ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড


কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

অর্থ লেনদেনকে কেন্দ্র করে কুমিল্লার লাকসাম সাইফুল ইসলাম সোহান হত্যা মামলায় মো. মিজানুর রহমান হাজারী (৬৫) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে, কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর মামলার নথিপত্র পর্যালোচনা করে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. মিজানুর রহমান হাজারী কুমিল্লার লাকসাম উপজেলার চিকুনিয়া দক্ষিণপাড়ার হাজারী বাড়ির মৃত আলী হোসেনের পুত্র। এ সময় তাকে ৩০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

আরও পড়ুন: মাদারীপুরে মহাসড়কে পুলিশের রেকারের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত

কিন্তু আদালত অভিযোগকে সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ও তার ছেলে মেহেদী হাসানকে বেকসুর খালাস দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ এপ্রিল টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে সাইফুল ইসলাম সোহানের সঙ্গে মিজানুর রহমানের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ধারালো দা দিয়ে সোহানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

সোহানকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে, তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কুমিল্লায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর ২০২১ সালের ১৮ মে রাত ১১টার দিকে তিনি মারা যান।

এরপর, এই ঘটনার প্রেক্ষিতে নিহতের বাবা রুহুল আমিন ২০২১ সালের ২৬ এপ্রিল লাকসাম থানায় মিজানুর রহমান হাজারীসহ মোট পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বহু প্রক্রিয়ার বিচার শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত বৃহস্পতিবার এই রায় দিয়েছে।

আরও পড়ুন: লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের নিয়ে জাতীয় টুর্নামেন্টের ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের নিয়ে জাতীয় টুর্নামেন্টের ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে সরকার দ্রুত সময়ের মধ্যে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক একই সঙ্গে জানিয়েছেন আগামী এক মাসের মধ্যে আরও ২০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং দেশের জন্য সম্ভাবনাময় সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। বৃহস্পতি (৬ আগস্ট) সকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্প-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য একটি জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের নীতিগত সম্মতি দিয়েছেন এবং আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী নিজেই সেই প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত থাকবেন। তিনি জানান, ‘যে সন্তানকে অনেক পরিবার লজ্জার কারণে আড়ালে রাখে, সেই সন্তানই একদিন অলিম্পিক, এশিয়ান গেমস বা প্যারা গেমসে বাংলাদেশের জন্য পদক এনে দিতে পারে। তাই তাদের নিয়ে লজ্জা নয়, গর্ব করার সময় এসেছে।’

তিনি আরও জানান, বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদ নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন এবং আগামী এক মাসের মধ্যে আরও ২০০ জনকে এই কর্মসূচির আওতায় এনে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক বা উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী নতুন ক্রীড়াবিদদেরও পর্যায়ক্রমে ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করা হবে।

আমিনুল হক জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের শুধু প্রতিযোগিতার আগে নয়, বরং সারা বছর নিয়মিত প্রশিক্ষণের আওতায় রাখতে হবে। তাদের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও জানান, মিরপুর স্টেডিয়াম এলাকায় একটি পূর্ণাঙ্গ স্পোর্টস হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।

প্রতিমন্ত্রী জানান, রাজধানীকেন্দ্রিক কার্যক্রমের বাইরে দেশে ৬৪ জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাদের নিয়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করা হবে। এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ নামে জাতীয় পর্যায়ের একটি প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমাদের একটাই প্রত্যাশা—আপনারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য পদক এনে দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

‎ ‎​ সুনামগঞ্জ প্রতিনিধি :: মোহাম্মদ নূর

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জের দিরাই থানার পুলিশ একটি বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ০৬ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ২:১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার পুলিশের একটি বিশেষ দল দিরাই বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন এসআই ইসমাইল, এএসআই দিবস, এএসআই মোতালেব এবং তাদের সঙ্গে অন্যান্য ফোর্স।

অভিযানকালে পুলিশের সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে দুটি নীল রঙের প্যাকেটে রাখা মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো:

১. ফুল মিয়া (৫০), পিতা- মৃত শুকুর আলী, সাং- শ্যামারচর বাজার, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ।

২. আক্তার হোসেন (৪৫), পিতা- ওয়ারিছ আলী, সাং- আটগাঁও, থানা- শাল্লা, জেলা- সুনামগঞ্জ।

উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদেরকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় প্রেরণ করা হবে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। মাদক নির্মূলে দিরাই থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্য থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


যুক্তরাজ্য থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করছে ভারত

ব্রিটিশ জাদুঘরে থাকা মধ্যপ্রদেশের ধার জেলার ঐতিহাসিক বাগদেবীর মূর্তি ভারতে ফেরানোর উদ্যোগ এখন নতুন গতি পেয়েছে। এতদিন বিষয়টি মূলত আদালত ও স্থানীয় বিরোধের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন এটি আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে।

ভারত সরকার আশা করছে, ভোপালে অনুষ্ঠিত ব্রিকস সংস্কৃতি কর্মদল ও সংস্কৃতিমন্ত্রীদের বৈঠকে সাংস্কৃতিক ঐতিহ্য ফেরত আনার বিষয়টি গুরুত্ব পাবে। সেই আলোচনায় ব্রিটিশ জাদুঘরে থাকা বাগদেবীর মূর্তি ফিরিয়ে আনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। চার দিনের এই বৈঠকে ঔপনিবেশিক আমলে চুরি, পাচার বা বিদেশে নিয়ে যাওয়া মূর্তি, ভাস্কর্য ও অন্যান্য প্রাচীন নিদর্শন নিজ নিজ দেশে ফিরিয়ে আনতে ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা অর্জনের ওপর জোর দেওয়া হবে। তবে মধ্যপ্রদেশের মানুষের কাছে এটি শুধুমাত্র একটি কূটনৈতিক উদ্যোগ নয়, এটি আবেগেরও বিষয়।

