১২:০০ পি.এম
খামেনির জানাজা ও দাফনে মানুষের ব্যাপক অংশগ্রহণ সন্ত্রাস, সহিংসতা ও শক্তি প্রদর্শনের রাজনীতির বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
তিনি বলেন, একই সঙ্গে এটি প্রমাণ করবে যে, ইরানের জনগণ দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় বিশেষভাবে উল্লেখ করেছেন যে, বিশাল জনসমাগম বিশ্বকে জানিয়ে দেবে যে ইরানের জনগণ কোনো চাপ বা হুমকিতে ভীত নয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০
পেজেশকিয়ান আরো বলেন, ‘কোনো ঘটনাই এই জাতির দৃঢ় মনোবল ভাঙতে পারবে না। আমরা একটি সমৃদ্ধ, স্বাধীন, শক্তিশালী ও গর্বিত ইরান গড়ে তুলব।’
তিনি বিশ্বাস করেন যে ইরানের জনগণ ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রমাণ করবে যে তারা নেতার আদর্শ ও পথের প্রতি অনুগত।
তিনি বলেন, ‘আমার বিশ্বাস, শোকাহত হলেও আশা ও দৃঢ় সংকল্প নিয়ে ইরানের জনগণ দেখিয়ে দেবে, যে পতাকার জন্য এই মহান নেতা সারা জীবন সংগ্রাম করেছেন, সেই পতাকা কখনো মাটিতে পড়বে না।’
প্রেসিডেন্ট আরও বলেন, খামেনির মৃত্যু শুধু ইরানের জনগণের জন্য নয়, মুসলিম বিশ্ব এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মধ্যেও গভীর শোকের সৃষ্টি করেছে। কিন্তু এই ঘটনায় এটাও প্রমাণিত হয়েছে যে ইরানের ইসলামি রাষ্ট্রব্যবস্থা জনগণের বিশ্বাস, আদর্শ ও দৃঢ় ইচ্ছাশক্তির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে।
আরও পড়ুন: কাতারের নতুন প্রস্তাব ইরানকে, যুদ্ধ বন্ধের চেষ্টা
তিনি উল্লেখ করেন, ‘এই শাহাদাত কোনো পথের শেষ নয়; বরং এটি জাতীয় ঐক্য, দৃঢ়তা ও অগ্রগতির একটি নতুন অধ্যায়ের শুরু। ইরানের জনগণ অতীতেও কঠিন পরীক্ষার পর আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে, এবারও তাই হবে।’
তিনি বলেন, খামেনির ভূমিকা দেশের স্বাধীনতা রক্ষায়, ধর্মভিত্তিক গণতন্ত্র এবং প্রতিরোধনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।
তার মতে, খামেনির নাম, চিন্তাধারা ও অবদান ইরানের ইতিহাস এবং বিশ্বের স্বাধীনচেতা মানুষের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে।
তিনি আরো বলেন, ‘আজ ইরানের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার মূল শক্তি হলো জাতীয় ঐক্য, জনগণের সচেতন অংশগ্রহণ এবং বড় শক্তিগুলোর অতিরিক্ত চাপ ও দাবির বিরুদ্ধে প্রতিরোধ।’
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
সবশেষে তিনি জাতি, ধর্ম বা রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত ইরানিকে জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান, যাতে বিশ্ব আবারও ইরানের জাতীয় ঐক্য দেখতে পায়।
সূত্র: প্রেস টিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন