ করে আমার মেয়েকে, যে বর্তমানে কেরালায় পড়াশোনা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের পীরগঞ্জে ঝড়ে উপড়ে পড়া সরকারি একটি মূল্যবান রেইনট্রি গাছ পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে স্থানীয় সাংবাদিকদের তৎপরতা ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে।
পরবর্তীতে উদ্ধার করা গাছের গুঁড়ি উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) রাতে পীরগঞ্জ–মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বড় রেইনট্রি গাছ ঝোড়ো বাতাসে উপড়ে পড়ে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
পরে গাছের গুঁড়ি উপজেলা পরিষদে নেওয়ার পরিকল্পনা থাকলেও সেগুলো কয়েকটি ভ্যানে করে গাইবান্ধার সাদুল্লাপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সময়ে পেশাগত দায়িত্ব পালন শেষে ওই পথ দিয়ে ফেরার সময় কয়েকজন স্থানীয় সাংবাদিক বিষয়টি দেখে সন্দেহ করেন।
তারা অবিলম্বে ভ্যানটির পিছু নেন। পরে মিরপুর এলাকার একটি করাতকলে গাছের গুঁড়ি নেওয়া হলে সাংবাদিকদের উপস্থিতি এবং প্রশ্নের মুখে পড়েন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরে সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানকে জানান। তার নির্দেশনায় গাছের গুঁড়িগুলো উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সরকারি গাছ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ ঘটনায় কারা জড়িত এবং কীভাবে সরকারি গাছটি উপজেলা পরিষদে নেওয়ার পরিবর্তে অন্যত্র নেওয়া হচ্ছিল—সে বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাবিকুন্নাহার মন্তব্য করেছেন যে, বাজারে মাদকের মধ্যে কোনো ভেজাল না থাকলেও নিত্যদিনের খাদ্যদ্রব্যে ভেজাল থাকাটা বড়ই আশ্চর্যজনক। জাতীয় সংসদে খাদ্যমন্ত্রীকে সম্পূরক প্রশ্ন রাখার সময় এই ক্ষোভ ও বিস্ময় তিনি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানতে চান, জনগণ যাতে ভেজালমুক্ত খাবার পেতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিনের বৈঠক। অধিবেশনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সাবিকুন্নাহার ফলের মৌসুমে বাজারে ফরমালিন ও ভেজালের আধিক্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে ফলের মৌসুমে বাজারে প্রচুর ফল থাকা সত্ত্বেও সাধারণ মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে। কোন ফলটি কিনবে, কোনটি ফরমালিনমুক্ত এবং কোনটি স্বাস্থ্যের জন্য উপকারী- তা নির্ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি খাদ্যের মান সংরক্ষণের বিষয়ে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জামায়াত এমপির এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী ভেজালের ভয়াবহতার ব্যাপারে স্বীকার করে একে একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে উল্লেখ করেন। মন্ত্রী জানান, খাদ্যদ্রব্যে ভেজালের কারণে দেশে ক্যান্সার ও কিডনি রোগের মতো মারাত্মক ব্যাধি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গতদিনই মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খাদ্যদ্রব্যকে ভেজালমুক্ত করতে এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার লক্ষ্যে জনপ্রশাসন উপদেষ্টার নেতৃত্বে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
খাদ্যমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে সেই কমিটির প্রথম বৈঠক সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয়ের অধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সম্মিলিতভাবে এই অপতৎপরতা রোধে মাঠে নামবে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা অনুযায়ী খাদ্যদ্রব্য পুরোপুরি ভেজালমুক্ত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার সচেষ্ট রয়েছে। বর্তমান সরকার সব ক্ষেত্রেই জবাবদিহিতা ও সাফল্যের সঙ্গে কাজ করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, খাদ্যে ভেজাল প্রতিরোধের এই লড়াইয়ে সরকার অবশ্যই সফল হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার ডাকাত দলের ‘খবির বাহিনী’র প্রধান খবির মোল্লা (৪৭) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৬। তিনি জেলার দিঘলিয়া থানাধীন জঙ্গুশিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে।
র্যাব ৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গতকাল বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। একই সময়, খুলনার দুর্ধর্ষ ডাকাত ‘খবির বাহিনী’র প্রধান খবির মোল্লাকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময়, আসামির কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষিদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামি খবির মোল্লা একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী। পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা ও নড়াইল জেলার একাধিক থানায় হত্যা, অস্ত্র, ও ডাকাতি মামলাসহ মোট ১৩টি মামলার তথ্য রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামির বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করে উদ্ধার আলামতসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জে গভীর রাতে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার লুটের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে উপজেলা ভরপাশা ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের মধ্য ভরপাশা গ্রামে হালিম হাওলাদারের স্ত্রীর ঘরে সংঘবদ্ধ চোরের দল প্রবেশ করে। গৃহবধূ নাজমা বেগম বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার ব্যবহৃত স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
এসময় আহত নারীর দুই কান ছিরে কানের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় দুই চোর।
৯ জুলাই সকালে চুরির ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে সুমন শরিফ ও জাহিদ শরিফকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা চুরির ঘটনা স্বীকার করেন। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে দুই চোরকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, সুমন শরিফ ও জাহিদ শরিফ মাদক সেবনও ক্রায়-বিক্রয়ের সাথে জড়িত। মাদকের টাকা জোগাড় করতেই তারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। তারা এই এলাকায় বিভিন্ন রকম অপরাধের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত।
আহত গৃহবধূকে রাতেই পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