বহু বছর ধরে তাদের দাবি, ধারের ভোজশালা চত্বরের সঙ্গে সম্পর্কিত বাগদেবীর মূর্তিটি ব্রিটিশ জাদুঘর থেকে ভারতে ফিরিয়ে আনা হোক। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগারওয়াল জানান, মধ্যপ্রদেশ সরকারের অনুরোধ পাওয়ার পর থেকেই কেন্দ্র সরকার এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে।

তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পরই মধ্যপ্রদেশ সরকার বাগদেবীর মূর্তি ফিরিয়ে আনার আবেদন জানায়। এরপর থেকে ভারত সরকার কূটনৈতিক পর্যায়ে এবং ব্রিটিশ জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছে।

তিনি আরো বলেন, যুক্তরাজ্যে ভারতের কূটনৈতিক মিশনের মাধ্যমে একাধিকবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। গত ১৫ মে মধ্যপ্রদেশ হাইকোর্ট ভোজশালা-কামাল মৌলা চত্বর নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দেন। রায়ে আদালত বিরোধপূর্ণ ওই স্থানকে দেবী সরস্বতী বা বাগদেবীর মন্দির হিসেবে ঘোষণা করেন। সেইসাথে ২০০৩ সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) সেই ব্যবস্থা বাতিল করেন, যা মুসলিমদের সেখানে শুক্রবারের নামাজ পড়ার অনুমতি দিয়েছিল। তাছাড়া আদালত সরকারকে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফিরিয়ে আনার আবেদনগুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

সাদা মার্বেলে তৈরি বাগদেবীর এই মূর্তিটি পরমার যুগের বলে মনে করা হয়। মূর্তির গায়ে থাকা একটি শিলালিপিতে একাদশ শতকের ধারের সঙ্গে এর সম্পর্কের উল্লেখ রয়েছে। মূর্তিটির উচ্চতা প্রায় ১ দশমিক ২৮ মিটার এবং ওজন প্রায় ২৫০ কিলোগ্রাম। ব্রিটিশ জাদুঘরের তথ্য অনুযায়ী, মেজর জেনারেল উইলিয়াম কিনকেইডের কাছ থেকে এটি সংগ্রহ করা হয়েছিল। পরে ১৯০৯ সালে এটি আনুষ্ঠানিকভাবে জাদুঘরের সংগ্রহে যুক্ত হয়।

৫ ও ৬ আগস্ট ভোপালে ব্রিকস সংস্কৃতি কর্মদলের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এরপর ৬ ও ৭ আগস্ট হবে ব্রিকস সাংস্কৃতিক উৎসব এবং ৭ ও ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ব্রিকসভুক্ত দেশগুলোর সংস্কৃতিমন্ত্রীদের বৈঠক। ব্রিকসের ১১টি পূর্ণ সদস্য দেশের মধ্যে ১০টি দেশের মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। শুধু সৌদি আরব এতে অংশ নিচ্ছে না। ভারত এই বৈঠকে বিদেশে থাকা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য দেশে ফিরিয়ে আনার অভিজ্ঞতা ও সাফল্যের কথাও তুলে ধরবে। ভারত সরকারের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে বিদেশ থেকে ৬৫৩টি প্রাচীন নিদর্শন দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে উদ্ধার করা হয়েছিল মাত্র ১৩টি নিদর্শন। অর্থাৎ বর্তমানে ফেরত আনা মোট প্রাচীন নিদর্শনের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬টি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকেও চোল ও বিজয়নগর যুগের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রোঞ্জের ভাস্কর্য ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দ্বাদশ শতকের সোমাস্কন্দ মূর্তি এবং ষোড়শ শতকের সন্ত সুন্দরার ও পারাবাইয়ের মূর্তি। তাছাড়া চোল যুগের বিখ্যাত শিব নটরাজ মূর্তিটিও যুক্তরাষ্ট্রে প্রদর্শনী শেষ হলে ভারতে ফিরিয়ে আনা হবে। অন্যদিকে অস্ট্রেলিয়াও তামিলনাড়ুর তিনটি প্রাচীন নিদর্শন ফেরত দিতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে একটি পাথরের নন্দী, ভদ্রকালীর প্রতিকৃতি খোদাই করা একটি ধাতব ত্রিশূল এবং ছয় মাথাবিশিষ্ট একটি পাথরের কার্তিকেয় মূর্তি। ভারত সরকার বলছে, বিদেশে থাকা দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন ফিরিয়ে আনার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সেই লক্ষ্যেই ব্রিকসের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিষয়টি আরো জোরালোভাবে তুলে ধরা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নেত্রকোণা, ৬ আগস্ট, ২০২৬: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ৫শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি আজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এবং বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে বৃক্ষরোপণ করে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আনোয়ারুল হক এমপি বলেন, ‘গাছ আমাদের অক্সিজেন, ছায়া ও জীবনের নিরাপত্তা দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

তিনি শিক্ষার্থীদের মাঝে শৈশব থেকেই গাছ লাগানো ও নিয়মিত পরিচর্যার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এবং বাপার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাড. নুরুজ্জামান নুরু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুশফিকুর রহমান খান ও বাপা নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ছোটন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কে আর খান পাঠান সাহের, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ এস এম মুসা, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু ও সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, তারেক জিয়া পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি মীর্জা আজিজুর রহমান হাবলু এবং জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%